আম্পায়ারের পক্ষে সাফাই নিষিদ্ধ 'অধিনায়কের'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকার দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আম্পায়ারদের ‘পক্ষপাতমূলক’ আচরণের অভিনব প্রতিবাদ করে কমপক্ষে ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন লালমাটিয়া ক্লাবের বোলার সুজন মাহমুদ। ৪ বলে ৯২ রান দেওয়ার ঘটনায় বিসিবি ওই ম্যাচের লালমাটিয়া অধিনায়ক ফয়সাল আহমেদকেও পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। যে আম্পায়ারিং নিয়ে এত কিছু, কাল সেই আম্পায়ারদের পক্ষে সাফাই গাইলেন ফয়সাল!
গত ১১ এপ্রিল মিরপুরের সিটি ক্লাব মাঠে এক্সিওম ক্রিকেটার্সের বিপক্ষে সুজন ওই কাণ্ড ঘটান বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদে। এই ঘটনার তদন্ত করে বোলার, কোচ, অধিনায়ক, ম্যানেজার ও ক্লাবকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিসিবি। কাল দুপুরে ফয়সাল বিসিবিতে এসেছিলেন তাঁর শাস্তি কমানোর আবেদন করতে। ফয়সালের দাবি, ঘটনার কিছুই তিনি জানতেন না। অধিনায়কত্বের দায়িত্বটা ম্যাচের দিনে হঠাৎই এসে পড়ে তাঁর কাঁধে, ‘আমি এক দিনের অধিনায়ক ছিলাম। কিছুই জানতাম না। আমার নিয়ন্ত্রণে কিছু ছিল না। বোলারকে বলেছিলাম, সে আমার কথা শোনেনি। ওভার শেষ হলে বোলার পরিবর্তন করা যায়। ওভার শেষ না হলে তো পরিবর্তন করা যায় না।’
সেদিন আম্পায়ারদের কোনো ভুল চোখে পড়েনি মুক্তির পথ খুঁজতে থাকা লালমাটিয়ার এই ক্রিকেটারের, ‘আম্পায়ারিংয়ের সময় দুই-একটা সিদ্ধান্ত ভুল হতেই পারে। সেদিন আম্পায়াররা খারাপ করেননি। কিন্তু আমাদের বোলিংয়ের সময় কী হচ্ছিল, কেউ বুঝতে পারছিলাম না। নিজে অধিনায়ক হয়েও বুঝতে পারিনি। খেলার পর বুঝতে পেরেছি, কী হয়েছে।’