আমিরের সঙ্গে মুক্তি আসিফ-বাটেরও

১ সেপ্টেম্বর। এর পরই মুক্তি মোহাম্মদ আমিরের। শুধু আমির নয়, একই সঙ্গে মুক্তি পাচ্ছেন স্পট-ফিক্সিংয়ের কলঙ্কে জড়ানো পাকিস্তানের অন্য দুই খেলোয়াড় মোহাম্মদ আসিফ ও সালমান বাটেরও। ২ সেপ্টেম্বর থেকে সব ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন এঁরা।
২০১০ সালের লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন এই তিন ক্রিকেটার। অপরাধ প্রমাণিত হওয়ায় আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। আসিফ সাত বছর এবং বাট দশ বছরের জন্য নিষিদ্ধ হন। বয়স বিবেচনায় শেষের দুজনের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল বলেই মনে হচ্ছিল। তবে নতুন করে আশা দেখছেন ৩০ বছর বয়সী বাট ও ৩২ বছর বয়সী আসিফ।
৫ বছরের নিষেধাজ্ঞার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা আমিরকে এ বছরের শুরুতেই ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। বাকি দুজনও পাঁচ বছরের শাস্তি ভোগ করেই ফিরতে পারছেন। আইসিসি এক বিবৃতিতে বলেছে, আইসিসির শৃঙ্খলা কমিটির বেঁধে দেওয়া শর্ত ঠিকঠাকভাবে পালন করায় আমিরের পাশাপাশি আগাম মুক্তি মিলছে বাট ও আসিফেরও, ‘২ সেপ্টেম্বর ২০১৫ থেকে এই দুজনও ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য যোগ্য বিবেচিত হবে। স্বাধীন দুর্নীতি-বিরোধী ট্রাইব্যুনালের বেঁধে দেওয়া শর্ত ঠিকঠাক পূরণ করার জন্য এঁদেরকে এই ছাড় দেওয়া হলো।’
যে ইংল্যান্ডের বিপক্ষে খেলার পরই নিষিদ্ধ হয়েছিলেন, সেই ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি সিরিজের আগে এঁরা মুক্তিও পেলেন। অবশ্য অক্টোবরের ওই সিরিজে এঁদের খেলার সম্ভাবনা তেমন নেই। আমির তবু কিছুদিন ধরে খেলছেন। গত পাঁচ বছরে মাঠে নেমে খেলাই হয়নি বাট ও আসিফের। মাত্র ১৪ টেস্টে ৫১ উইকেট নেওয়া ২৩ বছর বয়সী আমিরের ব্যাপারে পিসিবি ইতিবাচক হলেও বাকি দুজনের ব্যাপারে দেশটির ক্রিকেট বোর্ডের সিংহভাগই এখনো নারাজ। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও বাট-আসিফের আগাম মুক্তির ব্যাপারে দ্বিধান্বিত প্রতিক্রিয়া জানিয়েছেন।
পিসিবির পক্ষ থেকে অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সূত্র: এএফপি।