আরও একটি ফিফটি তামিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একবার ফিফটি করেই সাজঘরে তামিম। ছবি: প্রথম আলো।
আরও একবার ফিফটি করেই সাজঘরে তামিম। ছবি: প্রথম আলো।

আবারও ফিফটি করলেন, কিন্তু সেঞ্চুরি ধরা দিল না। বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তামিম ইকবাল খেললেন ৫৫ রানের ইনিংস। পা রাখলেন লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজার রানের তালিকায়। তামিম অবশ্য পুড়বেন প্রিমিয়ার লিগের আরও একটি ম্যাচে তিন অঙ্ক না ছোঁয়ার আফসোসে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগের সাত ম্যাচে চারটি ফিফটিসহ ৩৮.৭১ গড়ে ২৭১ রান করলেও একটি সেঞ্চুরিও পাননি জাতীয় দলের এই তারকা।


সেঞ্চুরি পেতে গিয়েও পাননি একটি ম্যাচে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে তিনি আউট হন ৯০ রানে, সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে। ভিক্টোরিয়ার বিপক্ষে ৬৩ রানের ইনিংস কিংবা লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে ৫৪ রানের ইনিংসটির কথাই ধরুন না! খুব সহজেই এই দুটি ইনিংসকে বড় করা যেত, নিয়ে যাওয়া যেত তিন অঙ্কের ঘরে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আজকের ইনিংসটিও যেন বাড়িয়ে দিচ্ছে তামিমের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটাকেই।

আজ ৫৫ রান করেছেন তিনি ৬৬ বল খেলে। মেরেছেন ৭টি চার। ৯২ মিনিটের এই ইনিংসটি শেষ হয় অফ স্পিনার মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে। তাঁর এই ৫৫ রানের পাশাপাশি ভারতীয় ক্রিকেটার রজত ভাটিয়ার অপরাজিত ৯০, মোসাদ্দেক হোসেনের ৪৭ আর লিটন দাসের ৩৭ রানের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান তুলেছে তামিমের আবাহনী।

আবাহনীর রানের জবাবটা অবশ্য আজ দিতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যাটিংয়ে নামার আগেই বৃষ্টি এসে খেলাটিকে নিয়ে গেছে রিজার্ভ ডেতে। আগামীকাল বুধবার আবাহনীর রান তাড়া করতে মাঠে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

অন্য ম্যাচে ২২৪ রানে অলআউট হয়ে গেছে মোহামেডান। ১১ বল খেলে অধিনায়ক মুশফিকের শূন্য মারার দিনে আরও বিপদে পড়তে পারত তাঁর দল। মাত্র ৪১ রানে পড়ে গিয়েছিল ৫ উইকেট। সাত আর আটে নামা নাজমুল ও হাবিবুর দুটি ফিফটির ইনিংস খেলে মান বাঁচিয়েছেন। ম্যাচ বাঁচাতে পারবেন কি না, সেটাই এখন দেখার। এই ম্যাচটিও চলে গেছে রিজার্ভ ডেতে।