আম্পায়ার নিয়ে আপত্তি
বিকেএসপিতে কাল সকালে টস করতে নেমে একটু অবাকই হলেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক অলক কাপালি। ম্যাচের দুই আম্পায়ারের একজন সোহরাব হোসেনকে এর আগে নাকি কখনোই দেখেননি প্রিমিয়ার লিগের ম্যাচে।
এমনিতেই আম্পায়ারদের দিকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আসছে রূপগঞ্জ। কয়েক দিন আগে ক্লাবটি আপত্তি জানিয়ে পাঁচজন আম্পায়ারের নাম জমা দিয়েছে বিসিবির আম্পায়ার্স কমিটির কাছে, যার মধ্যে তিনজনই এলিট প্যানেলের সদস্য। এই পাঁচ আম্পায়ারকে নিজেদের ম্যাচে দেখতে চায় না রূপগঞ্জ। এর মধ্যেই কাল ভিক্টোরিয়ার সঙ্গে রূপগঞ্জের ম্যাচ দিয়েই প্রিমিয়ারে অভিষেক হলো আম্পায়ার সোহরাবের।
সোহরাবকে কাল দায়িত্ব দেওয়ায় রূপগঞ্জ অধিনায়ক আম্পায়ার্স কমিটির ম্যানেজার পলাশ দেবের কাছে লিখিত অভিযোগ করেছেন ম্যাচ শুরুর আগেই। অলক কাপালি এ ম্যাচে স্টাম্পড হয়েছেন। আম্পায়ারের সিদ্ধান্তটি মানতে পারেননি তিনি, ‘আমার আউট নিয়ে সংশয় ছিল। কিন্তু থার্ড আম্পায়ার না থাকায় কিছু বলারও নেই। তা ছাড়া এই আম্পায়ারকে আগে কখনো প্রিমিয়ার লিগে দেখিনি।
আমাদের ম্যাচে যেন অভিজ্ঞ আম্পায়ার দেওয়া হয়। সামনেই বিশ্বকাপ, এই লিগটা তাই সবার জন্য গুরুত্বপূর্ণ।’
দ্বিতীয় বিভাগের আম্পায়ার প্রিমিয়ারে ম্যাচ পরিচালনা করতে পারবেন না, এমন বাধ্যবাধকতা নেই বলে জানান আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিমের। তাঁর দাবি সোহরাব হোসেন শুধু দ্বিতীয় বিভাগই নয়, প্রথম বিভাগেরও অনেক ম্যাচ পরিচালনা করেছেন, ‘এর আগে প্রথম বিভাগের অনেক ম্যাচ পরিচালনা করেছেন সোহরাব। তবে আজ (কাল) আম্পায়ার স্বল্পতার জন্যই সোহরাবকে এই ম্যাচে দায়িত্ব দেওয়া হয়েছে। চার দিন ধরে আমাদের পাঁচজন আম্পায়ার ঢাকায় নেই। সবাই চট্টগ্রামে। এ ছাড়া মনি (এনামুল হক) অসুস্থ।’
কারণ যা-ই হোক, অ্যাম্পায়ার্স কমিটির চেয়ারম্যান সমালোচনা করলেন রূপগঞ্জের, ‘ওরা ম্যাচ শুরুর আগেই প্রতিবাদ করেছে। ক্লাবটি কি আগেই জানত চুরি হবে? এই ম্যাচটা যেহেতু একজন জুনিয়র আম্পায়ার পরিচালনা করবেন, এ জন্য আম্পায়ার্স কমিটির ম্যানেজারকে সারা দিন মাঠে রেখেছিলাম। তাঁকে এই বিশেষ দায়িত্ব দিয়েই পাঠানো হয় বিকেএসপিতে। কারণ জানতাম ওরা (রূপগঞ্জ) হারলেই সমস্যা করবে।’