আর হবে না চ্যাম্পিয়নস ট্রফি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুদ্ধশ্বাস উত্তেজনা ও উত্থান-পতনে ভরপুর ব্লকবাস্টার এক টুর্নামেন্ট। মাত্রই শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য এই প্রশংসা বরাদ্দ করাই যায়। কিন্তু হা-হতাস্মি, জমজমাট এক আসর শেষে সেই চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্যেই কিনা অনিশ্চয়তার মেঘ। বেশি বেশি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে ও ওয়ানডে বিশ্বকাপকে বেশি গুরুত্ব দিতে আইসিসি বাতিল করে দিতে পারে চ্যাম্পিয়নস ট্রফি। অন্তত গত পরশু এমন ইঙ্গিত দিয়ে রাখলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, ‘আমরা আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টগুলোকে একটিকে আরেকটির চেয়ে আলাদা করতে চাই। চাই টুর্নামেন্টগুলো যেন স্বতন্ত্র রূপ পায় ও সর্বোচ্চ দর্শক আগ্রহ তৈরি করতে পারে। এখনো জানি, ২০২১ চ্যাম্পিয়নস ট্রফি ভারতে হবে। আমরা চাচ্ছি চার বছরের এক চক্রে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে। বাড়তি টি-টোয়েন্টি বিশ্বকাপকে জায়গা দিতে বাদ পড়তে পারে চ্যাম্পিয়নস ট্রফি।’

আগামী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতার মাত্রা তাতে বাড়বে—এই যুক্তিতেই দুটি ৫০ ওভারের বৈশ্বিক টুর্নামেন্টের প্রয়োজনীয়তা দেখছে না আইসিসি।

চ্যাম্পিয়নস ট্রফি বাতিলের চিন্তাভাবনা অবশ্য এবারই প্রথম করছে না আইসিসি। ২০১২ সালে তো সিদ্ধান্তই হয় ২০১৩ সালেই বসবে চ্যাম্পিয়নস ট্রফির শেষ আসর। পরে ওই আসরের সাফল্য দেখে ২০১৪ সালে ওই সিদ্ধান্ত বদলায় আইসিসি। এএফপি।