আরও এগিয়ে গেল বাংলাদেশ

ওপেনিং জুটিতে ১৫৮ রান। নতুন বলে ভালো বোলিং? ৪০ রানের মধ্যে একাই জিম্বাবুয়ের ৩ উইকেট নিয়ে সেটাও তো করে দেখালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা! বাকি থাকে ফিল্ডিং। আরাফাত সানি, মাহমুদউল্লাহ ও মাশরাফির দুর্দান্ত সব ক্যাচ আর মিড অফ থেকে সাব্বির রহমানের সরাসরি থ্রোতে এলটন চিগুম্বুরার রানআউটের পর সেটা নিয়েও কি আর অতৃপ্তির সুযোগ আছে?
কাল দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ে হারল ৬৮ রানে এবং বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে গেল ৫ ম্যাচের সিরিজে। ২৯১তম ওয়ানডেতে এটি ৮২তম জয় হলেও টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে পেল নিজেদের শততম জয়। তা এই ম্যাচের আগে বাংলাদেশ আর জিম্বাবুয়ে দলের আত্মবিশ্বাসে যে রকম পার্থক্য ছিল, বড় কোনো অঘটনই কেবল অনুমিত এই ফলাফলটা এড়াতে পারত। জিম্বাবুয়ের কাছে হারতে হতে পারে, ম্যাচের আগে এমন কোনো চিন্তাই যেন ছিল না বাংলাদেশ শিবিরে! চিন্তা ছিল একটাই—কীভাবে ছাড়িয়ে যাওয়া যায় নিজেদের, শোধরানো যায় আগের ম্যাচের ভুলগুলো।
এ ম্যাচের আগে দুটি দিকে বিশেষ দৃষ্টি দিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টপ অর্ডারের ব্যাটিং আর নতুন বলের বোলিং। সে জন্য ম্যাচের আগের দিন টপ অর্ডার ব্যাটসম্যান আর পেসারদের নিয়ে মিটিংয়েও বসেছিলেন কোচ। সেই মিটিংয়েরই সুফল কি না কে জানে, তামিম ইকবাল-এনামুল হকের উদ্বোধনী জুটিতে এল ১৫৮। উদ্বোধনী জুটিতে বাংলাদেশের পক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ এখনো ১৯৯৯ সালের মার্চে ঢাকায় এই জিম্বাবুয়ের বিপক্ষেই গড়া শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের ১৭০ রানের জুটিটা।
শুরু থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন তামিম ও এনামুল। তবে প্রথম থেকে রানের জন্য না ছুটে দুজনেই চেষ্টা করেছেন উইকেটে থিতু হতে। তাতে তাঁরা সফলও। ১১০ বলে ৮০ রানের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ছাড়াও অফ স্পিনার নিয়ুম্বুকে মিড অফ দিয়ে একটা ছক্কা মেরেছেন এনামুল। অবশ্য ব্যক্তিগত ৫৩ রানে কামুনগোজির বলে পয়েন্টে তাঁকে নতুন জীবন দিয়েছে মায়ারের পিচ্ছিল হাত। এদিক দিয়ে দুর্ভাগাই বলতে হবে তামিমকে। নিয়ুম্বুকে তাঁরই মাথার ওপর দিয়ে ছক্কা মেরে ফিফটি করা তামিমকে ড্রেসিংরুমে ফিরতে হয়েছে ব্যাটিং পাওয়ার প্লের শেষ বলে রানআউট হয়ে। ৯৮ বলে ৭৬ রানের ইনিংসে ওই ছক্কাটির সঙ্গে ছিল সাতটি বাউন্ডারি। তামিমের আউটের আগে অবশ্য ব্যাটিং পাওয়ার প্লেটাকে ভালোই কাজে লাগিয়েছেন দুই ওপেনার। ২৯ থেকে ৩৩—এই ৫ ওভারে শুধু তামিমের উইকেটটা হারিয়ে রান আসে ৪২।
এত ভালো উদ্বোধনী জুটির পরও বাংলাদেশের রান হলো ৭ উইকেটে ২৫১! ১৫৮ রানে প্রথম উইকেট পড়ার পর মাত্র ৪৬ রানের মধ্যে পড়েছে আরও ৫ উইকেট। বিনা উইকেটে ১৫৮ থেকে ৬ উইকেটে ২০৪! অদ্ভুত এক মিল আছে বাংলাদেশ দলের প্রথম ৬ উইকেটের পতনেও। তিনবার দুটি করে উইকেট পড়েছে একই রানে। ১৫৮ রানে তামিমের পর বিদায় নিলেন তিন নম্বরে নামা সাকিব আল হাসান। ১৭৩ রানের মাথায় এক বলের ব্যবধানে বিদায় নেন এনামুল ও সাব্বির। আর ২০৪ রান থাকতে কামুনগোজির পর পর দুই বলে ড্রেসিংরুমে ফিরেছেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম।
তিন নম্বর জায়গাটা সাকিবকে ছেড়ে দিয়ে সাত নম্বরে নেমেছিলেন মুমিনুল হক। ব্যাটিং অর্ডারে এতটা পিছিয়ে গিয়েও সময়ের দাবি মেটাতে পেরেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। শেষ দিকে যখন একটার পর একটা উইকেট পড়ছিল, তাঁর অপরাজিত ৩৩ রানই বাংলাদেশের রানটাকে নিয়ে গেছে আড়াই শর ওপারে। তবে ওপরে উঠে সফল হননি সাকিব। উইকেটে গিয়ে বোল্ড হয়ে গেছেন সিবান্দার প্রথম বলেই। ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার ৫৬ ম্যাচ পর ওয়ানডেতে আবারও নামের পাশে ‘০’ দেখলেন সাকিব।
সাকিবের জন্য এটা যেমন অনাকাঙ্ক্ষিত, একটু অন্যভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছেন মুশফিকুর রহিমও। ইনিংসের ৪৩তম ওভারে চাতারার বলে মাহমুদউল্লাহর সঙ্গে দুই রান নেন মুশফিক। দ্বিতীয় রানটি নেওয়ার সময় বলের দিকে তাকিয়ে পেছনে হাঁটতে থাকা বোলার চাতারার সঙ্গে সংঘর্ষ প্রায় বেধেই যাচ্ছিল তাঁর। ঘটনাটা চাতারার অজান্তেই ঘটতে যাচ্ছিল। কিন্তু দ্বিতীয় রান পূর্ণ করে মুশফিক চড়াও হলেন চাতারার ওপর। মুখে যা বলার তো বলেছেনই, চাতারাকে ব্যাট উঁচিয়েও দেখিয়েছেন। তবে মাঠেই দুজনের মধ্যে মিটমাট করে দিয়েছেন আম্পায়াররা।
১৮৩ রানে অলআউট হওয়া জিম্বাবুয়ের ইনিংসের হাইলাইটস বলতে পারেন মাশরাফি ও আরাফাত সানির বোলিং। মাশরাফি তো যা করার করে দিয়েছেন ৬ ওভারের প্রথম স্পেলেই। ওই ৬ ওভারে ১৯ রানে ৩ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের কোমরটা ভেঙে দিয়েছিলেন তিনিই। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিং করেও তাই আরাফাত সানি ম্যান অব দ্য ম্যাচ নন, পুরস্কারটা উঠেছে অধিনায়কের হাতেই।
খুলনার পর সিরিজের চট্টগ্রাম পর্বও শেষ। পরের তিন ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২৬ নভেম্বর তৃতীয় ওয়ানডের জন্য কালই ১৩ সদস্যের দল ঠিক করে ফেলেছেন নির্বাচকেরা। তাতে নেই প্রথম দুই ম্যাচের দলে থাকা পেসার আল আমিন।
বাংলাদেশ: ৫০ ওভারে ২৫১/৭
জিম্বাবুয়ে: ৪৪.৫ ওভারে ১৮৩
ফল: বাংলাদেশ ৬৮ রানে জয়ী