আরও উঁচুতে তাকিয়ে কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেকের পর এ পর্যন্ত কুক নিজেকে যেভাবে ফিট রেখেছেন, সেটাও বিস্ময়কর বৈকি!
অভিষেকের পর এ পর্যন্ত কুক নিজেকে যেভাবে ফিট রেখেছেন, সেটাও বিস্ময়কর বৈকি!

তাঁর আগে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয়েছে ৬২৩ জনের। কিন্তু তাঁদের কেউই যা করতে পারেননি, অ্যালিস্টার কুক করে দেখিয়েছেন সেটা। প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে পেরিয়েছেন টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক। দেশের হয়ে অসাধারণ এ কীর্তি গড়ার পথে ইংল্যান্ড অধিনায়কের অর্জনের মুকুটে যোগ হয়েছে আরও দুটি পালক। সবচেয়ে কম বয়সে ১০ হাজার টেস্ট রান করে পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে। অভিষেকের পর থেকে দ্রুততম সময়ে এই মাইলফলক ছুঁয়ে পেছনে ফেলেছেন ভারতেরই আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়কেও। দুর্দান্ত সব কীর্তির পর কুক তো হাওয়ায় উড়বেনই!
১০ হাজার তো হলো। এবার কি তবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের (১৫৯২১) মালিক টেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষা? ৩১ বছর বয়সী কুক কিন্তু উড়িয়ে দিচ্ছেন না সেই সম্ভাবনাও, ‘কে জানে! কখনো ১০ হাজার রান করতে পারব, এটাই তো ভাবিনি। এখন নতুন করে ভাবতে হবে, নতুন একটা ব্যক্তিগত লক্ষ্য ঠিক করতে হবে।’
সেই লক্ষ্যটা যে আরও দূরে, আরও উঁচুতে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে খুব জলদি নিজের করে নিতে পারেন, এমন আরেকটি রেকর্ডও হাতছানি দিচ্ছে কুককে। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে কুকের রান এখন ১৩৩০৭। ১৩৭৭৯ রান নিয়ে ইংলিশদের মধ্যে এ তালিকায় সবার ওপরে কেভিন পিটারসেন।
অভিষেকের পর এ পর্যন্ত কুক নিজেকে যেভাবে ফিট রেখেছেন, সেটাও বিস্ময়কর বৈকি! ২০০৬ সালের মার্চে ভারতের বিপক্ষে তাঁর অভিষেকের পর থেকে এ পর্যন্ত ১২৯টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। এর ১২৮টিতেই খেলেছেন কুক! চোটের কারণে খেলতে পারেননি শুধু ভারতের বিপক্ষে অভিষেক সিরিজের তৃতীয় টেস্টটি। দীর্ঘ সময় ধরে নিজের ফিটনেস ধরে রাখতে পেরে দারুণ সন্তুষ্ট কুকও, ‘সব ধরনের কন্ডিশনে নতুন বলে বিশ্বসেরা বোলারদের বিপক্ষে টপ অর্ডারে নেমে পরীক্ষা দিয়েছি। আমি আনন্দিত যে আমাকে খুব বেশি সময় বাদ পড়ে থাকতে হয়নি।’
সতীর্থ ও বন্ধুর অর্জনে গর্বিত ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনও। পরশু চেস্টার-লি-স্ট্রিটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর রসিকতা করে কুকের এই ফিটনেসের গোপন রহস্যও ফাঁস করলেন তিনি, ‘ও কখনোই বারে গিয়ে চার পেগের বেশি মদ পান করে না।’ কম যান না কুকও। পাল্টা রসিকতা করে বলেছেন, দুর্দান্ত এ কীর্তির পর একদিন একটু বেশি পান করতে তাঁর আপত্তি নেই। তবে সেটার টাকা দিতে হবে অ্যান্ডারসনকেই।
অ্যান্ডারসন মনে হয় না তাতে আপত্তি করবেন। এএফপি।