প্রথম ওয়ানডেতে তবু হারের আগেই হেরে যায়নি ইংল্যান্ড। কিন্তু গতকাল ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি অ্যালিস্টার কুকের দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কাল শ্রীলঙ্কার কাছে স্রেফ উড়ে গেছে ইংল্যান্ড, হেরেছে ৮ উইকেটে।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনটি বিভাগেই শ্রীলঙ্কার কাছে পর্যুদস্ত হয়েছে ইংল্যান্ড। প্রকৃতির বাধায় ৪৫ ওভারে নেমে আসা ম্যাচটিতে ইংল্যান্ডের ব্যাটিংয়েও যেন থাকল কালো মেঘের ছাপ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মঈন আলী মাত্র ৭ রানের মাথায় বিদায় নেওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ইংল্যান্ড, গুটিয়ে গেল ১৮৫ রানেই।
ব্যাটিংয়ে এসে একপর্যায়ে ৩৭ রানে ২ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের খেলোয়াড়দের চোখে-মুখে তখন আনন্দাভা, দিনের শুরুতে কালো মেঘ হয়তো আচ্ছন্ন করবে শ্রীলঙ্কান ব্যাটিংকেও! কিন্তু আরও একবার দাঁড়িয়ে গেল সাঙ্গাকারা-জয়াবর্ধনে জুটি। তাঁদের অবিচ্ছিন্ন ১৪৯ রানের জুটিতে মাত্র ৩৪.২ ওভারেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
ম্যাচ শেষে কেভিন পিটারসেনের টুইট, ‘প্রিয় কুক, তুমি যদি আসন্ন শীতে ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে বিন্দুমাত্র ভেবে থাক, তাহলে দয়া করে সরে দাঁড়াও। শুধু টেস্ট নিয়েই ভাব।’ পরের ম্যাচে ইংল্যান্ডের জয়ই হতে পারে পিটারসেনের টুইটের মোক্ষম জবাব। সাত ম্যাচের ওয়ানডে সিরিজে কুকের দল ঘুরে দাঁড়াতে পারবে? ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৪৩ ওভারে ১৮৫ (কুক ২২, মঈন ২, বেল ১১, রুট ৪২, মরগান ১৭, বোপারা ৫১, বাটলার ৭, ওকস ১৫, ট্রেডওয়েল ৯*, ফিন ০, গার্নি ১; ম্যাথুস ১/২৩, দিলশান ২/৩২, হেরাথ ১/৪০, মেন্ডিস ৩/৩৩, পেরেরা ১/১৬, জীবন ০/২২, ধাম্মিকা ২/১৬)
শ্রীলঙ্কা: ৩৪.২ ওভারে ১৮৬/২ (দিলশান ২৬, পেরেরা ৯, সাঙ্গাকারা ৬৭*, জয়াবর্ধনে ৭৭*; ফিন ১/৩৫, ওকস ০/২৩, মঈন ১/৩৮, গার্নি ০/৩২, ট্রেডওয়েল ০/৪৭, বোপারা ০/৮)
ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী। ৭ ম্যাচের সিরিজে ২–০–তে অগ্রগামী।
ম্যান অব দ্য ম্যাচ: মাহেলা জয়াবর্ধনে।