আম্পায়ারিং নিয়ে ক্ষুব্ধ সিসিডিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম্পায়ারিং নিয়ে সিসিডিএমে একটিও লিখিত অভিযোগ জমা পড়েনি কাল পর্যন্ত। তাই বলে এটাই চলমান তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের আসল চিত্র নয়। বাজে আম্পায়ারিং নিয়ে অভিযোগ বিস্তর। ক্ষুব্ধ অনেক ক্লাবই।
বিভিন্ন সময়ে ফোনে ও ব্যক্তিগত সাক্ষাতে ক্ষোভের কথা ক্লাবগুলো সিসিডিএম-প্রধান গোলাম মুর্তজাকে জানিয়েছেন। তিনি সংকট উত্তরণে সহায়তা চেয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির। চিঠি দিয়ে মানসম্মত নিরপেক্ষ আম্পায়ার চেয়েছেন লিগ পরিচালনার জন্য। কাজ হয়নি তাতেও। অভিযোগ আছে, বিশেষ কয়েকটি ক্লাবকে সুবিধা দিয়ে পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং চলছেই।
অগত্যা কাল বিসিবি সভাপতি নাজমুল হাসানের দ্বারস্থ হলেন সিসিডিএম-প্রধান। বিকেলে সভাপতির ধানমন্ডির কার্যালয়ে গিয়ে তৃতীয় বিভাগ ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে নিজের অসন্তুষ্টি আর অভিযোগের কথা জানিয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কামনা করেছেন সভাপতির হস্তক্ষেপ। এ রকম যে ঘটছে তা ‘জানা ছিল না’ দাবি করে নাজমুল হাসানও আশ্বাস দিয়েছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার। সূত্র জানিয়েছে, সিসিডিএমের কাছ থেকে অভিযোগ পেয়ে কাল-পরশুর মধ্যেই আম্পায়ার্স কমিটির সঙ্গে বসতে চেয়েছেন বোর্ড সভাপতি।
বিসিবি সভাপতির সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করলেও এ সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি গোলাম মুর্তজা। মুঠোফোনে বললেন, ‘রমজান মাসে সুপার লিগের ম্যাচগুলো আদৌ দিবারাত্রির ম্যাচ করা যাবে কি না, না গেলে বিকল্প ব্যবস্থা কী হতে পারে, এসব নিয়েই সভাপতির সঙ্গে কথা বলেছি।’ আম্পায়ারিং নিয়ে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে তাঁর সংক্ষিপ্ত উত্তর, ‘এ নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’
এবার দ্বিতীয় বিভাগ ক্রিকেটের আম্পায়ারিংও ছিল বিতর্কিত। এখন সমালোচনার কাঠগড়ায় তৃতীয় বিভাগের আম্পায়ারিংও। তবে প্রিমিয়ার লিগে সবকিছু মোটামুটি ঠিকঠাকভাবেই চলছিল। লিগের শুরুতেই আম্পায়ারিংয়ের ব্যাপারে বিসিবি সভাপতির কঠোর অবস্থান নেওয়ারই হয়তো সুফল এটা। কিন্তু সমস্যা বাধিয়েছে পরশু ফতুল্লায় হওয়া আবাহনী-ভিক্টোরিয়া ম্যাচটি। সংবাদমাধ্যমে ভিক্টোরিয়ার সাধারণ সম্পাদক নেসারউদ্দিন এ ম্যাচের আম্পায়ারিং নিয়ে সরাসরি অভিযোগ তুলেছেন। বিসিবি সূত্র জানিয়েছে, খেলা শেষে নিজেদের মধ্যে আলোচনায় একজন আম্পায়ার নাকি ওই ম্যাচে দুটি ‘ভুল’ সিদ্ধান্ত দেওয়ার কথা স্বীকারও করেছেন।
প্রশ্ন উঠেছে লিগে এখন পর্যন্ত হওয়া আবাহনীর চার ম্যাচেই নাদির শাহর আম্পায়ার থাকা নিয়েও। বিসিবিতে যে ক্লাবটির প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি, বহিষ্কারাদেশ থেকে ফিরে নাদির শাহর শুধু তাদের ম্যাচেরই দায়িত্ব পাওয়া সন্দেহের বাতাবরণ তৈরি করাটাই স্বাভাবিক। এ ব্যাপারে বিসিবির আম্পায়ার্স কমিটির কর্মকর্তা সয়লাব হোসেনের ব্যাখ্যা, ‘এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। তা ছাড়া একজন আম্পায়ারের টানা কোনো দলের ম্যাচে আম্পায়ারিং করার ঘটনা এটাই প্রথম নয়। অতীতেও নাদির শাহ আবাহনী, মোহামেডান, ওল্ড ডিওএইচএসের খেলায় টানা আম্পায়ার ছিলেন।’