আম্পায়ার থেকে ভাগ্য - সবই ছিল বিপক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমানার ধারে মাহমুদউল্লাহর সেই কাচ লুফে নিচ্ছেন শিখর ধাওয়ান। ছবিতে মনে হচ্ছিল তাঁর পা সীমানা দড়ি ছুঁয়ে গেছে। ছবি: রয়টার্স
সীমানার ধারে মাহমুদউল্লাহর সেই কাচ লুফে নিচ্ছেন শিখর ধাওয়ান। ছবিতে মনে হচ্ছিল তাঁর পা সীমানা দড়ি ছুঁয়ে গেছে। ছবি: রয়টার্স

‌এক বুক আশা নিয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের কোয়ার্টার ফাইনালে চোখ রেখেছিল বাংলাদেশের ১৬ কোটি মানুষ। কিন্তু ভারতের বিপক্ষে ১০৯ রানে হেরে সে স্বপ্নের সমাধি হয়েছে। খেলায় জয়-পরাজয় থাকবেই। তাই বলে এমন পরাজয়! চলতি বিশ্বকাপে দারুণ খেলা বাংলাদেশের কাছে দর্শকদের প্রত্যাশাটা ছিল একটু বেশিই। ভারতের বিপক্ষে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশের কেন এমন পরাজয়? দেখা যাক কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ: 

আম্পায়ারের ভুল সিদ্ধান্ত
প্রথমে ফিল্ডিং করতে নেমে বাংলাদেশ ভালোই চেপে ধরেছিল ভারতকে। চাপের মধ্যেও উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। ৯০ রান পর্যন্ত নির্ভুল ছিল তাঁর ইনিংস। কিন্তু রুবেলের করা ৪০ তম ওভারের চতুর্থ বলে আম্পায়ারের ‘নো’ ডাকাটা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। আম্পায়ার গৌল্ডের দেওয়া ‘নো’ বলটা যে ভুল ছিল, তা প্রমাণ হয়েছে এরই মধ্যে। আম্পায়ারের ওই ভুল সিদ্ধান্তের পর রোহিত বাকি ৪৭ রান করলেন ২৫ বলে। তাৎক্ষণিকভাবে ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ টুইট করে বলেছেন, ‘গৌল্ডের সিদ্ধান্তটা একদমই বাজে। বলটা নিশ্চিতভাবেই কোমরের ওপরে ছিল না। রোহিত সৌভাগ্যক্রমে আরেকটা জীবন পেল। এটাই হয়তো আরও ২০টা রান বেশি তুলে দেবে ভারতকে। ’
ঠিক উল্টোটা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। না হওয়া একটি আউট বাংলাদেশকে মেনে নিতে হয়েছে বলে অভিযোগ আছে বাংলাদেশের দর্শকদের মধ্যে। মোহাম্মদ শামির বলে লং লেগে সীমানা দড়ির কাছে শিখর ধাওয়ানের দারুণ এক ‘ক্যাচে’ পরিণত হয়ে সাজঘরে ফেরেন এই মুহূর্তে দলের সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। প্রশ্ন উঠেছে, ক্যাচটা লুফে নেওয়ার সময় ধাওয়ান কি সীমানা ছুঁয়েছিলেন? টিভি-রিপ্লে দেখার পরও খচখচানি থেকে গিয়েছে। ক্রিকইনফোতে এক পাঠক মন্তব্য করেছেন, ‘আমি একজন ভারতীয় সমর্থক। তবে আমার মনে হয়, মাহমুদউল্লাহর আউটটা কিছুটা দুর্ভাগ্যজনক। আম্পায়ার আরেকটু সময় নিতেই পারতেন। মনে হচ্ছিল ধাওয়ান হয়তো সীমানা দড়ি ছুঁয়েছেন। ’ সাধারণত সন্দেহপূর্ণ সিদ্ধান্ত (বেনিফিট অব ডাউট) ব্যাটসম্যানদের পক্ষেই যায়। কিন্তু মাহমুদউল্লাহর ক্ষেত্রে তা হয়নি!
টসে হার
‘ভাগ্য সঙ্গে নেই’-খেলা শুরুর আগেই এমন বার্তা পেল বাংলাদেশ! এমনিতে এমসিজিতে টসে জেতা সব সময়ই গুরুত্বপূর্ণ। কেননা, এ মাঠে পরে ব্যাট করে ৩০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড নেই। তা ছাড়া নকআউট পর্বের চাপের ম্যাচে রান তাড়া করতে কে চায়। তাই বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন-আপ ভারতের বিপক্ষে টসে জেতাটা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু ভাগ্য সহায় ছিল না মাশরাফির। ম্যাচ শেষেও মাশরাফি ‘টস’ ভাগ্যের কথাই বলেছেন।
বোলিংয়ে চাপ ধরে রাখতে না পারা
শুরুতেই বাংলাদেশের বোলাররা চাপে রেখেছিলেন ভারতের ব্যাটসম্যানদের। ৩০ ওভারে ৩ উইকেটে ১২৬ রান করল ভারত। ব্যাটসম্যানদের সংগ্রাম করতে দেখে ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার সৌরভ গাঙ্গুলি পর্যন্ত বললেন, ‘ভারত ২৫০ রান করতে পারলেও তা লড়াই করার মতো স্কোর হবে। ’ বাংলাদেশের বোলাররা শেষ পর্যন্ত চাপটা আর ধরে রাখতে পারলেন না। ব্যাটিং পাওয়ার প্লেতে উঠল ৫০ রান। শেষ ২০ ওভারে ভারত তুলল ১৭৬ রান। আর শেষ ১০ ওভারে ৯৭ রান।
ব্যাটিংয়ে চাপ সহ্য করতে না পারা
৩০৩ রান বিরাট বড় লক্ষ্য। সেটি আরও বড় হয়ে যায় ম্যাচটি কোয়ার্টার ফাইনাল বলে। প্রথমবারের মতো নক আউট পর্বে খেলা বাংলাদেশ সেই চাপটি নিতে পারেনি। শুরু থেকেই উইকেট হারিয়েছে নিয়মিত ব্যবধানে। ওই চাপ থেকে বেরিয়ে আসতে প্রয়োজন ছিল একটা ভালো জুটি। সিঙ্গেলসের ওপর খেলে রানের চাকা সচল রাখা। কিন্তু সেটি পারেননি সাকিব-মুশফিকেরা। ফলে ওভার গড়ানোর সঙ্গে সঙ্গে একদিকে বাংলাদেশের রানরেট কমেছে, স্বাভাবিকভাবে হু-হু করে বেড়েছে আস্কিং রানরেট। আর সেই চাপে ঝুঁকিপূর্ণ শট খেলতে প্রলুব্ধ হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
আবারও ওপেনারদের ব্যর্থতা
দলকে বড় সংগ্রহের মূল ভিত্তি গড়ে দেওয়ার দায়িত্ব ওপেনারদের। নতুন বলের ধাক্কা সামলে মিডল-লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের সুবিধা করে দিতে হয় উদ্বোধনী জুটিকেই। কিন্তু এ বিশ্বকাপে বাংলাদেশের ওপেনাররা ছিলেন ভীষণ নিষ্প্রভ। একটি ম্যাচেও ওপেনাররা ৫০ রানের জুটি গড়তে পারেননি। আজ তামিম ইকবাল জ্বলে ওঠার ইঙ্গিত দিয়েও পারলেন না। ওপেনিং জুটিতে উঠল ৩৩ রান। তামিম ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমরুল কায়েসের রান আউটে দলের ছন্দপতন শুরু, তা আর কখনোই রোধ করা যায়নি। আকস্মিকভাবে দলে সুযোগ পাওয়া ইমরুল নিজেকে প্রমাণই করতে পারলেন না। টিম ম্যানেজমেন্টও কেন যেন বারবার ব্যর্থ ওপেনারদের বিকল্প খোঁজার ঝুঁকি নিতে চাইল না।
থিতু হয়ে উইকেট ছুড়ে দিয়ে আসা
এমন বাজে হারে বাংলাদেশের ব্যাটসম্যানদের দায়ও কম নয়। অধিকাংশ ব্যাটসম্যানই থিতু হয়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। ২৫ বলে ২৫ রান করে ফিরেছেন তামিম। সৌম্য ৪৩ বলে ২৯ রান, মাহমুদউল্লাহ ৩১ বলে ২১ রান, সাকিব ৩৪ বলে ১০ রান, মুশফিক ৪৩ বলে ২৭ রান, সাব্বির ৪০ বলে ৩০ রান। অধিকাংশ ব্যাটসম্যানই ৩০ বলের ওপর খেলেছেন। এর একটি-দুটি ইনিংস তিন অঙ্কে গেলে ছবিটা অন্যরকম হতেও পারত।
বড় ম্যাচ না খেলার অভিজ্ঞতা
ক্রিকেটের এমন বড় মঞ্চে এ ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ আগে কখনো খেলেনি। তাই এমন ‘এক ম্যাচে’ প্রতিকূল পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয়, বাংলাদেশ দলের তা অজানাই ছিল। ফলে অনভিজ্ঞতারও মূল্য দিতে হলো মাশরাফিদের।
ধোনির দুর্দান্ত অধিনায়কত্ব
নিজেদের ব্যর্থতার দিনে প্রতিপক্ষের অধিনায়কের কৃতিত্ব দিতেই পারে বাংলাদেশ। ১৭৭ ম্যাচে অধিনায়কত্ব করে শততম জয় পেলেন মহেন্দ্র সিং ধোনি। ওয়ানডেতে সবচেয়ে সফল অধিনায়কের তালিকায় ধোনির অবস্থান এখন তিনে। প্রতিপক্ষের সামনে রানের পাহাড় পেরোনোর লক্ষ্য দিয়ে ফিল্ডিং-বোলিংয়ে ইচ্ছেমতো পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন ধোনি। আজও করেছেন। আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণে ভালোভাবেই আটকেছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। উইকেটের পেছনে নিজেও নিয়েছেন দুটি দারুণ ক্যাচ।