আমিরের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আমির
মোহাম্মদ আমির

হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কেউই চায় না। মোহাম্মদ আমিরও নিশ্চয়ই ভুলে যেতে চাইছিলেন তাঁর অতীতের ‘কীর্তি’। বল হাতে নতুন শুরুটাই তাঁর চাওয়া। কিন্তু পাপের পুরোনো দাগ যে সহজেই মুছে যাওয়ার নয়!
গত পরশু কায়দে আজম ট্রফির বাছাইপর্বের ম্যাচে সুই সাউদার্ন গ্যাসের হয়ে পিআইএর বিপক্ষে খেলছিলেন আমির। পিআইএ ব্যাটসম্যান ফয়সাল ইকবালসহ আরও কয়েকজনকে স্লেজিং করতে গিয়েছিলেন। একপর্যায়ে ফয়সাল আমিরকে স্পট ফিক্সিংয়ের কথা মনে করিয়ে দিয়ে তাঁকে ‘চোর’ বলে গালি দেন। তবে এমন খোঁচা খেয়েও দমে যাননি আমির, মামা জাভেদ মিয়াঁদাদের প্রভাব কাজে না লাগিয়ে নিজের যোগ্যতায় ক্রিকেট খেলার ‘পরামর্শ’ দেন ফয়সালকে।
এ ঘটনায় আমিরকে ম্যাচ ফির ১৫০% জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফয়সাল ইকবালকে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে শুধু সতর্ক করে। নিষেধাজ্ঞা কাটিয়ে সাত মাস আগে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর আমির আছেন দুর্দান্ত ফর্মে। সুই সাউদার্ন গ্যাসের হয়ে খেলে ৪ ম্যাচে ৩৩ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। এনডিটিভি স্পোর্টস।