আরেক ঝামেলায় ধোনি?
খারাপ খবর পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনির। ধাক্কা-কাণ্ডে জরিমানা গোনা ভারতের অধিনায়ক খারাপ সংবাদ পেলেন দেশ থেকেও। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বাণিজ্যিক স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে তদন্ত করছে ধোনির বিরুদ্ধে, পরশু বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়াকে উদ্ধৃত করেই সংবাদ প্রকাশ করে হিন্দুস্তান টাইমস। কাল অবশ্য ডালমিয়া বলেছেন তাঁকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে।
ঋতি স্পোর্টস ম্যানেজমেন্ট নামের একটি কোম্পানির সঙ্গে সংশ্লিষ্টতাই ঝামেলায় ফেলেছে ধোনিকে। ধোনি, সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজার সঙ্গে চুক্তিবদ্ধ কোম্পানিটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের বিপণনটাও দেখে। কোম্পানিটির মালিক ধোনির কথিত বন্ধু অরুণ পান্ডে। কোম্পানিটির ১৫ শতাংশ শেয়ারের মালিক নাকি ধোনি নিজে। প্রশ্ন উঠেছে এই কোম্পানির সঙ্গে ধোনির সংশ্লিষ্টতা স্বার্থের সংঘাত তৈরি করছে কি না?
২০১৩ সালে বিসিসিআইয়ের সভায় সিদ্ধান্ত হয়েছিল কোনো খেলোয়াড় স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে জড়িত থাকলে সেটা জানাতে হবে। সেই প্রসঙ্গ তুলে কাল ডালমিয়া জানালেন, তিনি নাকি শুধু এই সিদ্ধান্ত প্রয়োগের কথাই বলেছিলেন। এনডিটিভি।