আমূল বদলে যাচ্ছে ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোতে বেশ কিছু বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে পরশু দুবাইয়ে শেষ হয়েছে আইসিসির সভা। পাশাপাশি তিন সংস্করণের ক্রিকেটকেই আরও আকর্ষণীয় করার জন্য বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। বেশির ভাগ পরিবর্তনের পক্ষেই নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে আরও পরিমার্জনার পর সেগুলো আগামী এপ্রিলে আইসিসির পরবর্তী সভায় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। সেই পরিবর্তনগুলো কেমন, দেখা যাক একনজরে:

দুই স্তরের টেস্ট

তিন ধরনের ক্রিকেটের অবকাঠামো ও সূচিতে বিশাল বদল আনার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। যার মধ্যে আছে দুই স্তরের টেস্ট ক্রিকেট, দুই বছর মেয়াদি টেস্ট লিগ, ১৩ দলের ওয়ানডে লিগ, আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। প্রস্তাব অনুযায়ী, টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা নয়টি দল দুই বছর মেয়াদি লিগ খেলবে নিজেদের মধ্যে। এ ছাড়া র‌্যাঙ্কিংয়ের নিচের তিনটি দলও সুযোগ পাবে বাকি দলগুলোর সঙ্গে টেস্ট ম্যাচ খেলার। সে ক্ষেত্রে এই মুহূর্তে টেস্ট র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট মর্যাদাপ্রাপ্তি সাপেক্ষে আয়ারল্যান্ড ও আফগানিস্তান টেস্ট খেলার সুযোগ পেতে পারে।

ওয়ানডে লিগ

১৩টি দল নিয়ে তিন বছর মেয়াদি একটি ওয়ানডে লিগ আয়োজনে সম্মত হয়েছে প্রধান নির্বাহীদের কমিটি। যে ওয়ানডে লিগের পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হবে ২০২৩ বিশ্বকাপে খেলার যোগ্যতা। আঞ্চলিকভাবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট করার কথা ভাবা হচ্ছে। এই টুর্নামেন্টগুলো নির্ধারণ করবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতাও।

সুষম আর্থিক বণ্টন

‘বিগ-থ্রি’ নীতি বাতিল করে নতুন একটি সুষম অর্থনৈতিক বণ্টনপদ্ধতিতে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আইসিসির সংবিধানে কিছু সংশোধনী এনে তা পাস করা হয়েছে।

ওয়ানডেতে ‘সুপার ওভার’

এ বছর ইংল্যান্ডে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি ও মেয়েদের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুমোদিত হয়েছে। ওয়ানডেতে প্রথমবারের মতো সুপার ওভার দেখা যেতে পারে এ দুটি টুর্নামেন্টে। তবে শুধু সেমিফাইনাল ও ফাইনাল টাই হলেই ‘সুপার ওভার’ পদ্ধতি ব্যবহার করা হবে।

*তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটেই ডিআরএস ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এর বাস্তবায়ন পরিকল্পনা অনুমোদিত হবে আগামী জুনে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএস ব্যবহার করা হবে, তবে প্রতিটি দল রিভিউ নিতে পারবে মাত্র একটি। মেয়েদের বিশ্বকাপেও যে ম্যাচগুলো টেলিভিশনে সম্প্রচার হবে, সেগুলোতে ডিআরএস ব্যবহার করা হবে।

*বাজে উইকেট ও বাজে মাঠের জন্য ডিমেরিট পয়েন্টেরও প্রস্তাব করা হয়েছে। প্রতিটি ডিমেরিট পয়েন্ট থাকবে পাঁচ বছরের জন্য। কোনো ভেন্যু পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে সেটি এক বছরের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অধিকার হারাবে। দশ ডিমেরিট পয়েন্ট হলে এই নিষেধাজ্ঞা হবে ২৪ মাসের।

*আফগানিস্তানের আহমেদ শাহ আবদালি আঞ্চলিক চার দিনের ম্যাচের টুর্নামেন্টকে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগও আইসিসির অনুমোদন পাচ্ছে।

আইসিসির একটি চিকিৎসা উপদেষ্টা কমিটি করার সিদ্ধান্ত হয়েছে, যেটি আইসিসিকে ক্রীড়া চিকিৎসা ও ক্রীড়াবিজ্ঞান বিষয়ে পরামর্শ দেবে। ক্রিকইনফো।

আইসিসির দুর্নীতিবিরোধী আইন সংশোধন করে মোবাইল ফোনের তথ্য বের করার অধিকার দেওয়া হচ্ছে আকসুকে।