আরও চার সেঞ্চুরি
জমে উঠেছে জাতীয় লিগ। পঞ্চম রাউন্ড শেষে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে শীর্ষে দুইয়ে অবস্থান তিন দলের। কাল রাজশাহীকে ইনিংস ও ১ রানে হারানো রংপুর ৮৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে। ৮৬ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দুইয়ে খুলনা ও ঢাকা বিভাগ। পঞ্চম রাউন্ডে ড্র হয়েছে খুলনা-ঢাকা ম্যাচ। ড্র হয়েছে বরিশাল-চট্টগ্রাম ম্যাচও। সিলেটকে ১৩৫ রানে হারিয়েছে ঢাকা মহানগর। ৫ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে মহানগর আছে চারে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে দ্বিতীয় ইনিংসে ২৬৩ রানে অলআউট হয় রাজশাহী। সর্বোচ্চ ৭০ রান করে অপরাজিত ছিলেন ৯ নম্বর ব্যাটসম্যান মুক্তার আলী। রংপুরের অফ স্পিনার সঞ্জিত সাহাকে টানা ৪টি ছয় মেরেছেন মুক্তার। মিরপুরে ৩৫৮ রানের লক্ষ্যে ব্যাট করা সিলেট দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২২২ রানে।
ড্র হওয়া দুই ম্যাচ শেষ দিনে উপহার দিয়েছে আরও ৪ সেঞ্চুরি। ফতুল্লায় ১২ চার ও ৫ ছয়ে ১১০ রান করেছেন খুলনার জিয়াউর রহমান। ঢাকা বিভাগের ওপেনার আবদুল মজিদ (১০৪) পেয়েছেন এবারের লিগে তৃতীয় সেঞ্চুরি। বিকেএসপির ২ নম্বর মাঠে তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন চট্টগ্রামের তাসামুল হক (১২০*)। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন একই দলের ইরফান শুক্কুর (১০৪*)।