
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই রুয়ান কালপাগের অধীনে শুরু হয়েছিল আরাফাত সানির বোলিং অ্যাকশন শুদ্ধ করে তোলার প্রক্রিয়া। বাংলাদেশ দলের এই বাঁহাতি স্পিনারের পুনর্বাসনপ্রক্রিয়ার দুটি সেশন করে দেশে ছুটি কাটাতে গিয়েছিলেন জাতীয় দলের শ্রীলঙ্কান স্পিন কোচ। প্রায় দুই মাসের ছুটি কাটিয়ে কাল সকালে ঢাকায় ফিরেছেন কালপাগে।
কালপাগে ছুটিতে থাকলেও ছেদ পড়েনি সানির পুনর্বাসনপ্রক্রিয়ায়। কোচের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে বোলিং অ্যাকশন শোধরানোর চেষ্টা করেছেন একা একাই। নিয়মিতই নতুন অ্যাকশনের ভিডিও ফুটেজ পাঠিয়েছেন কালপাগেকে। সেটি দেখে তাঁর পরবর্তী করণীয় ঠিক করে দিয়েছেন বাংলাদেশ দলের স্পিন কোচ। এ পর্যন্ত সানির পুনর্বাসনপ্রক্রিয়ায় শেষ হয়েছে মোট ৭টি সেশন। কাল দুপুরে বিসিবি কার্যালয়ে সানির অগ্রগতি নিয়ে বেশ খুশিই লাগল কালপাগেকে, ‘তার অগ্রগতির প্রতিবেদন তৈরি করেছি। সে সত্যি ভালো করছে। প্রতি সপ্তাহে আমাকে ভিডিও ফুটেজ পাঠিয়েছে। সেটি দেখে তার পরবর্তী করণীয় ঠিক করেছি।’
পুনর্বাসনপ্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে সানি শেখ জামাল ধানমন্ডির হয়ে প্রিমিয়ার লিগে খেলেননি নিজেদের প্রথম পাঁচটি ম্যাচ। তবে কালপাগের পরামর্শ মেনেই খেলেছেন গাজী গ্রুপ ও কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে দুটি ম্যাচ। দুই ম্যাচে তাঁর বোলিং মন্দ হয়নি। দুই ম্যাচে ২ উইকেট পেলেও রান বেশি দেননি। অতীতে দেখা গেছে, বোলিং অ্যাকশনে শুধরে আসা অনেক বোলারই হারিয়ে ফেলেছেন আগের ধার। সানির ক্ষেত্রে কি এমনটা ঘটার আশঙ্কা আছে? কালপাগে অবশ্য আশাবাদী, ‘১৫ বছর ধরে কেউ একটা অ্যাকশনে বোলিং করেছে। হঠাৎ এক মাসের ব্যবধানে সেটি বদলে ফেলায় ধার হারিয়ে ফেলতে পারে যে কেউ। তবে আমি মনে করি, নতুন অ্যাকশনে সে ভালো করছে।’
২০১৪ সালে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর সানি খেলেছেন ১৬ ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি। বাংলাদেশ দলে তাঁর সুযোগ মেলে শুধু সীমিত ওভারের খেলোয়াড় হিসেবেই। কালপাগে মনে করেন, অ্যাকশন বদলে ফেলে সানি শুধু সীমিত ওভারেই নয়; দুর্দান্ত এক স্পিনার হয়ে উঠবেন ক্রিকেটের সব সংস্করণেই, ‘তাকে বলেছি, তুমি যখন অ্যাকশন বদলে ফিরবে, নিজেকে একটা গণ্ডিতে আটকে রেখো না। ওয়ানডে বোলার হিসেবে যে ট্যাগটা লেগে গেছে তার গায়ে, সেটি ফেলে দিতে হবে তাকে। তার সব সংস্করণেই খেলা উচিত। আমি আশাবাদী, সীমিত ওভারের ট্যাগ মুছে ফেলতে পারবে সে। আগের চেয়ে বল বেশি ঘোরাতে পারলে তাকে টেস্টেও বিবেচনা করা হতে পারে।’
অবশ্য এ মুহূর্তে দেশে নেই সানি। বাবার চিকিৎসার জন্য গত সপ্তাহে ভারতে গেছেন। কাল-পরশুই দেশে ফেরার কথা তাঁর। এর পর কালপাগের সঙ্গে শুরু করবেন পুনর্বাসনপ্রক্রিয়ার পরের পর্ব।