আম্পায়ারদের বিরুদ্ধে অভিযোগই নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক মৌসুম ধরেই ঘরোয়া ক্রিকেটের অন্যতম আলোচ্য বিষয় মাঠে পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং। ঢাকার ক্রিকেটের এমন কোনো লিগ নেই, যেটি পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের কারণে কলঙ্কিত হয়নি। ক্ষতিগ্রস্ত ক্লাব, সংবাদমাধ্যম—সবাই এ নিয়ে সব সময় সোচ্চার। অথচ কাল বিসিবির আম্পায়ার্স কমিটির নতুন প্রধান শেখ সোহেল দাবি করেছেন আম্পায়ারদের বিরুদ্ধে নাকি কখনো কোনো ক্লাব বিসিবিতে অভিযোগ করেনি!
সাংবাদিকদের সঙ্গে শেখ সোহেল কথা বলছিলেন গুলশানে নিজের অফিসে বসে। ঘরোয়া ক্রিকেটের বাজে আম্পায়ারিং নিয়ে তাঁর মন্তব্য, ‘দীর্ঘদিন ধরে যখন আম্পায়ারদের নিয়ে সমস্যা ছিল, তখন এই ক্লাবগুলো কখনো আম্পায়ারদের কাছে কোনো চিঠি দিয়েছে? বিসিবিকে কোনো চিঠি দিয়েছে? ক্লাব যদি বিসিবিকে জানাত তাহলে এত বড় ঘটনা ঘটত না।’
অথচ সিসিডিএমের মাধ্যমে বিভিন্ন ক্লাব একাধিকবার বোর্ডের কাছে নির্দিষ্ট কয়েকজন আম্পায়ারকে ম্যাচ পরিচালনা থেকে বিরত রাখার অনুরোধ জানিয়েছে। গত বছরের ২২ এপ্রিল তৃতীয় বিভাগ ক্রিকেটের আগে এ রকম নয়জন আম্পায়ারের নাম উল্লেখ করে সিসিডিএম চেয়ারম্যান গাজী গোলাম মর্তুজা চিঠি দেন আম্পায়ার্স কমিটির প্রধানকে। এরপরও অবস্থার পরিবর্তন না হওয়ায় এবার সে চেষ্টাই করেনি ক্লাবগুলো। তবে প্রথম বিভাগ ক্রিকেট চলাকালে বিসিবি সভাপতির সঙ্গে দেখা করে বাজে আম্পায়ারিংয়ের প্রতিকার চেয়েছিলেন সিসিডিএম প্রধান।
তাতেও যে প্রতিকার হয়নি সেটি প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটের অনেক ম্যাচেই প্রমাণিত। বরং এবার খোদ বোর্ড সভাপতি স্বীকার করেছেন, ক্লাব আর বোর্ড পরিচালকদের ভয়ে ভীত থাকেন আম্পায়াররা।
খেলা শেষে ম্যাচ ম্যানেজারের কাছে দেওয়া অধিনায়কদের রিপোর্টগুলোয় চোখ বোলালে এ রকম অনেক কিছুই খুঁজে পাবেন আম্পায়ার্স কমিটির প্রধান। বিসিবি পরিচালক নাজমুল করিমের আকস্মিক মৃত্যুর পর আম্পায়ার্স কমিটির দায়িত্ব পাওয়া শেখ সোহেল ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং সম্পর্কে তাহলে আরেকটু ভালো ধারণা পাবেন। প্রথম বিভাগ ক্রিকেটে একটি ক্লাবের রিপোর্টে ‘আম্পায়ার চোর’ বলেও মন্তব্য করা হয়েছে।
তাহলে ১১ এপ্রিলের আলোচিত লালমাটিয়া ক্লাব-এক্সিওম ক্রিকেটার্স ম্যাচের অধিনায়কের রিপোর্টে আম্পায়ারদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কেন? অভিযোগ করে লাভ হয় না, সে কারণেই নাকি কিছু লেখেনি লালমাটিয়া ক্লাব। বিসিবি এখন ঢাল বানাচ্ছে এটাকেই। ‘আসলে ওই সময় দুই আম্পায়ারের বিরুদ্ধে তো লিখিতভাবে কেউ কিছু জানায়নি। আজ যখন শাস্তি হয়েছে এখন আম্পায়ার এই করেছে, ওই করেছে এসব আসছে’—বলেছেন আম্পায়ার্স কমিটির প্রধান।
সে জন্যই আম্পায়ারদের শাস্তি মাত্র ছয় মাসের বহিষ্কারাদেশ আর খেলোয়াড়দের ১০ বছর। কিন্তু কোন আইনে ক্লাব আর ক্রিকেটারদের এত বড় শাস্তি দিল বিসিবি, সে ব্যাপারে কালও স্পষ্ট কিছু জানাতে পারেননি আম্পায়ার্স কমিটির প্রধান। তিনি বলেছেন, ‘আমরা সব সময়ই আইন বা ধারার মধ্যে থেকে কাজ করি। আইনের বাইরে থেকে কোনো কাজ করি না বা করতে চাই না। অবশ্যই ধারা আছে।’ সেই ধারাটা কী জানতে চাইলে তাঁর উত্তর, ‘বোর্ড সভায় অনুমোদন করা আছে যেকোনো কমিটির প্রধান যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।’