আরও বড় শঙ্কা বয়সভিত্তিক ক্রিকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্রিকেট ঠিক পথেই আছে তো? উত্তর খুঁজেছেন রানা আব্বাস। ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ

গত অক্টোবরে সিলেটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: প্রথম আলো
গত অক্টোবরে সিলেটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: প্রথম আলো

বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছে কবে? চট করে মনে করা কঠিন। ২০১৬ সালের অক্টোবরে, আফগানিস্তানের বিপক্ষে। টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২০১৫ সালের এপ্রিল, পাকিস্তানের বিপক্ষে। টেস্ট সিরিজ তো আরও আগে, জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালের নভেম্বরে। দেশ কিংবা বিদেশে সিনিয়রদের সিরিজ জেতা কঠিন হলেও একটা সময় জুনিয়ররা এটিই ডাল-ভাত করে ফেলেছিলেন!

২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জানুয়ারি—এই এক বছরে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দেশ-বিদেশে ছয় সিরিজের পাঁচটিই জিতেছিল বাংলাদেশ। দেশের মাঠে অনুষ্ঠিত ২০১৬ যুব বিশ্বকাপে তৃতীয় হয়েছিল, যেটি বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ দলের সর্বোচ্চ সাফল্য। মিরাজদের ‘ব্যাচ’টা বয়সভিত্তিক ক্রিকেটের আঙিনা ছাড়ার পরই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটা এলেবেলে।

যে দলটি কিছুদিন আগে যুব বিশ্বকাপ খেলে এল, এই দলটা গত দুই বছরে কোনো সিরিজই জিততে পারেনি। ব্যর্থতায় কেটেছে দুটি এশিয়া কাপ। এমনকি দেশের মাঠে আফগানিস্তানের কাছেও বাজেভাবে সিরিজ হেরেছে তারা। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সবশেষ যুব বিশ্বকাপে দু-একটি একক নৈপুণ্য ছাড়া দল হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স খুব একটা দেখা যায়নি। ষষ্ঠ হওয়ার সান্ত্বনা নিয়ে ফিরেছে সাইফ হাসানের দল। কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ দলের এক সিনিয়র খেলোয়াড় বড় আফসোস নিয়ে বলছিলেন, ‘আমাদের যুব ক্রিকেটের ইতিহাসে এটাই বোধ হয় সবচেয়ে বাজে দল!’

যেটা চলে গেছে, সেটা নিয়ে ভেবে আর কী লাভ! বিসিবি চেষ্টা করছে ২০২০ যুব বিশ্বকাপ সামনে রেখে নতুন দল তৈরি করতে। বয়সভিত্তিক ক্রিকেটে আপাতত বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলটি ভারত সফরে আছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ জানিয়েছে, দলটি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে তিনটি তিন দিনের ম্যাচ খেলবে। আফগানিস্তানের হোম ভেন্যু এখন দিল্লি। ১০ মার্চ আফগানিস্তান অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে দিল্লিতে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ।

যুব দল গঠনের প্রক্রিয়া নিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম কাওসার বললেন, ‘অনূর্ধ্ব-১৭ দল থেকে কিছু খেলোয়াড় উন্নীত হবে অনূর্ধ্ব-১৯ দলে। অনূর্ধ্ব ১৯ দলের একটা ঘরোয়া প্রতিযোগিতাও চলছে। সারা দেশে যে বাছাই হয়েছে, সেখান থেকে আরও নিখুঁত বাছাই হবে চ্যালেঞ্জ সিরিজের মাধ্যমে। চ্যালেঞ্জ সিরিজ থেকে চূড়ান্ত বাছাই, অনূর্ধ্ব-১৭ দলের কয়েকজনের ওপরের দলগুলোতে নিয়ে আসা আর গত অনূর্ধ্ব-১৯ থেকে যাঁদের বয়স থাকবে, এমন কয়েকজনকে নিয়ে মে মাসে ২০২০ বিশ্বকাপের জন্য অনূর্ধ্ব-১৯ দল গঠন হবে।’

বিসিবি নিশ্চয়ই বিশ্বকাপে ভালো করার লক্ষ্য নিয়েই যুব দল গঠন করবে। বিশ্বকাপে ভালো করার অর্থ অনূর্ধ্ব-১৯ দলটা যে দুর্দান্ত, সেটির একটি স্বীকৃতি। তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ, এই দল থেকে কজন আসতে পারছে জাতীয় দলে, কজন ধারাবাহিক আলো ছড়াতে পারছেন আন্তর্জাতিক আঙিনায়। মোস্তাফিজ-মিরাজের মতো দু-একটি নাম বাদ দিলে গত দু-তিন বছরে সেখানেও খুব একটা সুখবর আছে বাংলাদেশের?

(আগামীকাল পড়ুন তৃতীয় পর্ব)