আরও ক্ষুরধার হয়ে ফিরবে নারাইন

রিচি রিচার্ডসন সুনীল নারাইনের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী। নারাইনকে অনেক দিনের চেনা ও তাঁকে দেখার অভিজ্ঞতা থেকে সাবেক ক্যারিবীয় অধিনায়কের ধারণা, বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ সুনীল নারাইনকে আরও ক্ষুরধার করে তুলবে। তিনি নিশ্চিত, নিজেকে পরিষ্কার করে নারাইন যখন ফিরবেন, সেটা হবে বিশ্বের তাবৎ ব্যাটসম্যানদেন জন্য নতুন এক অভিজ্ঞতা।
সম্প্রতি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগের মুখে পড়েছেন এই ক্যারিবীয় অফ স্পিনার। বল করতে পারেননি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। তাঁকে যেতে হবে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে। এ ক্ষেত্রে যে তাঁর অ্যাকশনে যথেষ্ট পরিবর্তন আনতে হবে, সেটা নতুন করে বলার কিছু নেই। বেশিরভাগ ক্ষেত্রে বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে রক্ষা পেতে বোলারকে অ্যাকশনে ব্যাপক পরিবর্তন আনতে হয়। অ্যাকশনের পরিবর্তন অনেক সময় বোলারের স্বাভাবিক পারফরম্যান্স বিঘ্নিত করতে পারে। এমনটা অতীতে অনেক বোলারের ক্ষেত্রেই ঘটেছে। নারাইনের ক্ষেত্রেও তা ঘটা অস্বাভাবিক নয়।
কিন্তু রিচি রিচার্ডসন নিশ্চিত, বোলিং অ্যাকশনে পরিবর্তন আনতে হলেও নারাইন সে প্রক্রিয়ার সঙ্গে খুব দ্রুতই মানিয়ে নিতে পারবেন, ‘আমি নারাইনকে যতোটা চিনি, হেরে যাওয়ার পাত্র সে নয়। সে খুব কঠিন মানসিকতার খেলোয়াড়। যতই বাধা আসুক, যত সমস্যাই হোক, সে ঠিকই মাথা উঁচু করে বেরিয়ে আসে। বোলিং অ্যাকশনের সমস্যার ব্যাপারটিও যে সে খুব ভালোভাবে সামলে উঠতে পারবে, সে ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। আমি মনে করি, আরও ক্ষুরধার হয়েই ফিরবে আমাদের নারাইন।’
ভারত সফরে নারাইনকে হারানো একটা ধাক্কা—এটা মনে করেন রিচার্ডসন। তবে বিষয়টা নিয়ে অতিরিক্ত ভাবনায় না যেয়ে ইতিবাচক মানসিকতা এই মুহূর্তে জরুরি বলে মনে করেন রিচার্ডসন, ‘আমাদের এখন ভারত সফরের দিকে দৃষ্টি দিতে হবে। এটা নিশ্চিত, আমরা ভারতে নারাইনকে পাচ্ছি না। কিন্তু নারাইনকে ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ভারতকে হারাতে পারবে না, এটা কে বলল। আমি নিশ্চিত ভারতকে হারানোর ক্ষমতা ওয়েস্ট ইন্ডিজের আছে।’
ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে দুই স্পিনারের ব্যাপারটিও খুব একটা চিন্তিত করছে না রিচার্ডসনকে। তিনি মনে করেন নির্বাচকেরা ভারত সফরের জন্য ‘সেরা’ দলটাকেই বেছে নিয়েছেন, ‘দেখুন আমি তো নির্বাচক নই। নির্বাচকেরা সম্ভাব্য সেরা দলটাই বেছেছেন ভারত সফরের জন্য। নির্বাচকেরা এমন একটি কাজ করেন, যেটা দিয়ে কখনোই সবাইকে পুরোপুরি সন্তুষ্ট করা যায় না। আমি নিজে যখন অধিনায়ক ছিলাম তখন আমার পছন্দমতো দল সব সময় পেতাম না। এটা একটা “গণতান্ত্রিক” প্রক্রিয়া। আমাদের এটা মেনে নিতে হবে।’ সূত্র: পিটিআই।
ছবি: এএফপি।