আমিরের ফেরার ম্যাচে নায়ক আফ্রিদি

পাঁচ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ম্যাচ। ৪ ওভারে ৩১ রানে ১ উইকেট, এমন কিছু নয়। তবে মোহাম্মদ আমির মাঠ ছাড়তে পারলেন হাসিমুখেই। নিউজিল্যান্ড সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান যে ১৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। আমিরের ফেরার ম্যাচে নায়ক অবশ্য আফ্রিদিই। ৮ বলে ২৩ রান করার পর ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন পাকিস্তান অধিনায়ক।
আমিরের হাসিটা হতে পারত আরও চওড়া। দু-দুবার ক্যাচ পড়েছে তাঁর বলে। শেষ পর্যন্ত নিজের শেষ আর ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে উইকেট না পেলে খালি হাতে ফিরতে হতো। ভাগ্যিস, কভারে ক্যাচটা নিতে পেরেছেন শহীদ আফ্রিদি।
এই আফ্রিদি ক্যাচ ফেলায় শুরুতেই উইকেটবঞ্চিত হয়েছেন আমির। শেষ পর্যন্ত সেই আফ্রিদি নিলেন তিনটি ক্যাচ। তার আগে ব্যাটে ঝড় তুলেও পাকিস্তানকে ১৭১ রানে তুলতে বড় ভূমিকা রেখেছেন। মাত্র ১ উইকেটে ৮৯ রান তুলে অনায়াসে সেই বড় লক্ষ্যের দিকে ছুটতে থাকা নিউজিল্যান্ডকে বড় ধাক্কাও দিয়েছেন এক ওভারে গ্র্যান্ট এলিয়ট ও লুক রনকিকে ফিরিয়ে দিয়ে।
একপাশে আগলে রেখে ৬০ বলে ৭০ করেও সুবিধা করতে পারেননি কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বৃথা গেছে মানরোর ২৭ বলে ২ চার ও ৬ ছক্কায় খেলা ৫৬ রানের ইনিংসটিও। দশম ওভারে মানরোর আউট থেকেই নিউজিল্যান্ডের পথ হারানোর শুরু। পরের ১০ ওভারে ৬৬ রান যোগ করে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড।
ব্যাট হাতে পাকিস্তানের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ হাফিজ। ৪৭ বলে ৮ চার ও ২ ছক্কায় করেছেন ৬১। উমর আকমল করেছেন ১৪ বলে ২৪। ইমাদ ওয়াসিমের ৯ বলে ১৮ রানের ইনিংসটিরও বড় ভূমিকা আছে। এই বাঁহাতি স্পিনার অবশ্য আসল কাজ করেছেন ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়ে।
তবে এতজনের ভিড়ে নায়ক কিন্তু সেই ‘বুড়ো’ আফ্রিদিই! ক্রিকইনফো।