আরও ভালো চান হাথুরুসিংহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্ডিকা হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল জিতল না হারল? এমন তো নয় যে দুই দিন ধরে ভারত-জয়ের যে উৎসব চলছে দেশে, তার সবই মিথ্যে! ম্যাচটা জিতেছে আসলে ভারত এবং বাংলাদেশ দল খেলেছে খুবই বাজে!
চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনের একটা অংশে কাল এমনই মনে হচ্ছিল। প্রশ্ন হয়েছিল প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং নিয়ে। আর তাতেই কুঁচকে গেল কোচের ভ্রু, ‘গত ম্যাচ নিয়ে আমি একদমই সন্তুষ্ট নই। ম্যাচটা আমরা জিতলেও ভয়ের কারণ ওটাই। শুধু ব্যাটিং নয়, বোলিং-ফিল্ডিংয়েও আমাদের উন্নতির অনেক জায়গা আছে। আমার মনে হয় পাকিস্তানের বিপক্ষে কিছু ম্যাচে আমরা এর চেয়ে অনেক ভালো খেলেছি। আশা করি, পরের দুই ম্যাচে খেলায় আরও উন্নতি আসবে।’
বাংলাদেশ ৩০৭ রান করল, ভারতকে হারাল ৭৯ রানে; তারপরও কোচের এমন অতৃপ্তি দেখে পাল্টা ভ্রু কোঁচকাতেই পারে আপনার। কিন্তু কোচেরও যুক্তিটাও অযৌক্তিক নয়। ৩০৭ রানের ইনিংসে একটাও যে সেঞ্চুরি নেই, সেটাকেই সামনে নিয়ে এলেন হাথুরুসিংহে, ‘আমরা সব সময় বড় জুটির কথা বলি। এসব ছোটখাটো বিষয় নিয়ে সব সময় কথা হয় নিজেদের মধ্যে। আমি চাই কাজটা তারা মাঠে করে দেখাক। পাকিস্তানের বিপক্ষে সেটাই তো করেছি! তিন-চারটি সেঞ্চুরি ছিল ওই সিরিজে।’
পেসারদের বেলায় স্বাভাবিকভাবেই এই আক্ষেপ নেই কোচের। চার পেসার খেলানোর সিদ্ধান্ত প্রথম ওয়ানডেতে এতটাই সফল যে, এর পেছনে টিম ম্যানেজমেন্টের কী পরিকল্পনা ছিল তা জানতে ভীষণই কৌতূহলী ভারতীয় সংবাদমাধ্যম। কাল তো একজন কোচের কাছে সরাসরি জানতেই চাইলেন, আসলেই কি ছিল কোনো পরিকল্পনা? প্রিয় প্রসঙ্গ পেয়ে হাথুরুসিংহে হেসে উঠে বললেন, ‘সব দেখে তো সেটাই মনে হচ্ছে...তাই না? আমরা সব সময়ই আমাদের শক্তির কথা মাথায় রেখে খেলি। প্রতিপক্ষের দুর্বলতাকে নিজেদের শক্তিমত্তা দিয়ে ঘায়েল করারই উদ্দেশ্য থাকে।’
প্রথম ম্যাচে তাতে পুরোপুরি সফল বাংলাদেশ। চোখ এখন তাই সিরিজ জয়ে। আর পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে বাংলাদেশের দিকে। কেউ কেউ তো এমনও ভাবতে শুরু করেছেন যে ভারত-পাকিস্তানের মতো ক্রিকেটে বুঝি চলে আসছে ‘ইন্দো-বাংলা’ লড়াইয়ের উত্তাপ! ক্রিকেট মাঠে এই দুই প্রতিবেশী দেশের সমরও আস্তে আস্তে রূপ নিচ্ছে পাক-ভারত ক্রিকেট যুদ্ধের মতো উত্তেজনার রঙে। এ নিয়ে হাথুরুসিংহের সোজাসাপটা কোনো মত অবশ্য নেই, ‘আমার কাছে ভালো ক্রিকেট খেলাটাই একমাত্র ব্যাপার। তবে ছোট ভাই-বড় ভাইয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলে কিছু ব্যাপার তো চলে আসেই। বাংলাদেশকে তো তারা সব সময় ছোট ভাইয়ের মতোই দেখে।’
এবারের সিরিজ বাংলাদেশ জিতে গেলে ভারতের এই ‘বড় ভাই’সুলভ আচরণ কিছুটা কমে আসা উচিত। অবশ্য আলাদাভাবে এই সিরিজের কথা বললে ভারত বাংলাদেশকে খুব হালকাভাবে নিচ্ছে বলেও মনে হচ্ছে না। টেস্ট-ওয়ানডে দুটিতেই সেরা দল পাঠানোই সেটির প্রমাণ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এখন কোথায়, তা বোঝাতে এটিই মোক্ষম উদাহরণ বাংলাদেশ কোচের কাছে, ‘সবচেয়ে ভালো উদাহরণ হলো ভারত তাদের সম্ভাব্য সেরা দলই পাঠিয়েছে। এটাই বলে দিচ্ছে আমরা এখন কোথায়।’
এই বাংলাদেশ দলকে কেউ কেউ ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের সঙ্গেও তুলনা করতে শুরু করেছেন। যদিও সেই শ্রীলঙ্কা আর এই বাংলাদেশের মধ্যে কিছুটা পার্থক্য দেখেন হাথুরুসিংহে, ‘১৯৯৬ বিশ্বকাপের শ্রীলঙ্কা দলটা অনেক অভিজ্ঞ ছিল। আর বাংলাদেশের এই দলটা বয়সে অনেক তরুণ। তাদের সামনে এখনো অনেকটা পথ পড়ে আছে। তবে একটা কথা বলতে পারি, এই দলে বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় আছে।’
শেষ দুই ম্যাচের জন্য তবু নিজেদের ফেবারিট ঘোষণা করছেন না বাংলাদেশ কোচ। তবে সিরিজ জয়ের আশাটা থাকছে। মাশরাফি বিন মুর্তজার দলের ভেতর আক্রমণাত্মক ক্রিকেট খেলার মানসিকতা দেখছেন হাথুরুসিংহে, ‘আমাদের ছেলেরা নিজেদের খেলা নিয়ে দারুণ আত্মবিশ্বাসী। সামনে যাই আসুক, তারা তাদের মতো করেই খেলবে। আক্রমণাত্মক ক্রিকেটই জয়ের মানসিকতা তৈরি করে।’
সিরিজ জয়ের ম্যাচে তো এই ক্রিকেটটাই চাই!