আরও উজ্জ্বল মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা কি ফিরে যাবেন বছর নয়েক আগের নভেম্বরে হওয়া খুলনার সেই ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচটিতে?
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ঝড়, নিয়ন্ত্রিত বোলিং—বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের নায়ক তিনিই। বলবেন, মাশরাফিকে তো কত ম্যাচেই এভাবে দেখা গেছে!
সোনালি দিনের সেই মাশরাফির ছবিটা মনে আঁকলে একটা দীর্ঘশ্বাসও ধেয়ে আসবে বুকের গভীর থেকে। বল হাতে শুরুতেই উদ্বোধনী জুটি গুঁড়িয়ে দিয়ে প্রতিপক্ষের মনোবলে বিরাট ধাক্কা দেওয়া; সে ধাক্কা সামলাতে না পেরে শেষ পর্যন্ত প্রতিপক্ষের ইনিংসের দৌড়টা অল্পতেই থেমে যাওয়া আর ব্যাট হাতে অপরাজিত ছোট্ট অথচ ভীষণ কার্যকরী একটা ইনিংসে রঙিন সমাপ্তিরেখা টানা—মাশরাফির কাছ থেকে এমন পারফরম্যান্স সর্বশেষ কবে দেখেছে বাংলাদেশ?
এ বছর সাফল্যের নায়ে ভেসে চলা বাংলাদেশ দলের কান্ডারি তিনি। অথচ বেশির ভাগ ক্ষেত্রে বইঠা টানার মূল দায়িত্ব পালন করেছেন নৌকার অন্য মাল্লারা। বহুদিন পর কাল দেখা মিলল সেই মাশরাফির, বল-ব্যাট হাতে নেতৃত্ব দিলেন সামনে থেকেই, শুরুতেই ২ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেললেন। এর পর ১৩২ রানের সহজ লক্ষ্যটা তাড়া করতে গিয়ে খানিকটা চাপে পড়া দলকে অপরাজিত ১৫ রান করে বিজয়ের বন্দরে নিয়ে গেলেন। মাশরাফিও ম্যাচসেরা হতে পারতেন!
দুই দিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রতি ম্যাচেই শেষ মুহূর্তে ঝড় ওঠার ইঙ্গিত মিলেছে তাঁর ব্যাটে। তবে কি ব্যাটিংয়ে বিশেষ মনোযোগ মাশরাফির? অধিনায়ক অবশ্য শোনালেন ভিন্ন কথাই, ‘কখনোই ব্যাটিং নিয়ে কাজ করিনি। করার সুযোগ হয়নি আমার ক্যারিয়ারে। চোটাক্রান্ত হওয়ায় সব সময়ই বোলিং নিয়েই ভেবেছি। ফিরতে হলে আমাকে বোলিং দিয়েই ফিরতে হবে। বোলিং এমনই জিনিস, ম্যাচের পর ম্যাচ খেলে জায়গায় আসতে হবে। তবে মানসিকভাবে একটু পরিবর্তন হয়েছে। শেষ সময়ে যদি ওভার ও ব্যাটসম্যান থাকে, তবে সুযোগটা কাজে লাগাতে হবে। যখন আটে নামব, অপর প্রান্তের ব্যাটসম্যানকে তো সঙ্গ দিতেই হবে। এ মানসিকতাটুকুই পরিবর্তন করেছি।’
কেবল নিজেরই নয়; অধিনায়কের চাওয়া ব্যাটিং অর্ডারে একেবারে নিচে থাকা সব ব্যাটসম্যানেরই কিছু না-কিছু ভূমিকা, ‘এখন থেকেই চিন্তা করতে হবে, যে যখন ১১ নম্বরে ব্যাটিং করবে, কিছু অবদান রাখবে। ওই পজিশনে মুস্তাফিজ কিংবা আল আমিন নামলে সে ফিফটি করবে তা আশা করি না। তবে দলের প্রয়োজনে ৫-১০ রান করেও অবদান রাখবে। পরে হয়তো ওই রানটাই ম্যাচ জয়ে ভূমিকা রাখবে।’
বহুদিন পর দেখা মিলল আগের মাশরাফির—নিজের জন্য কতটা স্বস্তির? মাশরাফি অবশ্য এটাকে ‘স্বস্তি’ ভাবতে রাজি নন। সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে মাশরাফি শোনান একটু আগে বলা কথাটাই, ‘মনোযোগটা আসলে বোলিংয়েই থাকে। ইদানীং ব্যাটিংটা হয়তো ভালো হচ্ছে...।’ কথা শেষ হওয়ার আগেই ঘিরে ধরে এক দঙ্গল ভক্ত। ছবি তোলার আবদার মেটাতে দাঁড়িয়ে যেতে হয় অধিনায়ককে। ফ্লাডলাইটের আলোয় মাশরাফির মুখটা দেখায় আশ্চর্য রকম উজ্জ্বল। দলের সাফল্য, ব্যক্তিগত সাফল্য—দুই মিলে অধিনায়কের ঔজ্জ্বল্য যেন বেড়েছে বহুগুণ!