আর কত কাঁদবেন তাঁরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরকেলের চোখে জল। আর কত কাঁদবে প্রোটিয়রা! ছবি: এএফপি
মরকেলের চোখে জল। আর কত কাঁদবে প্রোটিয়রা! ছবি: এএফপি

লং-অন দিয়ে ডেল স্টেইনকে উড়িয়ে মারলেন গ্রান্ট এলিয়ট। বল নয়, উড়ে গেল স্বপ্নটাই। ফাইনাল আর খেলা হলো না দক্ষিণ আফ্রিকার। স্বপ্নটা আবারও থেমে গেল সেমিফাইনালের গেরোতেই। দীর্ঘ দিনে বাড়তে থাকা যাতনার স্তূপ কোথায় লুকাবেন প্রোটিয়ারা? মরনে মরকেলের দুচোখ বেয়ে অশ্রুর ধারা নেমে এল শ্রাবণের বৃষ্টির মতো। হতাশ, হতভম্ব, বাকরুদ্ধ স্টেইন বসে পড়লেন পিচে। টুপি দিয়ে চোখের জল লুকাতে চাইলেন ইমরান তাহির। আর এবি ডি ভিলিয়ার্স?


প্রোটিয়া দলপতির মুখাবয়ব বলছে-‘কী বেদনা বিষে’! এ যে পরাজয়ের বিষ কীভাবে সইবেন ডি ভিলিয়ার্স? সামাজিক যোগযোগমাধ্যমে দক্ষিণ আফ্রিকা অধিনায়কের বাঁধ ভাঙার একটি ছবি ছড়িয়ে পড়েছে। সে ছবি দেখে নিখাদ ক্রিকেটপ্রেমীর হৃদয়টা হু হু করে উঠতে বাধ্য। আহ! এই ডি ভিলিয়ার্স, যিনি কিনা নানা উদ্ভাবনী শটে ২২ গজে তাবৎ বোলারদের নাকের জল চোখের জল এক করে ছাড়েন। অথচ লড়াকু মানুষটি কিনা বাস্তুহারা অসহায়ের মতো কাঁদছেন! বীরদের এমন পরাজয় দেখাও তো চোখের যন্ত্রণা!

হু হু কান্নায় ভেঙে পড়ছেন ডি ভিলিয়ার্স। ফেসবুক থেকে নেওয়া
হু হু কান্নায় ভেঙে পড়ছেন ডি ভিলিয়ার্স। ফেসবুক থেকে নেওয়া



কেন এমন বারবার কাঁদে দক্ষিণ আফ্রিকা? সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৯২ বিশ্বকাপের সেমিফাইনালে বাদ পড়ল অদ্ভুত বৃষ্টি আইনে। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে বাদ পড়াটা আরও দুঃখজাগানিয়া। শেষ মুহূর্তে ল্যান্স ক্লুজনারের একটা ‘পাগুলে দৌড়’ শেষ করে দিল হ্যানসি ক্রনিয়ে দুর্দান্ত দক্ষিণ আফ্রিকার স্বপ্নযাত্রা। ২০০৭ বিশ্বকাপে অবশ্য প্রোটিয়া সমর্থকদের কিছুটা সান্ত্বনা মেলে এই ভেবে, সেবার হারতে হলো দুরন্ত এক অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর এবার? হ্যাঁ, নিউজিল্যান্ড অসাধারণ খেলছে চলতি বিশ্বকাপে। সেমিফাইনালের আগে একমাত্র বাংলাদেশ বাদে কোনো দলই টেক্কা দিতে পারেনি বিশ্বকাপের অন্যতম এ আয়োজককে। তাই বলে তাদের হারাতে পারবে না দক্ষিণ আফ্রিকা? প্রথমে ব্যাট করে আজ সংগ্রহটাও হলো চ্যালেঞ্জিং। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে কিউইদের করতে হবে ৪৩ ওভারে ২৯৮ রান। ওভার প্রতি প্রায় ৭ রান করে তোলার প্রয়োজন ছিল। আর সেটি করেও ফেলল কিউইরা।

কেন যেন এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অতিরিক্ত স্নায়ুচাপে স্বাভাবিক কাজটাও গড়বড় করে ফেলে প্রোটিয়ারা। তবে আজ অসহায় আত্মসমর্পণ করেনি তারা। তবুও কিছু প্রশ্ন-আজও কেন বৃষ্টির বাগড়া? দক্ষিণ আফ্রিকার ম্যাচ হলেই প্রকৃতি যে বাধা দিতে প্রস্তুত থাকে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার রান কিছু বেড়েছে ঠিকই। কিন্তু এটি কি আরও বাড়তে পারত না? ডি ভিলিয়ার্স তো উইকেটেই ছিলেন। তা ছাড়া ওভার যত কমে যায়, টি-টোয়েন্টির এ যুগে পরে ব্যাট করা দলটার জন্য ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে লক্ষ্যে পৌঁছাতে সহজ হয়।

প্রশ্ন আরও রয়েছে। বিশ্বের অন্যতম সেরা ফিল্ডিং হওয়ার পরও এমন চাপের ম্যাচ এলেই দক্ষিণ আফ্রিকার ক্যাচগুলো কেন ফসকে যায়? বলবেন, ওগুলো কঠিন ছিল। কিন্তু হাফ-চান্স কাজে লাগানো তাদের কাছে তো নতুন নয়। কেন দুই ফিল্ডার পড়িমড়ি করে ছুটে ধাক্কা খাবেন? কেনইবা ডি ভিলিয়ার্স সহজ রানআউট হাতছাড়া করবেন? কী বলা যায় একে? নিয়তি! দুঃখজনক পরাজয়-এ অমোঘ নিয়তি ক্রিকেটের বড় মঞ্চে বারবার তাড়া করে ফিরবে দক্ষিণ আফ্রিকাকে?
আর কত কাঁদবেন তাঁরা? আর কত...!