আরও সময় চাইলেন তাসকিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি মানেই যেন কাঁধ ঝুলিয়ে মাঠ ছাড়া। ছবি: শামসুল হক
টি-টোয়েন্টি মানেই যেন কাঁধ ঝুলিয়ে মাঠ ছাড়া। ছবি: শামসুল হক

• দেশের মাঠে টানা ম্যাচ হারের পর শ্রীলঙ্কাতেও একই ছবি।
• ভারতের কাছে হেরে নিদাহাস ট্রফি শুরু করেছে বাংলাদেশ।
• দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে আসা তাসকিন সময় চাইলেন।

বাংলাদেশ দলের অনুশীলন ছিল না আজ। দুপুরে মিডিয়া ম্যানেজারের সঙ্গে শুধু তাসকিন আহমেদই এলেন প্রেমাদাসায়। অনুশীলন বা ফিটনেস ট্রেনিং করতে নয়, এসেছিলেন দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে। কিন্তু কী বলবেন? পরাজয়ের ব্যাখ্যা আর কত দেবেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা! তাসকিন বরং সময় চাইলেন।

সংস্করণ বদলাচ্ছে, মাঠ বদলাচ্ছে, দেশ বদলাচ্ছে। বাংলাদেশ দলের অবস্থা বদলাচ্ছে না! পরাজয়ের হতাশা নিয়ে সংবাদমাধ্যমের সামনে যিনিই আসছেন, একই কথা ঘুরেফিরে বলছেন, এই ভুল করেছি, ওই ভুল করেছি, পরের ম্যাচ জয়ের জন্য খেলব... ইত্যাদি ইত্যাদি। তাসকিনের কথাও ভিন্ন কিছু নয়, ‘কাল (ভারতের বিপক্ষে) ২৫-৩০ রান কম হয়েছে, এটা হলে অন্য রকম গল্প হতে পারত। যেটা চলে গেছে সেটি নিয়ে ভেবে লাভ নেই। যে ভুলটা হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে কীভাবে এগোতে পারব, সেটা নিয়েই ভাবছি। এখন আমরা কালকের ম্যাচটা (শ্রীলঙ্কার বিপক্ষে) নিয়ে ভাবছি। ভালো কিছু হবে আশা করি।’

ভালো কিছু যে হবে, সেটিরই বা আশা কোথায়? ফেব্রুয়ারিতে দেশের মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাজেভাবে হেরেছে বাংলাদেশ। কোন আশায় তাসকিন বলছেন এই নিদাহাস ট্রফিতে ভারতকে হারিয়ে দারুণ শুরু করা শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব? ‘আসলে ভালো স্কোর করতে পারলে আর বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রাখলে ভালো কিছু সম্ভব। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে গত দুই ম্যাচে (দেশে) হেরেছি বলে চাপ থাকবে। তবুও আশা করি ঘুরে দাঁড়াতে পারব।’

এ আশার কথা শুনতে শুনতে যেন একঘেয়েমিই চলে এসেছে! যে একঘেয়েমি সমুদ্র থেকে উঠে আসা নির্মল, মন জুড়ানো বাতাসও দূর করতে পারছে না! দূর করতে পারে যেটি, সেই জয়ের দেখা কবে পাবে বাংলাদেশ? মিনতির সুরে তাসকিন একটু সময় চাইলেন, ‘সবকিছু সময়ের ওপর নির্ভর করছে। আমরা কয়েকটা সিরিজ খারাপ খেলেছি। ওয়ানডেতে খুব খারাপ করিনি। যদি পেছনে দেখেন টি-টোয়েন্টিতে এশিয়া কাপ (২০১৬) বা এমন কিছু টুর্নামেন্টে ভালো খেলেছি। সবশেষ কয়েকটা ম্যাচ খারাপ খেলায় চোখে পড়ছে বেশি। শেখার শেষ নেই। যত বেশি খেলব, তত শিখব। কঠোর পরিশ্রম করছি, এর ফল নিশ্চয়ই সামনে পাব।’

সেই ‘সামনে’টা কত দূর, সেটিই তো জানতে চাইছেন সবাই!