আয়ারল্যান্ডের লি-শরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগ ব্যাশ লিগের স্মরণীয় এক ফাইনালের পর অবসর নিয়েছেন সব ধরনের ক্রিকেট থেকে। চ্যানেল নাইনের ধারাভাষ্যকক্ষে ব্রেট লির ক্যারিয়ার শুরু এর আগেই। এবার তিনি নামছেন কোচের ভূমিকায়। আয়ারল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতিতে আইরিশ পেসারদের সহায়তা করবেন সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা। আয়ারল্যান্ড কোচ ফিল সিমন্সের আশা, তাঁর ছাত্ররা লির কাছে থেকে অনেক কিছুই শিখবেন, ‘আমি নিশ্চিত, বিশ্বকাপজয়ী এই বোলারের অভিজ্ঞতা থেকে আমাদের বোলাররা লাভবান হবে। বিশেষ করে এ রকম একটা বৈশ্বিক আয়োজনের চাপ কীভাবে সামলাতে হয়, সে ক্ষেত্রে। তাদের জন্য এই জীবন্ত কিংবদন্তির কাছ থেকে কিছু শেখার জন্য এটি দারুণ একটা সুযোগ।’ গ্রুপ পর্যায়ের আগে লির সান্নিধ্য বোলারদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেবে বলে আশা সিমন্সের, ‘ফাস্ট বোলিংয়ে লির জ্ঞান অসাধারণ। আর সে অস্ট্রেলিয়ান পিচ সম্পর্কে আরও বিশদ ধারণা দিতে পারবে আমাদের বোলারদের। গ্রুপ পর্বের আগে এটি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।’ বিশ্বকাপে আয়ারল্যান্ডের প্রথম প্রস্তুতি ম্যাচ মঙ্গলবার, স্কটল্যান্ডের সঙ্গে। বৃহস্পতিবার অনুষ্ঠেয় পরের ম্যাচে বাংলাদেশ তাদের প্রতিপক্ষ। দ্য গার্ডিয়ান।