‘এমন কিছু আমি কখনো দেখিনি। বেপরোয়া না হয়েও এত ভালো নিয়ন্ত্রণ ছিল আমাদের!’ এজবাস্টনে পরশু ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানের কণ্ঠে ফুটে উঠল অবিশ্বাস। অবশ্য তা-ই তো হওয়ার কথা! গতকাল মাঠে যা ঘটল, ইংল্যান্ডের ক্রিকেট তো তেমন কিছু দেখেছেই মাত্র ছয়বার!
ওয়ানডেতে পরশু ষষ্ঠবারের মতো প্রতিপক্ষকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। জেসন রয় ও অ্যালেক্স হেলসের রেকর্ড গড়া উদ্বোধনী জুটির সুবাদে অনায়াসে পেরিয়ে গেল শ্রীলঙ্কার ২৫৪ রান, তখনো হাতে ছিল ৯৫ বল! লিয়াম প্লাঙ্কেটের শেষ বলের ছক্কায় প্রথম ম্যাচ টাই করা ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচেই কী দুর্দান্ত দাপুটে!
২৫৫ রানের লক্ষ্য টি-টোয়েন্টির যুগে এমনিতেই নস্যি। তার ওপর রয় ও হেলস এমন জ্বলে উঠেছেন যে, শ্রীলঙ্কা পাত্তাই পেল না। দুজনের অবিচ্ছিন্ন ২৫৬ রানের জুটি ইংল্যান্ডের হয়ে যেকোনো জুটিতে সর্বোচ্চ। ১০ উইকেটে জয়, সবচেয়ে বেশি রান তাড়া করার রেকর্ডও হয়ে গেছে, ইংল্যান্ডের এই রেকর্ডের আগে যা ছিল নিউজিল্যান্ডের। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ২৩৬ রান তাড়া করে জিতেছিল কিউইরা।
রয়-হেলসের ব্যাটের দাপটটাও তো ছিল দেখার মতো। যা সবচেয়ে ভালো বোঝা গেছে ইনিংসের ২৯ ওভারে, সেকুগে প্রসন্নর সেই ওভারে এসেছে ২৭ রান। শেষ পাঁচ বলে ৩ ছক্কা ও ২ চারে হেলসই নিয়েছেন ২৬!
ম্যাচ শেষে স্বাভাবিকভাবে এই দুজনের প্রশংসাই ঝরল অধিনায়ক মরগানের কণ্ঠে, ‘দুজন অসাধারণ ব্যাটিং করেছে, ভীষণ দাপুটে। দুর্দান্ত বিনোদনদায়ী ক্রিকেট খেলেছে ওরা।’ অবশ্য বোলারদেরও প্রশংসায় ভাসালেন মরগান, ‘বোলাররাও শ্রীলঙ্কাকে এমন রানে বেঁধে রেখেছে, আমরা কোনো চাপই অনুভব করিনি।’
প্রথম ম্যাচে ২৮৬ তাড়া করে টাই, দ্বিতীয় ম্যাচে ২৫৪ তাড়া করে ১০ উইকেটের রেকর্ড জয়...পাঁচ ওয়ানডের সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ এই ধারাটা ধরে রাখতেই চাইবে ইংল্যান্ড। সূত্র: ক্রিকইনফো।