আরও বেশি ম্যাচ চাইবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল থেকে দুবাইয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী আইসিসির সভা। তবে বিসিবির জন্য এই সভাটা অন্য আইসিসি সভাগুলোর মতো হবে না। বিসিবি সভাপতি নাজমুল হাসানের কণ্ঠ এখানে থাকবে বেশ জোরালো। আইসিসির মাধ্যমে আসন্ন সভায় ক্রিকেট-বিশ্বের কাছে বাংলাদেশের জন্য আরও বেশি ম্যাচ দাবি করবেন তিনি।
মেলাতে পারছেন না? ক্রিকেট অস্ট্রেলিয়া নিরাপত্তার কারণ দেখিয়ে সফর স্থগিত করে দিয়েছে। বাংলাদেশে মহিলা দল পাঠাতে সাহস পায় না দক্ষিণ আফ্রিকাও। এ পরিস্থিতিতে যখন বাংলাদেশ দলের দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচই অনিশ্চিত হয়ে পড়ছে, তখন কিনা বিসিবি দাবি তুলবে ম্যাচ বাড়ানোর!
হ্যাঁ, তাই। কারণ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো কোনো দেশের শঙ্কাটাকে খুবই সাময়িক সমস্যা মনে করছে বিসিবি। সাময়িক এই সমস্যা বাংলাদেশ দলের গত এক বছরের সাফল্যকে ম্লান করে দেবে, তা কী করে হয়? এই সময়ে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড—কাকে হারায়নি বাংলাদেশ! বিসিবির পরিচালনা পর্ষদের ১২তম সভা শেষে কাল সেটাই মনে করিয়ে দিলেন নাজমুল হাসান, ‘আইসিসির সভায় এফটিপি নিয়ে আলোচনার জন্য একটি দিন থাকবে। আমরা সেখানে র্যা ঙ্কিংয়ের ওপরের দলগুলোর সঙ্গে আরও বেশি ম্যাচ খেলার দাবি তুলব। সাম্প্রতিক সময়ে ওপরের দলগুলোর সঙ্গে খেলেই আমরা আমাদের র্যা ঙ্কিংয়ে উন্নতি এনেছি। এখন তাদের সঙ্গে খেলার পরিমাণ যদি কমে যায়, আমরা র্যা ঙ্কিংয়ে ওপরে উঠব কীভাবে?’
নাজমুল হাসানের বিশ্বাস, বাংলাদেশ যে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিরাপদ, সেটি বোঝাতে আইসিসির অন্তত ৯০ শতাংশ সদস্য দেশের সমর্থন পাবেন তিনি। বাংলাদেশে ক্রিকেটের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক আলোচনাটাকে উড়িয়ে দিতে অবশ্য জিম্বাবুয়েরও পরোক্ষ সাহায্য পাচ্ছে বিসিবি। বিসিবির প্রস্তাব মেনে আগামী মাসে বাংলাদেশে দুই টেস্টের সিরিজ খেলতে তারা নীতিগতভাবে রাজি হয়েছে বলে জানিয়েছেন সভাপতি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হবে জানুয়ারিতেই। তবে সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। দুই টেস্টের সঙ্গে জিম্বাবুয়ের চাহিদা অনুযায়ী সেখানে ঢুকতে পারে একটি প্রস্তুতি ম্যাচও।
বিসিবির পরিচালনা পর্ষদ সভায় বসেছে প্রায় ছয় মাস পর। অনেক জমে থাকা বিষয়ে সিদ্ধান্তেরও ব্যাপার ছিল তাই। জাতীয় দলের বাইরে অন্যান্য কোচ ও জাতীয় নির্বাচকদের দায়িত্বের মেয়াদ বাড়ানো, দুর্নীতি ও ডোপিংবিরোধী নীতি, ২০১৫-১৬ মৌসুমের ঘরোয়া ক্যালেন্ডার, ডিজিটাল আর্কাইভ গঠন এবং বিপিএলের খেলোয়াড়দের শ্রেণিবিন্যাস ও পারিশ্রমিকের অঙ্ক অনুমোদন সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ। এ ছাড়া সারা দেশ থেকে পেস বোলিং প্রতিভা তুলে আনতে ২০০৭ সালের পর আবারও পেসার হান্ট কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এটি শুরু হয়েছিল সে সময় জাতীয় ক্রিকেট দলের স্পনসর গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায়, এবার সেই ভূমিকায় জাতীয় দলের বর্তমান স্পনসর রবি।
শেরেবাংলা স্টেডিয়াম-সংলগ্ন ইনডোরকে আধুনিকায়নেরও সিদ্ধান্ত হয়েছে সভায়। জিমনেসিয়াম, সুইমিংপুলসহ সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলা হবে এটিকে। চন্ডিকা হাথুরুসিংহের পরামর্শে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের সেন্টার অব এক্সেলেন্সের সুযোগ-সুবিধার আদলে হবে বিসিবির নতুন ইনডোর-সুবিধা।