আরও এগোল প্রাইম ব্যাংক

বিকেএসপি ৩ নম্বর মাঠের ওই ছোট্ট গ্যালারিতেও ৫০-৬০ জন দর্শক। সবাই প্রাইম ব্যাংকের সমর্থক। ম্যাচজুড়ে গলা ফাটিয়ে দলকে উৎসাহ দিয়ে গেল তারা। শেষ উইকেট পড়ার অনেক আগেই ভাগ্য নির্ধারিত হয়ে গেছে ম্যাচের। তবু ম্যাচ শেষ হতেই ওই সমর্থকেরা, প্রাইম ব্যাংকের ক্রিকেটার, কর্মকর্তাদের উল্লাস দেখে মনের হচ্ছিল যে লিগই বুঝি জিতে গেছে তারা!
আদতে লিগ জিততে যে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে, জানে তারাও। তবে বড় একটা বাধা পেরিয়ে শীর্ষস্থানে আরও জাঁকিয়ে বসেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে শুধু এটিই একমাত্র কারণ নয়। এই ম্যাচে যে ছিল মাঠের বাইরেও একটা লড়াই! প্রাইম ব্যাংকের কোচ বিসিবি পরিচালক খালেদ মাহমুদ। সাবেক এই বাংলাদেশ অধিনায়কসহ বোর্ড ও অনেক বোর্ড কর্মকর্তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যান লুৎফর রহমানের। এই টানাপোড়েন ও মনস্তাত্ত্বিক লড়াই মিলিয়ে ম্যাচটিকে ঘিরে ছিল প্রায় ‘যুদ্ধের’ আবহ। সেই যুদ্ধে অনায়াস জয়ে অমন উল্লাস স্বাভাবিকই। কালকের ৯৫ রানের হার আর লিগে টানা তৃতীয় হারে শিরোপাপ্রত্যাশী রূপগঞ্জ নেমে গেছে পয়েন্ট টেবিলের চারে।
কালকের আরেক ম্যাচে মিরপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে নাটকীয় জয়ে সুপার লিগের আশা ভালোভাবেই জিইয়ে রেখেছে মোহামেডান। আরেক ম্যাচে ধুঁকতে থাকা ওল্ড ডিওএইচএসকে উড়িয়ে দিয়েছে প্রাইম দোলেশ্বর।
বিকেএসপিতে টস জিতে ফিল্ডিংয়ে নামা রূপগঞ্জের স্পিনাররা ইনিংসের অর্ধেকটা জুড়ে ভালোই চেপে ধরেছিলেন প্রাইম ব্যাংক ব্যাটসম্যানদের। লিগে প্রথম ম্যাচ খেলতে নেমে দারুণ বোলিং করেছেন সাকিব আল হাসান, নেতৃত্বেও মাঠে ছিলেন বেশ সক্রিয়। ৩০তম ওভারে অফ স্পিনার শরীফউল্লাহর বলে যখন শহীদের হাতে দারুণ ক্যাচ হয়ে ফিরছেন ব্রেন্ডন টেলর (৫৬ বলে ২৩), প্রাইম ব্যাংকের রান ৪ উইকেটে ১০৬। শুভাগত হোম নামার পর গতি পায় রানের চাকা। ৫৯ বলে ৪৬ রানে শুভাগত বোল্ড হন সাকিবের সোজা বল কাট করতে গিয়ে। শুরুতে অস্বস্তিতে খেললেও পরে দুই বাঁহাতি স্পিনার মোশাররফ আর নাঈম জুনিয়রকে বিশাল দুটি ছক্কা মেরেছেন তাইবুর পারভেজ (৪৭ বলে ৩৯)। সম্ভাব্য স্কোর যখন মনে হচ্ছে দুই শর আশপাশে, সেটাই শেষ পর্যন্ত ২৪৩ হয়ে যায় নুরুল হাসান (৩৩ বলে ৪১) ও ফরহাদ রেজার (২০ বলে ৩২) ঝড়ে। সপ্তম উইকেটে ৩২ বলে ৬০ রানের জুটি গড়েন দুজন। শেষ ১০ ওভারে প্রাইম ব্যাংক তুলেছে ৯৪।
ওই রান তাড়ার মতো বড় জুটিই কখনো গড়ে তুলতে পারেনি রূপগঞ্জ। উইকেটে গিয়েই এনামুল জুনিয়রকে চার-ছয় মারা সাকিব আউট হয়েছেন পরের ওভারেই অহেতুক ফরহাদকে তুলে মারতে গিয়ে, মিড অনে দারুণ ক্যাচ নিয়েছেন তাইজুল। আগের দিন ঢাকায় পা রেখে কালই মাঠে নামা রায়ান টেন ডেসকাট খেলছিলেন দারুণ। কিন্তু চার ছক্কায় ৪০ করে বোল্ড হন তাইজুলের সোজা বলের লাইন মিস করে। এক পাশ আগলে রাখা জহুরুল ফিরেছেন ফিফটির পরপরই। ফরহাদকে হুক করতে গিয়ে চোয়ালে আঘাত পেয়ে মাঠ ছাড়া মোশাররফ আর ব্যাটিংয়ে নামতে পারেননি। তবে গুরুতর নয় আঘাত। মাঠে এলেও খেলেননি চোটের কারণে বিশ্রামে থাকা তামিম ইকবাল। দুই দিন আগে ওয়ানডে অভিষেকে ৪ উইকেট নেওয়া তাইজুল আবারও পেয়েছেন ৪ উইকেট। কালও আম্পায়ারিং নিয়ে অভিযোগ ছিল লুৎফর রহমানের। শরিফ উল্লাহ ও রুবেলকে দেওয়া এলবিডব্লুর সিদ্ধান্ত নিয়ে সংশয় আছে যথেষ্টই। তবে রূপগঞ্জের হার নিশ্চিত আসলে এর অনেক আগেই। যোগ্য দল হিসেবেই জিতেছে প্রাইম ব্যাংক।
মিরপুরে মোহামেডানের ১৮৫ রান তাড়ায় একাই লড়ছিলেন শাহরিয়ার নাফীস। একপর্যায়ে প্রয়োজন ছিল ২৮ বলে ১৪ রান, হাতে ৪ উইকেট। ৮৯ রান করে শাহরিয়ার আউট হলেন মুরাদ খানের বলে, ৫ রানে শেষ ৪ উইকেট হারাল শেখ জামাল। মাশরাফি বিন মুর্তজার মোহামেডান জিতল ৮ রানে। এক প্রান্ত আগলে রাখা ৫৭ রানের পর নতুন বলে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নাঈম।
প্রাইম দোলেশ্বরকে প্রথম নেতৃত্ব দিয়েছেন কাল মুশফিক, ২২৫ রান করেই দল পেয়েছে ১০৯ রানের বিশাল জয়। খণ্ডকালীন স্পিনার আসিফ আহমেদ পেয়েছেন লিস্ট এ-তে প্রথম ৫ উইকেট, বাঁহাতি স্পিনার সানজামুল ৪টি।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান-শেখ জামাল, মিরপুর
মোহামেডান: ৫০ ওভারে ১৮৫/৯ (নাঈম ৫৭, আরিফুল ৩৭, মিঠুন ৩১; সোহাগ ৩/৩৩, মেহেদী ২/৩৩)। শেখ জামাল: ৪৮.৫ ওভারে ১৭৭ (শাহরিয়ার ৮৯, তুষার ২৬; নাঈম ৩/২১, অমিত ৩/৩৫, রাহাতুল ২/২০)।
ফল: মোহামেডান ৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম।
লিজেন্ডস অব রূপগঞ্জ-প্রাইম ব্যাংক, বিকেএসপি
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২৪৩/৯ (শুভাগত ৪৬, নুরুল ৪১, তাইবুর ৩৯, রেজা ৩২, সৈকত ২৭, টেলর ২৩; নাঈম জু. ২/৪৮, রুবেল ২/৫৫)। রূপগঞ্জ: ৩৯.১ ওভারে ১৪৮ (জহুরুল ৫৩, ডেসকাট ৪০; তাইজুল ৪/৩২, শুভাগত ২/৭, রেজা ২/২৮)।
ফল: প্রাইম ব্যাংক ৯৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ফরহাদ রেজা।
প্রাইম দোলেশ্বর-ওল্ড ডিওএইচএস, ফতুল্লা
দোলেশ্বর: ৫০ ওভারে ২২৫/৯ (মারুফ ৪৭, রনি ২৯, ইলিয়াস সানি ২৭*, মুশফিক ২৫, সুমন ২১; সালেহ ৪/৩০, শহীদুল ২/২৯, সঞ্জিত ২/৩৫)। ওল্ড ডিওএইচএস: ৪০.২ ওভারে ১১৬ (শানাজ ৫৯, রুবেল মিয়া ২১; আসিফ ৫/২৪, সানজামুল ৪/২০)।
ফল: দোলেশ্বর ১০৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আসিফ আহমেদ।