আরও আসছে দিবারাত্রির টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের সঙ্গে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট খেলেই ক্ষান্ত হচ্ছে না অস্ট্রেলিয়া, কৃত্রিম আলোর টেস্ট ক্রিকেটকে নিয়মিত দৃশ্যে রূপ দিতে রাজি তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড ইঙ্গিত দিলেন, আগামী বছর আরও দুটি দিবারাত্রির টেস্ট হতে পারে।
আগামী বছর নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের বিপক্ষে ব্রিসবেনে এবং পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেডে ফ্লাডলাইটে টেস্ট আয়োজনের ইচ্ছে সাদারল্যান্ডের। তাঁর কথা, ‘সময়, স্থান ও পরিস্থিতি ঠিক থাকলে অবশ্যই আমরা এটি চালিয়ে যেতে চাই। দর্শক এটাই চায়।’ তবে এটি যে শুধু অস্ট্রেলিয়ার ওপর নির্ভরশীল নয়, সেটিও মানেন, ‘সফরকারী দলগুলোর ওপরও এটা নির্ভর করে। ইংল্যান্ড ও ভারতের মতো রক্ষণশীলরা এই প্রস্তাবে রাজি না-ও হতে পারে!’
নিউজিল্যান্ডও চায় দিবারাত্রির টেস্টকে নিয়মিত করতে। নিউজিল্যান্ড ক্রিকেটের হেড অব ক্রিকেট লিন্ডসে ক্রোকার আভাস দিয়েছেন আগামী বছর নিউজিল্যান্ডে বাংলাদেশ সিরিজের একটি টেস্ট হতে পারে দিবারাত্রির। সিডনি মর্নিং হেরাল্ড।