আম্পায়ারিং নিয়ে উত্তপ্ত ক্রাইস্টচার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আম্পায়ার র‍্যানমোর মার্টিনেজেসকে এভাবেই ঘিরে রেখেছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। ছবি: ক্রিকইনফো।
আম্পায়ার র‍্যানমোর মার্টিনেজেসকে এভাবেই ঘিরে রেখেছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। ছবি: ক্রিকইনফো।

‘টেলিভিশন আম্পায়ারটা কে?’ স্টিভেন স্মিথের জিজ্ঞাসাটা অবশ্য এতটা নিরীহ ছিল না। কেন উইলিয়ামসনের বিরুদ্ধে এলবিডব্লু রিভিউ বাতিল হয়ে যাওয়ার পর পুরো ঘটনাটি যখন মাঠের বড় পর্দায় দেখলেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা, সবাই যেন হতভম্ব। মাঠে থাকা আম্পায়ার র‍্যানমোর মার্টিনেসেজের দিকে ছুটে গিয়ে রীতিমতো মুখ খারাপই করে বসলেন অস্ট্রেলীয় অধিনায়ক। প্রকাশ অযোগ্য একটা গালি!

ঘটনাটা ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির ঠিক আগের ওভারের। জশ হ্যাজেলউডের একটি ইয়র্কারে উইলিয়ামসন পরাস্ত হলে এলবিডব্লুর জোরালো আবেদন ওঠে। আম্পায়ার মার্টিনেসেজ আবেদনটি নাকচ করে দিয়েছিলেন সঙ্গে সঙ্গেই। স্মিথ রিভিউ নিলে টেলিভিশন আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ হট স্পট বিশ্লেষণ করে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকেই বহাল রাখেন।
হট স্পটে দেখে তাঁর মনে হয়েছে, বল ব্যাট ছুঁয়ে গেছে। কিন্তু মাঠের বড় পর্দায় রিপ্লে দেখে অস্ট্রেলীয় ক্রিকেটাররা দাবি করেন, হ্যাজেলউডের বলটি উইলিয়ামসনের ব্যাটের কোথাও লাগেনি। পরাস্ত হওয়ার সময় উইলিয়ামসনের ব্যাটটি মাটিতে গিয়ে লাগার কারণেই হট স্পটে ওই নমুনা দেখা গেছে। এ নিয়েই কিছুক্ষণ পরিস্থিতি উত্তপ্ত ছিল।
যাঁকে ঘিরে এই নতুন আম্পায়ারিং বিতর্কের শুরু, সেই উইলিয়ামসন শেষ পর্যন্ত ৯৭ রান করে ফিরেছেন। ওই ‘প্রাপ্য’ আউটটা না পেলেও অস্ট্রেলিয়া ভালোমতোই জয়ের পথে। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৭০ রান তুলে ফেলেছে। কাল শেষ দিনে তাদের ১৩১ রান চাই। এর আগে ৪ উইকেটে ১২১ রানে দিন শুরু করা নিউজিল্যান্ড অলআউট হওয়ার আগে ৩৩৫ রান তুলতে পেরেছে দ্বিতীয় ইনিংসে। নয়ে নামা ম্যাট হেনরির ৬৬ রানের ইনিংসটা বড় ভূমিকা রেখেছে ম্যাচে নিউজিল্যান্ডকে টিকিয়ে রাখতে।
যতই এটা ম্যাককালামের বিদায়ী ম্যাচ হোক, অস্ট্রেলিয়া কিন্তু এতটুকু ছাড় দিচ্ছে না। আজকের ঘটনা থেকেও বোঝা যায়, প্রতিটি ম্যাচ জিততে স্মিথের দল এখন কতটা মরিয়া। কিন্তু মাঠে অস্ট্রেলীয়দের এমন আচরণ আবারও প্রশ্নবিদ্ধ হলো। ধারাভাষ্যকার মার্ক রিচার্ডসন আর ইয়ান স্মিথ কড়া ভাষাতেই নিজেদের ক্ষোভ জানিয়েছেন।
রিচার্ডসনের ভাষায় অস্ট্রেলীয়দের এই আচরণ ‘অসহিষ্ণু’। স্মিথ তো বলেই দিয়েছেন, ‘অস্ট্রেলীয়দের বোঝা উচিত যে অন্যের জন্য খাপ থেকে তলোয়ার বের করলে সেই তলোয়ারে কাটা পড়তে হয় নিজেদেরও।’ তাঁর মতে, ‘পুরো বিষয়টাতে টেলিভিশন আম্পায়ারকে গালমন্দ করার কোনো মানে হয় না। তোমরা রিভিউ চেয়েছ। আম্পায়ার রিভিউয়ের জবাব দিয়েছেন সব তথ্য প্রমাণ প্রদর্শন করেই, এই অবস্থায় তাঁকে গালমন্দ করাটা মোটেও উচিত হয়নি।’
এই সিরিজে অবশ্য আম্পায়ারের সিদ্ধান্ত শুরু থেকেই আলোচনায়। ম্যাককালামের বিদায়ী সিরিজটা এ কারণেই আলোচিত হয়ে থাকবে মনে হচ্ছে! সূত্র: ক্রিকইনফো।