আর অজুহাত চান না পাকিস্তানের সাবেকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিপক্ষে এভাবেই হতাশায় পুড়েছে পাকিস্তান! ছবি: এএফপি
বাংলাদেশের বিপক্ষে এভাবেই হতাশায় পুড়েছে পাকিস্তান! ছবি: এএফপি

এ-ই হয়। পাকিস্তান কোনো টুর্নামেন্ট থেকে বিদায় নিলে দলের ওপর হামলে পড়ে দেশটির সাবেক ক্রিকেটার-বিশ্লেষকেরা। গতকাল বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন আফ্রিদিরা। এরপর থেকেই পাকিস্তানজুড়ে চলছে তাঁদের সমালোচনা। 

এবারের এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং খুব একটা ভালো হয়নি। কাল বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনেও নিজেদের খুব একটা মেলে ধরতে পারেননি পাকিস্তান ব্যাটসম্যানরা। সমালোচনাও বেশি হচ্ছে ব্যাটসম্যানদেরই। তবে তার চেয়েও বেশি সমালোচনা হয়েছে আফ্রিদির অধিনায়কত্ব নিয়ে, এমনকি পুরো দলের নিবেদনের বিষয়টিও ছিল মিয়াঁদাদ-মহসিন খানদের আলোচনায়।
টুর্নামেন্ট শুরু থেকেই এমনিতেই দলে আফ্রিদির জায়গা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেকরা। বাংলাদেশের কাছে হারের পর আবারও সমালোচনার শূলে আফ্রিদি। মিয়াঁদাদ যেমন বললেন, ‘সাম্প্রতিক সময়ে আমার দেখা সবচেয়ে খারাপ ব্যাটিং। অবশ্য দলে যখন অধিনায়কের জায়গা নিয়েই প্রশ্ন থাকে, তখন ভালো কিছু আশাও করা যায় না।’
মোহাম্মদ ইউসুফও আফ্রিদিকে ভবিষ্যৎ নিয়ে ভাবার পরামর্শ দিয়ে রেখেছেন, ‘দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হয়েও আফ্রিদির পারফরম্যান্স ভালো নয়। অধিনায়ক হিসেবে অনেক চাপে আছে ও।’ ব্যাটসম্যানদের টেকনিকেও সমস্যা দেখছেন তিনি।
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ককে দায়িত্ব থেকে সরে যেতে বলছেন সরফরাজ নওয়াজও, ‘অনেক অজুহাতই শুনেছি। কিন্তু অধিনায়ক নিজেই যদি ভালো পারফর্ম করতে না পারে, তাহলে সে অন্যদের কীভাবে অনুপ্রেরণা জোগাবে কিংবা পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করবে!’
সাবেক পেসার শোয়েব আখতারের অবশ্য দল নিয়ে প্রত্যাশাও অনেক বেশি ছিল। প্রত্যাশা পূরণ না হওয়ায় দলের প্রেরণার অভাবকেই দায়ী করছেন তিনি, ‘এশিয়া কাপ থেকে এভাবে বিদায় নেওয়া খুবই হতাশাজনক। আমি ভেবেছিলাম বাংলাদেশকে হারাতে দল অনেক বেশি উজ্জীবিত থাকবে। এরপর শ্রীলঙ্কার সঙ্গে জিতে ভারতের সঙ্গে ফাইনাল খেলবে।’
পাকিস্তান টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের চোখে দলের এমন পারফরম্যান্সের দায় ব্যাটসম্যানদের কাঁধে, ‘আমাদের বোলাররা অনেক ভালো কাজ করেছে, কিন্তু ব্যাটিং একেবারেই হচ্ছে না। ঘরোয়া ক্রিকেটে ভালো করা সবাইকেই দলে সুযোগ দিয়েছেন নির্বাচকেরা। এর বেশি আর কী-ই বা করা যায়।’ তবে ব্যাটসম্যানের পাশাপাশি নিজে অধিনায়ক বলেই হয়তো মিসবাহর চোখে ধরা পড়েছে আফ্রিদির অধিনায়কত্বের ভুলও।
শেষ ওভারে শোয়েব মালিককে বাদ দিয়ে আনোয়ার আলীকে দিয়ে কেন বল করানো হলো সেটি নিয়েও প্রশ্ন তুলছেন মিসবাহ, ‘বল ভালোই গ্রিপ করছিল। আমি হলে অবশ্যই মালিকের কথা ভাবতাম। পিচটা ব্যাটিং করার জন্য সহজ ছিল না।’
আফ্রিদিকে কাঠগড়ায় তুলেছেন অফ স্পিনার সাইদ আজমলও, ‘সাত-আট ওভারের সময়ই মালিককে নিয়ে আসা উচিত ছিল। ফিল্ডিংয়েও কিছু ভুল ছিল। সব হিসাবই ভুল ছিল।’ সূত্র: পিটিআই।