সকাল ১০টায় মাঠে গিয়ে জিম্বাবুয়ে দল মাঠ ছাড়ল বেলা তিনটায়। তাই বলে ভাববেন না, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই পাঁচ ঘণ্টা তারা ব্যয় করল শুধু অনুশীলনেই। আসলে অনুশীলন যতটুকু হওয়ার ততটুকুই হয়েছে। বাকি সময় খেলোয়াড়েরা কাটিয়েছেন মাঠে অলস বসে থেকে আর ঘুরে-ফিরে। কে জানে, একটা টেস্ট, একটা প্রস্তুতি ম্যাচ এবং একটা ওয়ানডেতে হারার পর হয়তো মাঠটাকে আরেকটু ভালো করে চেনার প্রয়োজন বোধ করছে দলটি। মাঝের উইকেটে অনুশীলন করার ইচ্ছা প্রকাশও হতে পারে সে কারণেই। যদিও সে সুযোগ পায়নি জিম্বাবুয়ে দল।
বাংলাদেশ দলের ক্ষেত্রে দিনটা ছিল পুরোই উল্টো রকমের। ছুটির দিন ছিল। সবাই একটা দিন অবসরে কাটালেন। তবে দুপুরের আগে টপ অর্ডার ব্যাটসম্যান আর পেসারদের নিয়ে হোটেলে মিটিংয়ে বসেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রথম ওয়ানডেতে এই দুটো জায়গাতেই খুঁত পাওয়া গেছে। টপ অর্ডারে রান আসেনি। নতুন বলে পেসাররা পাননি সাফল্য। ম্যাচের ভিডিও ফুটেজ দেখে ভুলত্রুটিগুলো শুধরে দিয়েছেন কোচ। জিম্বাবুয়ে এই সিরিজে ক্রমেই পিছিয়ে পড়া এক দল। আরও ভালো কিছু করে তাদের বিরুদ্ধে নিজেদেরও ছাড়িয়ে যাওয়ার সুযোগ তো নিতে চাইতেই পারে বাংলাদেশ।
বছরের এই সময়ের ক্রিকেটে শিশির বড় এক সমস্যা। আগের ম্যাচে পরে বল করা বাংলাদেশি বোলাররা যদিও সমস্যাটায় খুব একটা ভোগেননি, তার পরও শিশির নিয়ে চিন্তা মাথা থেকে পুরোপুরি তাড়ানোও যাচ্ছে না। আজ থেকে সিরিজের বাকি ম্যাচগুলো এক ঘণ্টা এগিয়ে তাই শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। রাত যত বাড়ে, শিশিরও তত ভোগায় বলেই খেলা একটু আগে শুরু করে আগে শেষ করার চিন্তা। সিদ্ধান্তটাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে নিশ্চিন্ত হতে পারছেন না পুরোপুরি, ‘খুব ভালো যে, ম্যাচ এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। তবে শিশির নিয়ে এখনো চিন্তা আছে।’
প্রথম ম্যাচে টসে হেরে পরে বোলিং করেও শিশির-সমস্যায় পড়েননি বাংলাদেশের বোলাররা। তবে তার মানে এই নয় যে আজ দ্বিতীয় ওয়ানডেতেও পরে বল করে শিশির-সমস্যা থেকে মুক্ত থাকা যাবে। টস জয়টা তাই মনেপ্রাণেই চাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক, ‘টস জিতলে বাড়তি সুবিধা পাওয়া যায়। আমরা তখন আগে বোলিং করব। আমাদের স্পিনাররাও শান্তিতে বোলিং করতে পারবে।’ আর যদি আবারও হারতে হয় টসে? সে ক্ষেত্রে মাশরাফিরা আত্মবিশ্বাস খুঁজবেন প্রথম ওয়ানডে থেকে, ‘টস যদি হারিও, এমন নয় যে আমরা ম্যাচও হেরে যাচ্ছি। প্রথম ম্যাচে আমাদের প্রত্যেকটা খেলোয়াড় দেখিয়েছে, কীভাবে এ ধরনের সমস্যা থেকে বের হয়ে আসতে হয়।’
উদাহরণ টানলে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আরাফাত সানি—সবার কথাই বলতে হয়। তবে মাশরাফি আলাদা করে বললেন সানির কথা, ‘সানি এই পর্যায়ে কিছু ক্রিকেট খেলেছে। ওর প্রতি আমার আস্থা ছিল। ক্লাব ক্রিকেট বা জাতীয় দলেও সব সময় দেখেছি, ও স্টাম্পে বল করে। একটা জায়গায় বল করে যায়। আমার আত্মবিশ্বাস ছিল, সানি ভালো করবে। সেটা শিশির থাকলেও।’ প্রথম ওয়ানডেতে আরও একজন দৃষ্টি কেড়েছেন অধিনায়কের। ‘অভিষেক ম্যাচটাকে সাব্বির অনেক ইতিবাচকভাবে নিয়েছে। ও যখন নামে, তখন সময়ও কম ছিল। সাত ওভার থাকতে ব্যাটিংয়ে নেমে এ রকম ইনিংস খেলা কঠিন’—সাব্বির রহমানের ঝোড়ো ব্যাটিংয়ের কথাই বলছিলেন মাশরাফি।
চট্টগ্রামের উইকেট নিয়ে এখন পর্যন্ত খুশি বাংলাদেশ দল। তবে আজকের উইকেটে সামান্য ঘাস থাকতে পারে। বল বাউন্স পাবে, যেটাতে ব্যাটসম্যানদেরই বেশি সুবিধা হওয়ার কথা। বল ব্যাটে আসার সে সুবিধা ব্যাটসম্যানরা কতটা কাজে লাগাতে পারবেন, তা সময়ই বলে দেবে। উইকেটে সামান্য ভিন্নতা এলেও বাংলাদেশ দলে আজ পরিবর্তনের সম্ভাবনা নেই। কাল রাত পর্যন্ত যা খবর, তাতে উইনিং কম্বিনেশন ধরে রাখার কথা এ ম্যাচেও।
বাংলাদেশের জন্য যে ম্যাচটা সিরিজে এগিয়ে যাওয়ার, জিম্বাবুয়ের জন্য সেটাই সিরিজে ফেরার। বাংলাদেশে আসার পর এখন পর্যন্ত শুধু হারতে থাকা দলটা সিরিজে ফেরার কাজ সারতে চায় চট্টগ্রামেই। পরশু ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অধিনায়ক এলটন চিগুম্বুরা যেমন বললেন, ‘আমরা ইনিংসের মাঝখানে দ্রুত কিছু উইকেট হারিয়েছি। ব্যাটিংয়ের এই দিকটায় উন্নতি আনতে হবে। বিশেষ করে রান তাড়া করার সময় উইকেট হাতে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ আজ আরও এগিয়ে যাবে, নাকি সিরিজে সমতা আনবে জিম্বাবুয়ে? ফলাফল যা-ই হোক, আজকের ম্যাচ সাকিব আল হাসানের সামনে খুলে দিচ্ছে আরও একটা রেকর্ডের সম্ভাবনার দুয়ার। আর মাত্র ৬৪ রান করলেই ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে চার হাজার রান হবে সাকিবের। টেস্ট সিরিজের পর সেঞ্চুরি আর চার উইকেট নিয়ে প্রথম ওয়ানডেটিকে নিজের করে নিয়েছেন। চার হাজারি ক্লাবে ঢুকে আজও কি নায়ক হয়ে উঠবেন সাকিব?