আমিরের 'নতুন জীবন' দেখছেন মিসবাহ

এই লর্ডসেই ছয় বছর আগে স্পট ফিক্সিং কেলেঙ্কারি নাড়িয়ে দিয়েছিল ক্রিকেট-বিশ্বকে। পুরো ক্রিকেট-বিশ্বের সামনে লজ্জায় ফেলেছিল পাকিস্তানকে। সেই মাঠে আবারও ফিরল পাকিস্তান, লজ্জা পেছনে ফেলে এবার ৭৫ রানের দুর্দান্ত জয় ইংল্যান্ডের বিপক্ষে। যেটিকে অধিনায়ক হিসেবে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা জয় বলেই মনে করেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক।
ওই টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ইচ্ছাকৃতভাবে নো-বল করে যিনি ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়ে ছিলেন পাঁচ বছর, কাকতালীয়ভাবে সেই মোহাম্মদ আমিরের হাতেই শেষ হয়েছে এবারের টেস্টটা। জ্যাক বলকে বোল্ড করে মুড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। সব মিলিয়ে ছয় বছর আগের সেই লজ্জাকর পরিস্থিতি থেকে পাকিস্তান অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছে বলেই মনে করেন মিসবাহ।
জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ২৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিনে ইংলিশরা অলআউট হয়ে গেছে ২০৭ রানে। মিসবাহ ইতিহাস গড়া সেঞ্চুরি করেছেন, লর্ডসে নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ। সব মিলিয়ে ইংল্যান্ডের মাটিতে প্রত্যাবর্তনের শুরুটা দারুণ হলো পাকিস্তানের। ম্যাচ শেষে তাই উচ্ছ্বসিত মিসবাহ, ‘এটা হয়তো অধিনায়ক হিসেবে আমার ক্যারিয়ারের সেরা জয়ের মধ্যেই থাকবে।’
পুরস্কার বিতরণী মঞ্চেই উপস্থাপক মাইক আথারটন মিসবাহকে মনে করিয়ে দিয়েছেন ছয় বছর আগের সেই দিনটার কথা। সরাসরিই জিজ্ঞেস করেছেন, সেই লজ্জা থেকে এবারের এই জয় পর্যন্ত আসার অনুভূতি। প্রসঙ্গটা এড়িয়ে না গিয়ে মিসবাহ বলেছেন, ‘২০১০ কাণ্ডের পর এই ঘুরে দাঁড়ানোটা অসাধারণ। খেলোয়াড়েরা খেলাটির প্রতি অনেক সম্মান দেখিয়েছে। এই ছয় বছর তারা লড়াই করেছে, ম্যাচ জিতেছে, আমরা টেস্টের তিন নম্বর দল হয়েছি। তারা সত্যিকারের দায়িত্ববোধের পরিচয় দিয়েছে।’
এই টেস্টের আগে সব আলোচনাই ঘুরছিল মোহাম্মদ আমিরকে কেন্দ্র করে। টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পাকিস্তানি ফাস্ট বোলার। ম্যাচটাও শেষ হয়েছে তাঁর হাতেই। সব মিলিয়ে ফেরাটা মন্দ হয়নি। মিসবাহরও আশা, পেছনের দুঃসহ স্মৃতি ভুলে আমির নতুন করে সবকিছু শুরু করতে পারবেন। শুভ কামনা জানিয়ে বলেছেন, ‘এটা ওর জন্য একটা বিশেষ মুহূর্ত। এখান থেকে নতুন জীবনের শুরু হতে পারে। সে সৌভাগ্যবান যে আরেকটা সুযোগ পেয়েছে, এখান থেকে সে আবার নিজের ক্যারিয়ার শুরু করতে পারে। আশা করছি, সে এভাবে পারফর্ম করে যাবে। সবার কাছে প্রমাণ করবে, সে ভালো ক্রিকেটার এবং এখন একজন ভালো মানুষও।’
আমিরের কাছে অধিনায়কের আশাটাও বেড়ে গেছে অনেক, ‘সে অবশ্যই আরও ভালো করবে। যেহেতু ছয় বছর আগের ঘটনাটা এই মাঠে, একটা মানসিক বাধা থাকতেই পারে। এখন যেহেতু সেটা শেষ, ও দলের জন্য আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।’ এএফপি।