আমিরের ভিসার ভাগ্য ইংল্যান্ডের হাতে

পাকিস্তান ক্রিকেট দলের আসছে ইংল্যান্ড সফরে মোহাম্মদ আমির যেতে পারবেন কি না, এ নিয়ে ধোঁয়াশা বেশ আগে থেকেই। ব্রিটিশ আইনে ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণেই তাঁর ইংল্যান্ডের ভিসা পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য এমন অনিশ্চয়তার মধ্যেই তাঁর ভিসা চেয়ে ব্রিটিশ হাই কমিশন বরাবর আবেদন জমা দিয়েছে। পিসিবি আশাবাদী, জটিলতা থাকলেও পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে ইংল্যান্ড সফরে কোনো সমস্যা হবে না আমিরের।
যুক্তরাজ্যের ভিসা আইন অনুযায়ী, ব্রিটিশ আইনে ফৌজদারি মামলায় এক থেকে চার বছর মেয়াদে সাজাপ্রাপ্ত কোনো বিদেশি নাগরিক যদি যুক্তরাজ্য সফরের জন্য নতুন করে ভিসার আবেদন করেন, তাহলে তিনি পরবর্তী ১০ বছর মেয়াদে ভিসা প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত মোহাম্মদ আমির আবার পাকিস্তান ক্রিকেট দলে ফেরায় তাঁর ইংল্যান্ড সফর নিয়ে তৈরি হয় জটিলতা। ২০১০ সালে তাঁকে ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। একটি ব্রিটিশ আদালতের রায়ে তাঁর জেলও হয়েছিল। ইংল্যান্ডের জেলে ছয় মাস কাটানোর পর মুক্তি মেলে তাঁর।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন, ‘মোহাম্মদ আমিরের ব্যাপারটি বিশেষভাবে বিবেচনার আবেদন করা হয়েছে পিসিবির তরফ থেকে। আশা করা হচ্ছে সে ভিসা পাবে।’ তিনি জানান, ‘পিসিবি ইতিমধ্যেই ব্যাপারটি নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে জানিয়েছে। ব্রিটিশ হাইকমিশনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’
পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর সেপ্টেম্বরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন আমির। বাংলাদেশের টি-টোয়েন্টি লিগ-বিপিএল ও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্মও করেন। এ বছর জানুয়ারিতে মাসে তিনি পাকিস্তান দলে ফেরেন। ঢাকার এশিয়া কাপ, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স নতুন করে তাঁকে পাকিস্তান ক্রিকেট দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছে। সূত্র: এএফপি।