আমিরের পাশে গ্রান্ট ফ্লাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে আমিরের বোলিং দেখছেন গ্রান্ট ফ্লাওয়ার
অনুশীলনে আমিরের বোলিং দেখছেন গ্রান্ট ফ্লাওয়ার

ইংল্যান্ড সফর মোহাম্মদ আমিরের জন্য খুব একটা স্বস্তির হবে না বলেই ধারণা অনেকের। ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক ও সাবেক অফ স্পিনার গ্রায়েম সোয়ান তো সরাসরিই বলে দিয়েছেন, লর্ডস টেস্টে দর্শকদের বিদ্রূপ-গালাগালের শিকার হতে পারেন পাকিস্তানের এই পেসার। তবে আমির পাশে পাচ্ছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বর্তমানে পাকিস্তানের ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ারকে।
বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্ট। ২০১০ সালে এই লর্ডসেই স্পট ফিক্সিং বিতর্কে জড়ান আমির। অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও দুই পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে সাজা ভোগ করতে হয়েছে তাঁকে। ভাগ্যের কী খেলা! সাজা শেষে প্রায় ছয় বছর পর প্রথম টেস্টটা আমির খেলতে নামছেন সেই লর্ডসেই, প্রতিপক্ষও সেই ইংল্যান্ড।
পেশাদার ক্রিকেটার হলেও এ রকম সময়ে স্নায়ুচাপে ভুগতেই পারেন আমির। তবে ফ্লাওয়ারের কথা শুনলে সেই চাপ থেকে কিছুটা হলেও মুক্ত হতে পারবেন তিনি। অন্যদের মতো ফ্লাওয়ারও মনে করেন, ‘দর্শকদের গালাগাল হয়তো কিছুটা শুনতে হবে তাকে...।’ স্পট ফিক্সিংয়ের অপরাধ যেহেতু করেছেনই, দর্শকদের এমন আচরণের মুখোমুখি আমিরকে হতে হবে বলেই ধরে নিচ্ছেন কোচ। তবে ফ্লাওয়ারের এটাও বিশ্বাস, আমির পরিস্থিতিটা ভালোভাবেই সামলে নেবেন, ‘অনেক পরিণত মনে হচ্ছে তাঁকে। অনেক চিন্তাভাবনা করে কথা বলে। আমার মনে হয়, ও ঠিক থাকবে।’