আরও শাণিত ইংল্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনিংস এবং ৮৮ রানে জয়—হেডিংলি টেস্টের এই ফল ইংল্যান্ডকে দিচ্ছে আরও আত্মবিশ্বাসের জ্বালানি। আর প্রেরণা—ক্রিকেট ভেন্যু চেস্টার-লি-স্ট্রিট। ডারহামের এই মাঠে পাঁচ টেস্টের পাঁচটিতেই জিতেছে ইংল্যান্ড। এর তিনটি আবার ইনিংস ব্যবধানে!
আজ থেকে ইংল্যান্ড-শ্রীলঙ্কা আরেকটি টেস্ট শুরুর আগেই তাই বলে দেওয়া যায়—স্বাগতিকেরা নিরঙ্কুশ ফেবারিট। কিন্তু এ নিয়ে তৃপ্তির ঢেকুর তো তুলছেই না ইংল্যান্ড, উল্টো তাদের মাথায় উন্নতির চিন্তা। স্টুয়ার্ট ব্রড যেমন বললেন, ‘হেডিংলিতে আমাদের পারফরম্যান্সটা নিখুঁত ছিল না। আমরা ক্যাচ ফেলেছি। যেমনটা চেয়েছিলাম, ব্যাটিংও তেমন ভালো হয়নি। তাই এই সপ্তাহে উন্নতির অনেক কিছু আছে আমাদের।’
উন্নতির এই তাগিদ ব্রড উপলব্ধি করছেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত দুটি সিরিজের অভিজ্ঞতা থেকেই। টেস্ট র্যা ঙ্কিংয়ের এক নম্বর বোলারের ভাষায়, ‘সিরিজটা এখনো জেতা বাকি। আর একটা ব্যাপার আমার মনে হয়েছে, গত দুটি সিরিজ জয়ের পর ওভাল এবং সেঞ্চুরিয়ন টেস্টে খুবই গড়পড়তা খেলেছি আমরা।’ সেটির পুনরাবৃত্তি শ্রীলঙ্কা সিরিজে আর করতে চায় না ইংল্যান্ড।
এমন প্রত্যয়ী প্রতিপক্ষের সামনে শ্রীলঙ্কার লড়াইটা টিকে থাকার। একে তো বিরূপ কন্ডিশন, তার ওপর ব্যাটসম্যানদের বাজে ফর্ম। হেডিংলি টেস্টের দুই ইনিংসেই রানের জন্য লড়াই করেছেন সফরকারী দলের ব্যাটসম্যানরা। কুশল মেন্ডিসের ৫৩ রানই সফরকারীদের দুই ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ এবং একমাত্র ফিফটি! তবে তিন টেস্টে সিরিজের আজ থেকে শুরু দ্বিতীয় টেস্টে নতুন করে শুরুর আশা শ্রীলঙ্কার। ‘আমার মনে হয়, কন্ডিশনের সঙ্গে আমরা মানিয়ে নিতে শুরু করেছি। হেডিংলির ম্যাচটা আমাদের বাজে গেছে। আশা করছি, এখানে আমরা ঘুরে দাঁড়াব’—আশায় আছেন শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা।
ফর্ম এবং মনস্তাত্ত্বিক দিক থেকে দুই দলের অবস্থান দুই মেরুতে। তবে মিল একটা জায়গায় থাকছে—খেলোয়াড় বদল হচ্ছে দুই দলেই। হেডিংলিতে হাঁটুতে চোট পাওয়ায় ডারহামে খেলছেন না বেন স্টোকস। এই অলরাউন্ডারের বদলি হিসেবে দলে ঢুকেছেন ওয়ারউইকশায়ার পেসার ক্রিস ওকস। হেডিংলিতে দলে থাকলেও একাদশে জায়গা না পাওয়া ডানহাতি পেসার জ্যাক বলের অভিষেকও হয়ে যেতে পারে বেন স্টোকসের জায়গায়।
চোট নিয়ে দলের বাইরে শ্রীলঙ্কার ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরা। তাঁর জায়গায় খেলবেন ডানহাতি পেসার সুরঙ্গা লাকমল। এএফপি।