আরেকটা টেস্ট হলে সিরিজ হারত ইংল্যান্ড: ভন
সিরিজটা দুই টেস্টের ছিল বলেই ইংল্যান্ড ফিরতে পেরেছে স্বস্তি নিয়ে। মাইকেল ভন অন্তত এমনটাই মনে করেন। সাবেক ইংলিশ অধিনায়কের মতে, বাংলাদেশের বিপক্ষে সিরিজটা তিন টেস্টের হলেই আর রক্ষা ছিল না অ্যালিস্টার কুকদের। নিশ্চিতভাবেই পরের টেস্টটা হারতে হতো এবং বাংলাদেশের কাছে সিরিজ হারের লজ্জায় পড়তে হতো!
তবে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে হারটা ইংল্যান্ডকে বড় একটা উপকারই করেছে বলে মনে করেন ভন। এতে ভারতের বিপক্ষে তারা আগে থেকেই ‘আন্ডারডগের’ তকমা পেয়ে যাচ্ছে। ফলে ভারতের মাটিতে পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ড দল বাড়তি কোনো চাপে থাকবে না। ইংল্যান্ডের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় এক কলামে ভন লিখেছেন, ‘বাংলাদেশের কাছে হারের পর ভারত সিরিজ নিয়ে ইংল্যান্ডের ওপর আর কোনো চাপ নেই। সম্ভাব্য ফলটা এখন সবাই জানে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে সবার প্রত্যাশা ছিল ইংল্যান্ডের জয়। কিন্তু চট্টগ্রামে ২২ রানে জয় আর ঢাকায় ১০৮ রানের হার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এই সিরিজে সেরা ছিল কারা! বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশই ছিল সেরা দল। আমার তো মনে হয় বাংলাদেশে আরও একটি টেস্ট থাকলে বাংলাদেশি স্পিনারদের সামনে উড়ে যেত ইংল্যান্ড।’
ভারতের বিপক্ষে আক্ষরিক অর্থেই ইংল্যান্ডের কোনো আশা দেখেন না ভন। বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড যেভাবে খেলেছে, একইভাবে ভারতের বিপক্ষে খেললে কোহলিদের নিশ্চিত জয় দেখছেন ভন। তাঁর মতে, বাংলাদেশের তরুণ স্পিনার মিরাজই যা খেল দেখিয়েছেন, রবিচন্দ্রন অশ্বিনদের সেটি দেখে আগেই খুশিতে আটখানা হয়ে থাকার কথা। সূত্র: টেলিগ্রাফ।