
রোস্টন চেজ মাঠ ছাড়তেই চাচ্ছিলেন না!
তাঁর দোষ নেই, যেভাবে আউট হয়েছেন তারপর একটু সময় নিতেই পারেন। ইয়াসির শাহর বলটা বুঝেশুনেই তুলে মেরেছেন। মিড অন আর মিড অফের মাঝামাঝি মারা সে শটে আরেকটা চারের অপেক্ষায় ছিলেন চেজ। কিন্তু মিড অফ থেকে ছুটে গেলেন ওয়াহাব রিয়াজ। বল নাগালের বাইরে চলে যাচ্ছে দেখে নিজেকে শূন্যে ভাসিয়ে তালুবন্দী করলেন বল। তবু কাজ হতো না, গতিজড়তার সূত্র মেনে নিজেকে সীমানা পেরিয়ে যেতে দেখেই রিয়াজ শরীর ঘুরিয়ে ‘হার্ড ব্রেক’ করেছেন, আউট!
পরের বলেই আউট চেজের সঙ্গে ১১৮ রানের জুটি গড়া শেন ডাওরিচ। ইয়াসিরের লেগ স্পিন আরেকটু বেশি হবে ভেবে বোল্ড ডাওরিচ (১৮৯/৭)। আরও একবার শঙ্কা জাগল ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিংরুমে। প্রথম দিনেই ব্যাটিংয়ে নামার তোড়জোড় দেখা গেল আজহার আলী ও আহমেদ শেহজাদের মধ্যে। তবে জেসন হোল্ডার ও দেবেন্দ্র বিশু চাপকে জয় করে কাটিয়ে দিয়েছেন দিনটা। প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৪৪ রান স্বাগতিক দলের।
শুরুটা বিবেচনা করলে এটিকেই বেশ বড় স্কোর মনে হয়। তবে চেজের চাওয়া আরেকটু বেশি, ‘আমার সব সময়ই মনে হয় প্রথম ইনিংসে ৪৫০-৫০০ ভালো স্কোর। তবে যেহেতু শুরুটা ভালো হয়নি, সাড়ে তিন শ করতে পারলে ভালো প্রত্যাবর্তন বলা যাবে। আশা করি, অধিনায়ক ও অন্যরা আমাদের ভালো অবস্থানে নিতে পারবে।’
তবে মোহাম্মদ আমির সে সুযোগ দেবেন কি না, সেটাও দেখার বিষয়। ক্যারিবীয় ইনিংসের শুরুটা অমন ধ্বংসস্তূপের চেহারা নেয় তো এই বাঁহাতি পেসারের কারণেই। অভিষিক্ত শিমরন হেটমায়ারকে দারুণ এক ইনসুইঙ্গারে বোল্ড করে শুরু, প্রতিরোধের চেষ্টা করা কাইরন পাওয়েলকে বানিয়েছেন নিজের তৃতীয় শিকার। মাঝখানে শাই হোপকেও বোল্ড করেছেন। তবে শুরুটা করেছিলেন মোহাম্মদ আব্বাস। ২৭ বছর বয়সী এই পেসার অভিষেকে নিজের দ্বিতীয় বলেই ক্যাচ দিতে বাধ্য করেছেন ক্রেইগ ব্রাফেটকে। তবে পাকিস্তানের পঞ্চম বোলারের অনুপস্থিতির সদ্ব্যবহার করে ম্যাচে ফিরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। সূত্র: ইএসপিএন-ক্রিকইনফো।
সর্বশেষ
প্রথম দিনে আলোকস্বল্পতায় খেলা শেষ হয়েছে ৯ ওভার বাকি থাকতে। আর দ্বিতীয় দিনের খেলায় বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। আগের রাতের বৃষ্টিতে উইকেট খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় কাল স্যাবাইনা পার্কে প্রথম সেশনে একটা বলও গড়ায়নি। রাত একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় সেশনে আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছিল।