আম্পায়ারিং নিয়ে সেদিন লঙ্কা-কাণ্ড

৮ ডিসেম্বর ১৯৮৭, ফয়সালাবাদ টেস্টের দ্বিতীয় দিন। ম্যাচের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে চলে যাচ্ছিল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯২ রানের জবাবে ১০৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। এডি হেমিংসকে বোলিংয়ে আনেন ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিং। তাঁর জন্য ফিল্ডিং সাজাতে সাজাচ্ছিলেন অধিনায়ক। নন-স্ট্রাইকার ব্যাটসম্যান সেলিম মালিককে জানিয়ে লং লেগের ফিল্ডারকে আরও এগিয়ে আনেন। হেমিংস বল করার জন্য দৌড় শুরু করলে গ্যাটিং ইশারায় ক্যাপেলকে থামতে বলেন। সেই সময়ে স্কয়ার লেগে থাকা পাকিস্তানের আম্পায়ার শাকুর রানা বিষয়টিতে খুশি হতে পারেননি। হেমিংস বল ছাড়ার পর চিৎকার করে ওঠেন, ‘থামো, থামো।’ আরেক আম্পায়ার খাইজার খান সঙ্গে সঙ্গেই বলটিকে ডেড ঘোষণা করেন। লেগ আম্পায়ার রানার কাছে গ্যাটিং কারণ জানতে চাইলেন। ‘তুমি হাত নাড়াচ্ছিলে, এটা প্রতারণা’—উত্তর দেন রানা। ঝামেলা বাধানো কাজটি গ্যাটিংয়ের সঙ্গে কথা বলে ফেরার সময়ই করেন রানা। বলেন, ‘তুমি এক জঘন্য প্রতারক।’
রানার ওপর আগে থেকেই চটে ছিলেন গ্যাটিং। এর আগে রানার বেশ কটি সিদ্ধান্ত মানতে পারেননি। গ্যাটিং খেপে গিয়েই মাঠে বিড়বিড় করছিলেন, ‘ওদের জন্য এক নিয়ম, আর আমাদের জন্য আরেক নিয়ম!’
এদিনের ঘটনা যেন বারুদে কাঠি ঠুকে দিল। ছোট্ট একটা ঘটনা রূপ নিল ভয়াবহ। ক্রিকেট ইতিহাসেই কালো একটা দিন হয়ে গেল ৯ ডিসেম্বর। সারা দিনই খেলা হলো না। এর বদলে যা হলো, দুই পক্ষের চাপান-উতোর। তোপ দাগাদাগি।
৮ ডিসেম্বর সন্ধ্যায় রানা দাবি করেন, তাঁকে কুৎসিত ভাষায় অপমান করা হয়েছে। গ্যাটিং লিখিতভাবে ক্ষমা না চাইলে তিনি মাঠে নামবেন না। আবার গ্যাটিং উত্তরে জানিয়ে দেন, তিনি ক্ষমা চাইতে রাজি। কিন্তু রানাকেও ক্ষমা চাইতে হবে। দুজনকে একসঙ্গে বসানোর উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু তাও ভেস্তে যায়।
রানা দাবি করেন, ভুলটা গ্যাটিংয়েরই ছিল। বোলার রানআপ শুরু করে দেওয়ার মুহূর্তেই গ্যাটিং ফিল্ডিং পরিবর্তন করছিলেন, যেটা গ্যাটিং করতে পারেন না। ‘আমি যখন ওটাকে ডেড বল ডাকলাম, ও আমাকে অপমান করতে শুরু করল। আমি যখন বললাম, এটা আইনের বিরোধী; ও তখন ঝাঁজ নিয়ে বলল, “আইন আমরাই (ব্রিটিশরা) বানিয়েছি।”
বিষয়টি আর ক্রিকেটের মধ্যে থাকেনি। এর মধ্যে বর্ণবাদের গন্ধ জড়িয়ে পড়তে শুরু করেছিল। ৯ ডিসেম্বর গ্যাটিং পুরো দল নিয়ে খেলতে চলে এলেও পাকিস্তানের কেউ ছিলেন না। ফলে ওই দিনের খেলা পুরো ভেস্তে যায়। এমনকি পুরো দলকে দেশে ফিরিয়ে আনার কথাও ভাবছিল ইংল্যান্ড। আর সেটা হলে ১১১ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো খেলার মাঝখান থেকে কোনো দলকে ফিরিয়ে আনার ঘটনা ঘটত।
১০ ডিসেম্বর ছিল টেস্টটার বিশ্রাম দিবস। ফলে বাড়তি একটা দিন পাওয়া যায় দুই পক্ষের বরফ গলানোর জন্য। অবশেষে ম্যাচের চতুর্থ দিনে ১১ ডিসেম্বর হাজার দুয়েক দর্শকের সামনে সকাল সাড়ে ১০টায় গ্যাটিং দল নিয়ে মাঠে নামেন। উত্তেজনাপূর্ণ ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়ে যায়। কিন্তু এই ম্যাচের ফল হয়ে যায় গৌণ।
গ্যাটিং ক্ষমা চেয়েছিলেন বলেই আসলে টেস্টটা আবার শুরু হতে পেরেছিল। গ্যাটিং নিজ হাতে লেখা চিঠি দিয়েই ক্ষমা চেয়েছিলেন। কিন্তু পরে পরিষ্কার হয়ে যায়, তাঁকে এটা করতে বাধ্য করা হয়েছিল। শুধু তা-ই নয়, ১৯৮৮ সালেই গ্যাটিংকে অধিনায়কের পদ থেকেও সরিয়ে দেওয়া হয় অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অপরাধে। যদিও কারও কারও ধারণা, গ্যাটিংকে সরানোর সামান্য অজুহাতের অপেক্ষায় ছিল বোর্ড। ২০০০ সাল পর্যন্ত আর পাকিস্তানেও সফরে যায়নি ইংল্যান্ড।
গ্যাটিং এ ঘটনা আজও ভোলেননি। আর রানা? ২০০১ সালে মারা যাওয়ার আগে এক সাক্ষাৎকারে পাকিস্তানি এই আম্পায়ার বলেছিলেন, ‘আমি কখনোই ক্ষমা চাইতাম না। ভুল কিছু তো করিনি। গ্যাটিংয়ের হাতে লেখা ক্ষমাপত্রটা পেয়ে আমি গর্বিত। এখনো মাঝেমধ্যে বালিশের নিচ থেকে বের করে ওটা পড়ি।’