'আম্পানে'র পর কী করছেন সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড়ে বিধ্বস্ত নিজ বাড়ির আমগাছটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টায় সৌরভ গাঙ্গুলী ও অন্যান্যরা। ছবি: টুইটার
ঝড়ে বিধ্বস্ত নিজ বাড়ির আমগাছটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টায় সৌরভ গাঙ্গুলী ও অন্যান্যরা। ছবি: টুইটার

করোনার মধ্যে ভয়াল থাবা বসিয়েছেন সুপান সাইক্লোন 'আম্পান'। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সমুদ্র উপকূলজুড়ে এই ঘূর্ণিঝড় যে ধ্বংসলীলা চালিয়েছে তা ভয়াবহ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কলকাতা শহর ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। কলকাতা শহরে আম্পানের ভয়াবহতার চিত্র সত্যিই বিমূঢ় করে দিয়েছে সবাইকে। বলা হচ্ছে, গত ২৫০ বছরে নাকি কলকাতা শহর এতটা ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়নি। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিশ্চিত করেই এ সংখ্যা আরও বাড়বে।

কলকাতার বেহালা এলাকায় আবাস ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলীর। 'আম্পান' থেকে রক্ষা পায়নি তাঁর বাড়িও। বিধ্বস্ত হয়েছে বাড়ির একটি বিশাল আমগাছ। গতকাল বৃহস্পতিবার নিজের টুইটারে দুটি ছবি পোস্ট করেন সৌরভ। সেখানে দেখা যাচ্ছে ভেঙে পড়া আম গাছটি দড়ি দিয়ে টেনে তোলার জন্য আপ্রাণ কসরত চালিয়ে যাচ্ছেন সৌরভ । সঙ্গে তাঁর সঙ্গী–সাথীরা। টুইটারে তিনি লিখেছেন, 'আমাদের বাড়ির এই আমগাছকে টেনে তুলে তাঁর জায়গায় স্থাপন করতে হবে। যতটা পারছি শক্তি প্রয়োগ করছি।'

আম্পানে কলকাতায় ক্ষতির মাত্রা কতটা,সেটি এখনো নির্ণয় করা যায়নি। বৃহস্পতিবার সারাদিন সামাজিক যোগাযোগের মাধ্যমে এ শহরের বিভিন্ন দৃশ্য দেখেছে মানুষ। হাওড়া সেতু, বইপাড়া কলেজ স্ট্রিট—ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কিছুই। রাস্তায় রাস্তায় ভেঙে পড়া গাছ। বৈদ্যুতিক তারগুলোও ছড়িয়ে আছে এদিক–ওদিক। নেতাজী সুভাষচন্ত্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে থই থই পানিতে ডুবে আছে রানওয়ে। কলকাতার অনেক এলাকাতেই জলাবদ্ধতা দুর্ভোগ ছড়িয়ছে মানুষের মধ্যে। তবে ঝড়ের পর থেকে অনেক এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে আছে। বন্ধ আছে ইন্টারনেট ও কেবল টেলিভশন–ব্যবস্থাও।