
নিজেদের ইতিহাসে ওয়ানডেতে সবচেয়ে বড় রান তাড়া করে জিতল বাংলাদেশ। অভিনন্দন দলের অধিনায়ক, খেলোয়াড় ও কর্মকর্তাদের। আমাদের প্রত্যাশা অনুযায়ী বিশ্বকাপে দুটি সহযোগী সদস্যদেশকে হারানোর প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে। তবে খেলা শেষে বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ন্ত্রিত উচ্ছ্বাসেই পরিষ্কার—স্কটল্যান্ডকে হারানো তাদের জন্য বড় কোনো সাফল্য নয়। দলটা চাইলে আরও বড় কিছু করে দেখাতে পারে। আর টেস্ট খেলুড়ে দেশের কাতারে দাঁড়াতে স্কটল্যান্ডকে যে আরও অনেক পথ পাড়ি দিতে হবে, সেটাও বলে দিচ্ছে কালকের ম্যাচের ফল।
টস জেতায় স্যাক্সটন ওভালের উইকেট থেকে সাহায্য নেওয়ার সামান্য হলেও সুযোগ পেয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে প্রশংসা করতে হয় স্কটিশ ব্যাটসম্যানদেরও। প্রাথমিক বিপর্যয়ের পরও তারা ৩১৮ রান করে ফেলল সোজা ব্যাটে খেলে এবং পরিচ্ছন্ন ব্যাটিংয়ে। ম্যাট ম্যাচানের ছোট ইনিংসটি আমার সবচেয়ে ভালো লেগেছে। তার টাইমিং ছিল অসাধারণ। তার পরও কোয়েটজারের বিদায় ও ভালো ফিনিশিংয়ের অভাবে ৩১৮ রান নিয়েই স্কটিশদের সন্তুষ্ট থাকতে হলো।
ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড ম্যাচ দেখার অভিজ্ঞতা থেকে বলেছিলাম, নেলসনের মাঠে ৩০০ রানও যথেষ্ট নয় এবং পরে ব্যাট করাই হবে সহজ। কাল সেটাই দেখা গেল। তামিম-মাহমুদউল্লাহ জুটি সামনে থেকে ব্যাটিংয়ের নেতৃত্ব দিল। পরে অন্যরাও যোগ দিয়ে পূর্ণতা দিল এক স্মরণীয় জয়ের। দলে নাসিরের সংযোজন ও ফিল্ডিংয়ে সবার চমৎকার মনঃসংযোগ ভালো লেগেছে।
তামিম ইকবালের নার্ভাস নাইনটিতে আউট হয়ে যাওয়াটা দুঃখজনক। সত্যি বলতে কি, যে উইকেটে খেলা হলো সেটা মোটেও নার্ভাস নাইনটিতে মনঃসংযোগ নষ্ট করার মতো উইকেট নয়। সমস্যাটা হয়েছে তামিমের ফিটনেসে। মাংসপেশিতে টান পড়ার পরই ওর মনঃসংযোগ নড়ে গেছে বলে মনে হলো। সামনে আরও বড় ম্যাচ আছে। ৩১৮ কেন, ৩৮০-৪০০ রানও তাড়া করতে হতে পারে সেসব ম্যাচে। কাজেই ফিজিও-ট্রেনারদের উচিত খেলোয়াড়দের ফিটনেস নিয়ে আরও সুনির্দিষ্টভাবে কাজ করা।
কাল আমাদের পেস বোলিংয়ে যথেষ্ট ধার ছিল না। পেস বোলিং কোচ হিথ স্ট্রিক দেখলাম শুরুর দিকে বাউন্ডারি লাইনে এসে তাসকিনকে কিছু পরামর্শ দিচ্ছেন। বোঝাই যাচ্ছিল, গতি কমিয়ে লাইন-লেংথ ঠিক রেখে বল করতে বলছিলেন কোচ। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও খেলেছে তাসকিন। কিন্তু অভিজ্ঞতা থেকে উন্নতি করার কোনো লক্ষণ দেখছি না তার মধ্যে। ওর ফিটনেস বাড়ানো প্রয়োজন, ফিল্ডিংয়েও আরও তৎপর হতে হবে।
শুধু তাসকিন কেন, মন ভরাতে পারেনি বাংলাদেশের কোনো পেসারই। কেউই কোটার পুরো ১০ ওভার বল করতে পারল না। ব্যাকআপ হিসেবে আনতে হলো স্পিনারদের। স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে এটা হতাশাজনক। এমনকি ডেথ ওভারেও আমাদের অভিজ্ঞ পেসারদের কাজে লাগানো গেল না। তাসকিনকে আনতে হলো, পাওয়ার প্লেতে বল করানো হলো সাব্বিরকে দিয়ে।
শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১ উইকেট নেওয়ার পর কাল স্কটল্যান্ডের ব্যাটসম্যানদের ৩১৮ রান করা বলে দিচ্ছে আমাদের বোলিং শক্তি বাড়ানোটাই এখন বেশি জরুরি। তা ছাড়া ছয় ব্যাটসম্যান মিলে ৩১৮ তাড়া করে ফেলাতে এটাও পরিষ্কার যে, দলে একজন অতিরিক্ত ব্যাটসম্যানের আসলেই প্রয়োজন নেই। তার চেয়ে বিশেষজ্ঞ স্পিনারদের ওপরই আস্থা রাখা প্রয়োজন। টিম ম্যানেজমেন্ট কেন সেই আস্থাটা রাখতে পারছে না, আমার কাছে তা বোধগম্য নয়।
কন্ডিশন, প্রতিপক্ষ ইত্যাদি ভেবেই দল নির্বাচন করেন নির্বাচকেরা। কিন্তু বিশ্বকাপে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি—নির্বাচকদের চিন্তার সঙ্গে কোচ, অধিনায়কের চিন্তার দূরত্ব আছে। যে যার অবস্থান থেকে ক্ষমতা দেখাচ্ছে। এটার নিরসন হওয়া প্রয়োজন।
আজকের খেলা
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
(দুপুর ১২-৩০ মি., পার্থ)
আগামীকালের খেলা
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
(সকাল ৭টা, অকল্যান্ড)
জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড
(সকাল ৯-৩০ মি., হোবার্ট)
গতকালের ফল
স্কটল্যান্ড: ৫০ ওভারে ৩১৮/৮
বাংলাদেশ: ৪৮.১ ওভারে ৩২২/৪
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী