সালমাদের বড় জয়
বড় জয় দিয়েই এশিয়ান গেমস ক্রিকেট শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। আজ ইনচনের ইয়েনহুই ক্রিকেট গ্রাউন্ডে তারা নেপালকে হারিয়েছে ৮১ রানের বিশাল ব্যবধানে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের করা ১০৭ রানের জবাবে নেপালি মেয়েরা অলআউট হয়ে গেছে মাত্র ২৬ রানেই।
বাংলাদেশের বোলারদের মধ্যে দারুণ বল করেছেন অধিনায়ক সালমা খাতুন। তিনি ৩ উইকেট নিয়েছেন মাত্র ১ রানের বিনিময়ে। সালমার পাশাপাশি রুমানাও ছিলেন দারুণ সফল। মাত্র ৪ রানের বিনিময়ে তাঁর ঝুলিতে গেছে ৩ উইকেট। এছাড়াও জাহানারা ১৩ রানে ২টি আর ফাহিমা মাত্র ২ রানে ২ উইকেট নিয়ে শেষ করে দেন নেপালের ইনিংস।
নেপালি ব্যাটারদের কেউই দুই অঙ্কের কোটায় পৌঁছতে পারেননি। সর্বোচ্চ ১০ রান এসেছে অতিরিক্ত থেকে।
এর আগে, সকালে টসে হেরে প্রথমে ব্যাট করেছিল বাংলাদেশ। আয়েশা রহমানের অপরাজিত ফিফটিতে বাংলাদেশ ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১০৭ রান। ৬০ বলে ২টি চারের সাহায্যে ৫১ রানে অপরাজিত থাকেন আয়েশা। লতা মণ্ডলের ব্যাট থেকে আসে ১১ রান।নেপালের সীতা রানা ২৪ রানে ২টি এবং সারিতা মাগার ১৯ রানে নেন ২ উইকেট।