আম্পায়ারিং বিতর্কের পর মোহামেডানের জয়
স্কোরবোর্ডে মাত্র ১৪৮ রান। তবু শক্তিশালী মোহামেডানকে চেপে ধরায় চেষ্টার কোনো কমতি ছিল না খেলাঘরের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ব্যাটিংবিরুদ্ধ উইকেটে যদি দ্রুত কিছু উইকেট নেওয়া যায়, তাহলে যেকোনো কিছুই সম্ভব। এ আশা থেকেই খেলাঘরের ফাস্ট বোলার হোসেন আলী আগুনে বোলিং শুরু করেন।
পঞ্চম ওভারে টানা দুই বলে রনি তালুকদার ও মোহাম্মদ হাফিজকে ড্রেসিংরুমে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন হোসেন। তখন মোহামেডানের দুই ব্যাটসম্যান পারভেজ হোসেন ও সৌম্য সরকারও ছিলেন চাপে। ভাগ্যও পক্ষে ছিল মোহামেডানের। এ সময় ২.৫ ওভার করার পর পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে হয় দারুণ বোলিং করতে থাকা হোসেনকে।
১৪৯ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করতে মোহামেডানকে ব্যাট করতে হয়েছে ৪০.১ ওভার পর্যন্ত। ৫ উইকেটের জয় পেয়েছে মোহামেডান।
খেলাঘরের অভিজ্ঞ বোলার ইলিয়াস সানিও চোটের কারণে ৫.১ ওভারের বেশি বোলিং করতে পারেননি। এ ছাড়া আম্পায়ারের কিছু সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে খেলাঘরের ক্রিকেটাররা। রনি তালুকদারের বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো আবেদন করেও সাড়া না পেয়ে পেসার হোসেনকে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। সৌম্যর বিপক্ষেও কট বিহাইন্ডের আবেদন করেছিলেন মাসুম খান। কিন্তু তাতেও আম্পায়ারের সাড়া না পেয়ে হতাশা প্রকাশ করেছেন খেলাঘরের ক্রিকেটাররা।
শেষ পর্যন্ত সৌম্যর অপরাজিত ৫৯ রানের ইনিংসে মোহামেডান পেয়েছে এবারের প্রিমিয়ার লিগে তাদের প্রথম জয়। সৌম্যকে সঙ্গ দিয়েছেন পারভেজ (৩৬) ও আরিফুল ইসলাম (৩০)। দলের প্রথম জয়ে ম্যাচসেরা হয়েছে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম। খেলাঘরকে ১৪৮ রানে আটকে রাখতে তাঁর ১৮ রানে ৪ উইকেট-ই বড় ভূমিকা রেখেছে।
মোহামেডান টসে জিতে খেলাঘরকে ব্যাটিং পাঠায়। চোট থেকে ফেরা হাসান মাহমুদ ছিলেন মোহামেডান বোলিং আক্রমণের মূল আকর্ষণ। প্রায় এক বছর খেলার বাইরে থাকা জাতীয় দলের এই পেসার কেমন করেন, সেদিকে ছিল সবার কৌতূহল। ৯ ওভার বল করে ৩২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মাহমুদ। তবে শুরুতে তাঁর বোলিং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছে।
হাসানের তৈরি চাপ কাজে লাগিয়েছে অভিজ্ঞ স্পিনার নাজমুল ও হাফিজ। দুই স্পিনারের ২০ ওভার থেকে মাত্র ৪২ রান তুলেছে খেলাঘর, হারিয়েছে ৭ উইকেট। আগের ম্যাচে শতক করা অমিত হাসান ২১ রান করে আউট হন। অধিনায়ক নাদিফ চৌধুরীর ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৩ রান।