আমিরের সঙ্গেই আজহার-হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিংয়ে জড়িত মোহাম্মদ আমিরের পাশে একসঙ্গে অনুশীলন করবেন না জানিয়ে ক্যাম্প বর্জন করেছিলেন তাঁরা দুজন। তবে চুক্তিভুক্ত খেলোয়াড় হয়ে বোর্ডের সিদ্ধান্তের বাইরে যাওয়া সম্ভব হলো না পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলী ও অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে আলোচনার পর আবারও জাতীয় দলের ক্যাম্পে ফিরে এসেছেন এই দুই খেলোয়াড়।
আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর উপলক্ষে লাহোরে ফিটনেস ক্যাম্প করছে পাকিস্তান। ক্যাম্পে ডাক পেয়েছেন স্পট ফিক্সিংয়ে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আমির। কিন্তু এতেই আপত্তি ছিল হাফিজ ও আজহারের। প্রতিবাদস্বরূপ ক্যাম্পে যোগ দেননি দুজনই। এ কারণে গত শুক্রবার তাঁদের সঙ্গে আলোচনায় বসেন পিসিবি-প্রধান। এই ‘বিদ্রোহে’র কারণে আজহার ও হাফিজকে জরিমানা আর নিষেধাজ্ঞার হুমকিও নাকি দিয়েছিলেন শাহরিয়ার। এর ফলেই কিনা গতকাল শনিবার ক্যাম্পে দেখা গেল দুজনকেই। ক্রিকইনফো।
এদিকে ভারতীয় একটি ইংরেজি দৈনিক জানিয়েছে, পাকিস্তান দলের ক্যাম্পকে ঘিরে থাকা চলমান বিতর্ক থিতিয়েই গেছে। কাল ক্যাম্পে পাকিস্তান দলের একটি রুদ্ধদ্বার বৈঠকে হাফিজ ও আজহার আমিরের বিষয়ে তাঁদের আপত্তির কথা জানিয়েছেন। এখনই তাড়াহুড়া করে এই বাঁহাতি পেসারকে দলে ফেরানোর বিষয়েও সতর্ক করেছেন টিম ম্যানেজমেন্টকে। আর আমির নাকি দলের সবার কাছে আবারও তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন।