
আম্পায়ারদের সিদ্ধান্ত নিখুঁত করতেই ডিআরএস এসেছে ক্রিকেটে। কিন্তু সেই সিদ্ধান্তকে ‘চ্যালেঞ্জ’ না করা পর্যন্ত আবার ডিআরএসের কোনো কাজ নেই। কেউ চ্যালেঞ্জ না করা পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত তো ভুলই থেকে যাচ্ছে। তাতে ডিআরএসের উদ্দেশ্য সফল হচ্ছে কি?
এ ক্ষেত্রে শচীন টেন্ডুলকারের প্রস্তাবটা বিকল্প হতে পারে। ভারতীয় কিংবদন্তির ভাবনা, ডিআরএস থাকুক, তবে পাশাপাশি তৃতীয় আম্পায়ারকেও আরও সক্রিয় হতে হবে। ক্রিকেটাররা রিভিউ চান বা না চান, তৃতীয় আম্পায়ারের উচিত, কোনো কিছু ভুল মনে হলেই সেটি খতিয়ে দেখা।
ভারতীয় দৈনিক মিড ডেকে টেন্ডুলকার বলেছেন, ‘তৃতীয় আম্পায়ারের যদি কোনো কিছু ভুল মনে হয়, সে ক্ষেত্রে মাঠের আম্পায়ারদের তাঁর বলতে হবে, “আমার মনে হয় এটা আউট নয়” বা উল্টোটা। (তৃতীয় আম্পায়ার) চাইলে সিদ্ধান্ত বদলানোই যায়। সঠিক সিদ্ধান্ত পেতেই তো এত কিছু করা।’
ডিআরএসের ভূমিকা, তৃতীয় আম্পায়ারের করণীয়—ব্যাপারগুলো আসছে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের পর। চেতেশ্বর পুজারাই তো দুই ইনিংসে ডিআরএসের দুটি ‘রূপ’ দেখলেন। দ্বিতীয় ইনিংসে আদিল রশিদের বলে এলবিডব্লু হন পুজারা, সিদ্ধান্তটির রিভিউও চাননি ভারতীয় ব্যাটসম্যান। পরে রিপ্লেতে দেখা যায়, বলটা উইকেটের নির্দিষ্ট লাইনের বাইরে পড়েছে। প্রথম ইনিংসে আবার উল্টো, এলবিডব্লুর সিদ্ধান্তটা বদলে নিয়েছিলেন রিভিউ চেয়ে।
এখানেই প্রশ্ন টেন্ডুলকারের, ‘(দ্বিতীয় ইনিংসে) আউট না হয়েও এবং ডিআরএস থাকার পরও, পুজারাকে নিজের উইকেট হারাতে হলো। সে ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের কি আরও ক্ষমতা থাকা উচিত, যেন তিনি চাইলেই হস্তক্ষেপ করে সিদ্ধান্তটা সঠিক করে দিতে পারেন? আমার মনে হয়, থাকা উচিত।’
২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে একবার ডিআরএস ব্যবহার করলেও, এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজে পূর্ণাঙ্গ প্রযুক্তি (যেমন বল ট্র্যাকিং) নিয়ে ডিআরএস ব্যবহার করছে ভারত। এত দিন ‘ডিআরএস-বিমুখ’ থাকার ব্যাখ্যাও দিলেন টেন্ডুলকার, ‘(ডিআরএসের) প্রযুক্তি নিয়ে আগে আমরা সন্তুষ্ট ছিলাম না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি আগের চেয়ে ভালো হয়েছে, অনেক গবেষণাও হয়েছে এ নিয়ে।’
ভিন্ন ভিন্ন প্রযুক্তির ব্যবহার নিয়ে বিভ্রান্তি দূর করার কথাও বললেন টেন্ডুলকার, ‘বিশ্বের কিছু জায়গায় স্নিকোমিটার ব্যবহার করা হচ্ছিল, আর অন্যান্য জায়গায় হটস্পট। একটা ম্যাচ হয়েছিল, সম্ভবত বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট, যেখানে কেউই জানত না কী (হটস্পট না স্নিকোমিটার) ব্যবহার করা হবে। আপনি বিশ্বের যেখানেই খেলুন, ক্রিকেটে নিয়ম একই হওয়া উচিত।’ ক্রিকইনফো।