আরও একটি অসহায় আত্মসমর্পণ

দক্ষিণ আফ্রিকার সংগ্রহটা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। ১৭০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে ব্যাটিংটাও হতে হতো সে অনুযায়ীই। তামিম ইকবাল আর সৌম্য সরকার শুরুটাও করেছিলেন আশাজাগানিয়া। কিন্তু টি-টোয়েন্টি ব্যাটিংয়ে বাংলাদেশের খেই হারানোর যে পুরোনো রোগ, সেটা মাথাচাড়া দিয়ে উঠতেই পথটা হারিয়ে ফেলল বাংলাদেশ। শেষের দিকে হারিয়ে ফেলা পথটা খোঁজার ব্যর্থ চেষ্টাটা করে পরাজয়ের ব্যবধানটাই কেবল কমানো গেল। ইনিংসের ৪ বল বাকি থাকতে ১৩৮ রানে অলআউট হয়ে ৩১ রানের পরাজয়ই সঙ্গী হল বাংলাদেশের। কিছু দিন আগেই ওয়ানডেতে পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করা টাইগার-বাহিনী টি-টোয়েন্টিতে এসে এবার হলো ‘প্রোটিয়া-ওয়াশ’।
সৌম্য খেলেছেন ২১ বলে ৩৭ রানের দারুণ একটা ইনিংস। তামিমের সঙ্গে তাঁর ৪৬ রানের উদ্বোধনী জুটিতে ছিল প্রত্যয়। উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন হওয়ার পরপরই যেন দিশেহারা বাংলাদেশের ব্যাটিং। তামিম ফিরেছেন ১৩ রান করে, সাকিব (৮) , মুশফিকের (১৯) কেউই সুবিচার করতে পারেননি নিজেদের নামের প্রতি। সাব্বির রহমান আর নাসিরের ব্যাপারেও একই কথা প্রযোজ্য।
অভিষিক্ত রনি তালুকদারকে সঙ্গে নিয়ে মাশরাফি কিছুটা লড়েছিলেন, কিন্তু সেটা পরাজয়ের ব্যবধান কমানোরই লড়াই ছিল।
বাংলাদেশকে আজ শেষ করে দিয়েছেন তিন প্রোটিয়া বোলার। এঁদের মধ্যে দুজন স্পিনার। যে স্পিন দিয়ে দক্ষিণ আফ্রিকাকে বধ করার পরিকল্পনা তৈরি হয়েছিল, সেই স্পিনই এখন বুমেরাং বাংলাদেশের জন্য। এড লেইয়ের লেগ স্পিন আর অ্যারন ফাঙ্গিসোর বাঁহাতি অর্থোডক্স যেন দুর্বোধ্য মনে হলো বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে। দুজনেই ৩টি করে উইকেট নিয়ে লড়াইয়ের শক্তিটাই নিঃশেষ করে দেন বাংলাদেশের। কাইল অ্যাবটের জোরে বোলিংও কম ভোগায়নি বাংলাদেশকে। তাঁর ঝুলিতেও গেছে ৩টি উইকেট।