আমিরের সত্যভাষণের ভক্ত আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিরের প্রতি সহানুভূতিশীল আফ্রিদি
আমিরের প্রতি সহানুভূতিশীল আফ্রিদি

যেন একটা চক্রপূরণই করলেন মোহাম্মদ আমির। পাঁচ বছর আগে স্পট ফিক্সিংয়ের কারণে ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন। করেছিলেন কারাভোগ। অপরাধ করে অপরাধের সাজা খেটে তিনি আবারও ফিরেছেন নিজ বলয়ে। চক্রপূরণই তো!

তাঁকে আবার পাকিস্তান দলে ফেরানো হবে কিনা, এ নিয়ে কত আলোচনা, কত বিতর্ক! পাকিস্তানের কয়েকজন সাবেক তো আগাগোড়াই বিরোধিতা করে গেছেন আমিরকে দলে ফেরানোর ব্যাপারে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত নৈপুণ্য দেখানোয় তাঁকে যখন অনুশীলন ক্যাম্পে ডাকা হল, তখন তো রীতিমতো ক্যাম্পই বয়কট করে বসলেন মোহাম্মদ হাফিজ আর আজহার আলী। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলী তো আমিরের কারণে ছেড়ে দিতে চেয়েছিলেন ওয়ানডে দলের অধিনায়কত্বও।

এত কিছুর পরেও আমির ঠিকই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পাকিস্তান দলে জায়গা করে নিয়েছেন। আমিরের এই ‘ফেরা’কে স্বাগত জানাচ্ছেন টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। বলেছেন, সত্যভাষণের জন্যই দ্বিতীয় একটা সুযোগ পেতে পারে ২৩ বছর বয়সী এই বাঁ হাতি পেসার।
আমিরকে পাকিস্তান দলে স্বাগত জানিয়ে করা এই টুইটে আফ্রিদি লিখেছেন, ‘আমাদের এখন সামনে এগিয়ে যাওয়া উচিত। আমিরকে অনুপ্রাণিত করা উচিত এবং প্রত্যাশা করা উচিত আমির যেন পাকিস্তান ক্রিকেটের সেবায় নিজেকে পুরোপুরি উৎসর্গ করে। সে যেন এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ থাকে।’

আমিরকে দলে পেয়ে নিজের খুশির অভিব্যক্তি বর্ণনা করেছেন আফ্রিদি, ‘আমিরকে দলে ফিরতে দেখে খুব ভালো লাগছে। নিজের দোষ স্বীকার করে আমিরের সত্যভাষণও আফ্রিদিকে করেছে অনেকটাই ‘সহানুভূতিশীল’, ‘আমিরের সঙ্গে আমার একবার ইংল্যান্ডে দেখা হয়েছিল। তখন আমি তাঁকে স্পট জিজ্ঞেস করেছিলাম, সে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিল কিনা, আমির সেখানে অকপটেই আমার কাছে তাঁর সব দোষ স্বীকার করেছিল। যেহেতু আমির নিজের দোষ স্বীকার করেছিল, তাই দ্বিতীয় সুযোগ সে পেতেই পারে।’

আমিরকে পাকিস্তান দলে স্বাগত জানালেও পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের আমির-বিরোধী অবস্থানকে শ্রদ্ধার চোখেই দেখেন আফ্রিদি। তিনি শ্রদ্ধার চোখে দেখেন মোহাম্মদ হাফিজ ও আজহার আলীর ‘ক্যাম্প বয়কটের’ বিষয়টিও। ব্যাপারটার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘আমি হাফিজ আর আজহারের ভাবনাকে শ্রদ্ধা করি। এই স্পট ফিক্সিং কেলেঙ্কারি পাকিস্তান ক্রিকেটকে অনেক ভুগিয়েছে। আমাদের মান-সম্মান প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। আমরা ইমেজ সংকটে ভুগেছি। কিন্তু আমির যেহেতু পাকিস্তানের আদালত, জনগণ সবার সামনেই নিজের দোষ স্বীকার করেছে। তাই তাঁকে আরও একটি সুযোগ দেওয়া যেতেই পারে। আমির তো সত্য কথা বলেছে, অন্য দুজন (আসিফ-বাট) তো ঘটনার দুই-তিন বছর পরেও মিথ্যা কথা বলে গেছে।’ সূত্র: এনডিটিভি।