আমিরের ফেরার ম্যাচে নায়ক আফ্রিদিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিদির জবাব দেওয়ার ম্যাচ! ছবি: এএফপি
আফ্রিদির জবাব দেওয়ার ম্যাচ! ছবি: এএফপি

৪ ওভার বোলিং করেছেন। ৩১ রানে ১ উইকেট। কেমন হলো পাঁচ বছর পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আমিরের ফেরা? আমির দিন শেষে হাসিমুখেই মাঠ ছাড়লেন। হাসিটা আরও চওড়া হতেই পারত। দুই দুবার ক্যাচ পড়েছে তাঁর বলে। শেষ পর্যন্ত নিজের শেষ আর ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে উইকেট না পেলে খালি হাতে ফিরতে হতো। ভাগ্যিস কাভারে ক্যাচটা নিয়েছেন শহীদ আফ্রিদি।

এই আফ্রিদির কারণেই শুরুতেই উইকেট থেকে বঞ্চিত হয়েছেন আমির। শেষ পর্যন্ত সেই আফ্রিদি নিলেন তিনটি ক্যাচ। এর আগে ব্যাট হাতে মাত্র ৮ বলে দুটি করে চার-ছক্কায় ২৩ করে পাকিস্তানের স্কোরটাকে ১৭১ রানে নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছেন। মাত্র ১ উইকেটে ৮৯ রান তুলে অনায়াসে সেই বড় লক্ষ্যের দিকে ছুটতে থাকা নিউজিল্যান্ডকে বড় ধাক্কাও দিয়েছেন এক ওভারে গ্র্যান্ট এলিয়ট ও লুক রনকিকে ফিরিয়ে দিয়ে।

সিরিজ শুরুর মাত্র কদিন আগে তাঁর অধিনায়কত্ব নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠার পর কম ঝামেলা হয়নি। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে আফ্রিদিময় ম্যাচ বানিয়ে অকল্যান্ডে ১৬ রানের জয় দিয়ে শুরু করে যেন তারই জবাব দিলেন। ইনিংসের শেষ বলে অলআউট হওয়া নিউজিল্যান্ড করতে পেরেছে ১৫৫।

আবার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের স্বাদ পেলেন আ​মির। ছবি: এএফপি
আবার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের স্বাদ পেলেন আ​মির। ছবি: এএফপি



ম্যাচের অন্যতম নায়ক আমিরও হতে পারতেন। নামের পাশে তিনটি উইকেট ​যদি থাকত। বল হাতে সেরা অবশ্য ওয়াহাব রিয়াজ। ৩৪ রানে নিয়েছেন ৩ উইকেট। ৩৮ রানে ২ উ​ইকেট নিয়েছেন উমর গুলও। কলিন মানরোর আরও একটি ঝড়ে পাকিস্তান যখন দিশেহারা, সেই সময়ই ম্যাচে দারুণভাবে দলকে ফিরিয়ে এনেছে বোলাররা। ১০ থেকে ১৫ ওভারে টানা ৫ উইকেট হারিয়ে শুরুর গতিটাও হারিয়েছে নিউজিল্যান্ড। এর মধ্যে আছে আফ্রিদির জোড়া শিকারের সেই ১৪তম ওভারও। ওটাই শেষ পর্যন্ত ম্যাচ থেকে ছিটকে দেয় ​স্বাগতিকদের।

এক পাশে আগলে রেখে ৬০ বলে ৭০ করেও সুবিধা করতে পারেননি কিউ​ই অধিনায়ক কেন উইলিয়ামসন। বৃথা গেছে মানরোর ২৭ বলে ২ চার ও ৬ ছক্কায় খেলা ৫৬ রানের ইনিংসটিও। দশম ওভারে মানরোর আউট থেকেই নিউজিল্যান্ডের পথ হারানোর শুরু। রানটা একটু বেশি দিয়ে ফেললেও মানরোকে বোল্ড করায় লেটার নম্বরই তাই দিতে হচ্ছে ওয়াহাব রিয়াজকে।

বহুল আলোচিত সেই লর্ডস টেস্টে একমাত্র ইনিংস ৬ উইকেট নিয়েছিলেন আমির। এর মধ্যে গ্রায়েম সোয়ান ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ শিকার। আজ আরও একটি আন্তর্জাতিক উইকেটের স্বাদ পেলেন ম্যাক হেনরিকে শিকার করে। এর মধ্যে আমিরের জীবনটা যেন সিনেমার কোনো গল্প। জাতীয় দলে ফেরা নিয়েও কত বাধা। এর মধ্যে ​রীতিমতো ‘বিদ্রোহ’ ঘোষণা করা মোহাম্মদ হাফিজ আজ ব্যাট হাতে ছিলেন নায়ক। ৪৭ বলে আটটি চার ও দুই ছক্কায় করেছেন ৬১। এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে বেঁচে যাওয়া উমর আকমল করেছেন ১৪ বলে ২৪। ইমাদ ওয়াসিমের ৯ বলে ১৮ রানের ইনিংসটিও বড় ভূমিকা রেখেছে। এই বাঁ হাতি স্পিনার অবশ্য আসল কাজ করেছেন ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে এক উইকেট নিয়ে।


তবে এতজনের ভিড়ে নায়ক কিন্তু সেই ‘বুড়ো’ আফ্রিদিই!

ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে মোবাইল থেকে C লিখে পাঠিয়ে দিন 2221 নম্বরে