আমিরের চোখে টি টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের নিষেধাজ্ঞা উঠে যাবে এ বছরের ২ সেপ্টেম্বর। মোহাম্মদ আমিরের চোখ তাই এখন আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ‘ভারতে অনুষ্ঠেয় আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে ফিরতে চাই আমি’—বলেছেন এই ফাস্ট বোলার।
২০১০ সালে ইংল্যান্ড সফরে সাবেক অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমিরের পাঁচ বছরের নিষেধাজ্ঞা সে কারণেই। তবে পিসিবির অনুরোধে গত জানুয়ারিতে তাঁকে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেয় আইসিসি।
ফয়সালাবাদের সুপার এইট টি-টোয়েন্টি কাপে কালকের ম্যাচের পারফরম্যান্সই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আত্মবিশ্বাস দিচ্ছে ২৩ বছর বয়সী আমিরকে। রাওয়ালপিন্ডি র্যা মসের হয়ে অ্যাবোটাবাদ ফ্যালকনের বিপক্ষে ২.১ ওভার বোলিং করে ১৫ রানে পেয়েছেন ২ উইকেট। খেলা শেষে আমিরের কথায় প্রকাশ পাচ্ছিল ভালো বোলিংয়ের তৃপ্তি, ‘ম্যাচে বোলিংটা খুব উপভোগ করেছি। শুরুতেই উইকেট পেয়ে যাওয়াটা ছিল দারুণ।’ নিজের প্রথম বলটা ওয়াইড দিলেও পরের বলেই স্টাম্প ভেঙেছেন। দ্বিতীয় উইকেটটিও বোল্ড করে।
আমির গত মাসে খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেট থেকে এক ধাপ নিচের প্যাট্রন্স ট্রফিতেও। ২২ উইকেট নিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার শুরুটা সেখান থেকেই। এএফপি।