এবি ডি ভিলিয়ার্স তৈরি ছিলেন। সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠবে, তা যেন জানতেনই। বিশ্বকাপ কিংবা বড় কোনো টুর্নামেন্টের নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকা খেলবে, আর তার আগে এ প্রশ্ন উঠবে না—এমন হয় নাকি!
কয়েকটা প্রশ্নের পরই সেই প্রসঙ্গটা এল। যেন জবাবটা মুখেই ছিল, এমনভাবে কথা কেড়ে নিয়ে ডি ভিলিয়ার্স বললেন, ‘দেখুন, অতীতে কী হয়েছে সেটা নিয়ে এখন আমরা বিন্দুমাত্র ভাবছি না। আমাদের ভাবনায় ভবিষ্যৎ। আমি শুধু এটুকু বলতে পারি, কাল (আজ) আমরা চোক করব না। আমরা ভালো ক্রিকেট খেলব এবং জিতে মাঠ ছাড়ব। ব্যস, এইটুকুই।’
বললেন বটে, কিন্তু অতীত কি এত সহজে পিছু ছাড়বে দক্ষিণ আফ্রিকার? ইতিহাস বলছে, বর্ণবাদের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর ১৯৯২ থেকে এ পর্যন্ত বিশ্বকাপে নকআউট পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। কখনো দুর্ভাগ্যের শিকার হয়ে, কখনো চাপের মুখে গুঁড়িয়ে গিয়ে থেমেছে তাদের পথচলা। গায়ে লেগেছে ‘চোকার্স’ তকমা। অন্যদিকে সিডনির কোয়ার্টার ফাইনালে আজ প্রোটিয়াদের প্রতিপক্ষ যে দলটা, সেই শ্রীলঙ্কার ইতিহাস চাপের মুখেই নিজেদের সেরাটা মেলে ধরার। ফলাফল, ১৯৯৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন, ২০০৭ ও ২০১১ বিশ্বকাপের রানার্সআপ। এ ছাড়া তারা সেমিফাইনাল খেলেছে ২০০৩ বিশ্বকাপে। আর শুধু বিশ্বকাপ কেন, বড় যেকোনো টুর্নামেন্টের নকআউট পর্বেই দুর্দান্ত খেলার রেকর্ড আছে শ্রীলঙ্কার। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও শিরোপা জিতেছিল দলটা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেই ট্রফিটা হাতে নিয়ে শ্রীলঙ্কান পেসার ও ফাইনালের অধিনায়ক লাসিথ মালিঙ্গাই বলেছিলেন, ‘এটাই শেষ নয়, এক বছরের মধ্যে আমরা আরও একটা বিশ্বকাপ চাই।’ সেই চাওয়াটা পূরণ করতে হলে আজ প্রোটিয়া-বাধা পেরোতে হবে লঙ্কানদের। মালিঙ্গাদের স্বপ্ন ভেঙে দিয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাস কি আজ নতুন করে লিখতে পারবে এবি ডি ভিলিয়ার্সের দল? পারবে চোকার্স তকমা ঝেড়ে ফেলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে?
ইতিহাসকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও, ‘অতীত তো অতীতই। সেখান থেকে আসলে আমাদের কিছু নেওয়ার নেই। আমরা সবাই জানি দক্ষিণ আফ্রিকা কত কঠিন দল। তাদের হারানো সহজ হবে না মোটেও।’
দল হিসেবে দক্ষিণ আফ্রিকাকেই একটু এগিয়ে রাখবেন অনেকে। এ বিশ্বকাপে দুই দলেরই চারটি করে জয় আর দুটি করে হার হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে উজ্জ্বল প্রোটিয়ারা। গত এক বছরে ৩৭ ম্যাচ খেলে ১৮টি জিতেছে শ্রীলঙ্কা, হেরেছে ১৮টি, ফল হয়নি একটি ম্যাচে। অন্যদিকে একই সময়ে ৩০টি ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা জিতেছে ২০টি, হেরেছে মাত্র ৯টি, ফল হয়নি একটি ম্যাচে। এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিংয়েও সেরা তিন ব্যাটসম্যানের দুজন দক্ষিণ আফ্রিকান। শীর্ষে ডি ভিলিয়ার্স, তিনে হাশিম আমলা। ডি ভিলিয়ার্স-আমলা বিশ্বকাপেও রান পাচ্ছেন। আজও ব্যাটিংয়ে এই দুজনের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা থাকবে দক্ষিণ আফ্রিকার। দুজন একই সঙ্গে ব্যর্থ হলে অবশ্য কাজটা কঠিন হয়ে যাবে কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসি কিংবা জেপি ডুমিনিদের জন্য।
অন্যদিকে ক্যারিয়ার-সায়াহ্নে এসে সেরা ফর্মে আছেন কুমার সাঙ্গাকারা। ব্যাট হাতে তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন তিলকরত্নে দিলশানও। ব্যাট করার খুব বেশি সুযোগ পাননি মাহেলা জয়াবর্ধনে। কিন্তু জ্বলে ওঠার জন্য এমন একটা ম্যাচের অপেক্ষাতেই তো থাকেন তিনি।
বল হাতে প্রোটিয়াদের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল যাঁর কাছে, সেই ডেল স্টেইন এখনো বিশ্বকাপে নিজের ছাপ রাখতে পারেননি। তবে ছন্দে আছেন মরনে মরকেল আর ইমরান তাহিররা। টুর্নামেন্টের এখন পর্যন্ত ম্যাচে ৫ উইকেট নেওয়া একমাত্র স্পিনার তাহির। ওদিকে চোট কাটিয়ে দীর্ঘদিন পরে দলে ফিরলেও ক্রমেই নিজেকে খুঁজে পাচ্ছেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কার জন্য বড় দুশ্চিন্তা হচ্ছে রঙ্গনা হেরাথের চোট। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে দলে ঢুকে যাবেন লেগ স্পিনার সেকুগে প্রসন্ন।
একটা বদল আছে দক্ষিণ আফ্রিকা দলেও। পিঠের চোট থেকে সেরে উঠেছেন ডু প্লেসি। তাঁকে জায়গা দিতে সরে দাঁড়াতে হতে পারে রাইলি রুশো কিংবা ফারহান বেহারডিয়েনকে। ব্যাটসম্যান হিসেবে রুশো হয়তো এগিয়ে আছেন, কিন্তু সর্বশেষ ম্যাচে অপরাজিত ৬৪ করেছেন বেহারডিয়েনও। দক্ষিণ আফ্রিকার জন্য সেটি এক মধুর সমস্যা বটে!