আরেকটি আনন্দের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনটা ছিল ঐচ্ছিক, তবে তামিম কাল সেটি করে গেলেন ধ্যানমগ্ন ঋষির মতোই। দ্বিতীয় ওয়ানডেতে আজ তাঁর কাছ থেকে বড় কিছুই চাইবে বাংলাদেশ l শামসুল হক
অনুশীলনটা ছিল ঐচ্ছিক, তবে তামিম কাল সেটি করে গেলেন ধ্যানমগ্ন ঋষির মতোই। দ্বিতীয় ওয়ানডেতে আজ তাঁর কাছ থেকে বড় কিছুই চাইবে বাংলাদেশ l শামসুল হক

প্রথম ম্যাচটির সামনে হঠাৎই এসে দাঁড়িয়েছিল মন কেমন করা একখণ্ড মেঘ। অনুশীলন ম্যাচে জিম্বাবুয়ের কাছে হার। তাতেই আত্মবিশ্বাসটা একটু কাঁপতে থাকল দ্বিধায়। কিন্তু আসল ম্যাচে গিয়ে দেখা গেল এই জিম্বাবুয়ে প্রতিরোধক্ষমতাহীন ক্রিকেট বামন।
আজ দ্বিতীয় ম্যাচের আগে মন এলোমেলো করে দিতে একসঙ্গে এল জোড়া খবর। একটিতে জীবনের আহ্বান—সাকিব আল হাসানকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হচ্ছে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে। অন্যটি ব্যক্তিগত শোকের—মারা গেছেন মাশরাফি বিন মুর্তজার এক নিকটাত্মীয়। তবে এই দুটি খবর নিয়ে খুব ভাবিত হওয়ার কিছু নেই। বাংলাদেশ দলের অন্দরমহলে উঁকিঝুঁকি দিয়ে আপনি দেখবেন, তামিম ইকবালরা সিরিজটাকে ২-০ করার জন্য সব জোগাড়যন্তর করে ফেলেছেন। জোগাড়যন্তর মানে প্রস্তুতি, আর প্রস্তুতি বলতে জয়ের মানসিকতায় শাণ দেওয়া। অন্দরমহলের হালনাগাদ তথ্য সরবরাহ করলেন কাল তামিমই, ‘প্রথম ম্যাচে আমরা আমাদের প্রক্রিয়াটা ঠিক রাখতে চেয়েছিলাম। সিরিয়াস ছিলাম। সামনের দুই ম্যাচেও আমরা সিরিয়াস থাকব।’ সুতরাং তামিমের কথাই পূর্বাভাসটা দেয়। এতেও যদি অস্পষ্টতা কিছু থাকে, সেটিও পরিষ্কার করে দিয়েছেন সহ-অধিনায়ক ও তিন ধরনের ক্রিকেটেই বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক, ‘র্যাঙ্কিং-রেটিং বাড়ল কী কমল, সেটি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আমরা কাল (আজ) সিরিজ জিততে চাই। আর জিতলে চাইব ৩-০ করতে।’
আসলেই র্যাঙ্কিং-রেটিং নিয়ে ভাবার কিছু নেই। যেটি ভাবার, তা হলো প্রতিপক্ষ বড় দল হোক বা ছোট, জয়ের অভ্যাসটাকে ধরে রাখা। নিরন্তর এগিয়ে চলা। আর এগিয়ে চলার পথে জয়ের সবগুলো স্টেশন ছুঁয়ে ছুঁয়ে যাওয়া। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ থেকে জয়ের যে গাড়িটা গতি পেয়েছে, সেটি এই পর্যন্ত একটুও বিগড়ে যায়নি। ছুটছে সমানতালে। পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর ভারতকে হারানো, তারপর প্রমত্ত দক্ষিণ আফ্রিকার জয়যাত্রা থামিয়ে দেওয়া। এই জিম্বাবুয়েকেও সিরিজে হারাতে পারলে দেশের মাটিতে টানা পাঁচটি সিরিজ জয় হবে। জিম্বাবুয়ের বিপক্ষেই চক্রটি পূরণ করে ইতিহাসের নতুন একটা পাতায় নাম লিখবেন মাশরাফিরা।
সেটি না-করতে পারার বাস্তবসম্মত কারণ নেই। বাংলাদেশের প্রতিপক্ষ তো আসলে জিম্বাবুয়ে নয়, আত্মতৃপ্তি বা অনুপ্রেরণার ঘাটতি। চূড়ায় ওঠার পথে বাংলাদেশ যদি এখন পেছন ফিরে তাকায়, জিম্বাবুয়েকে দেখতে পাবে অনেক নিচে। র্যাঙ্কিংয়ের ৭ আর ১০ নম্বরের মধ্যে ব্যবধান হয়তো মাত্রই ৩, কিন্তু র্যাঙ্কিং পয়েন্টে জিম্বাবুয়ে বাংলাদেশের প্রায় অর্ধেক। এ ক্ষেত্রে যেমনটা হয়, বাংলাদেশ তার পুরোনো আয়নার ধুলো ঝেড়ে দেখবে নিজেরই মুখ। পুরোটা জুড়েই নিজেদের গর্বিত জয়ের হাসি, প্রতিপক্ষ হারিয়ে যায় আলোক–বৃত্তের বাইরে। নিজেদের প্রতিদ্বন্দ্বিতার আগুনে সেঁকে নেওয়াটা একটু কঠিনই হয়।
তবে আশার কথা, এ পর্যন্ত সেটি হয়নি। অনাগত সন্তানের অপাপবিদ্ধ হাসিটা চোখে এঁকে নিয়ে সাকিব ফিরে এসেছেন সিরিজটা খেলবেন বলে। প্রথম ম্যাচটি খেললেন, ৫ উইকেট নিয়ে গুঁড়িয়েও দিলেন জিম্বাবুয়ের যাবতীয় প্রতিরোধ। অধিনায়ক মাশরাফির ফিটনেস নিয়ে যৎসামান্য সংশয় ছিল। সেই সংশয় নিজেই এক ফুৎকারে উড়িয়ে দিয়ে নেমে গেলেন মাঠে। সামনেই থাকলেন চিরকালের লড়াকু মাশরাফি, জিম্বাবুয়ের বিপক্ষে বৃহত্তম জয়টাই (রানের ব্যবধানে) আনলেন ছিনিয়ে। আর ব্যাটিংটা যখন পড়েছে সামান্য ঝড়ের মুখে, ত্রাতা সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। না, দলটি পায়ের নিচে চোরাবালিটা চিনতে পারে। এই দল ঝড় সামাল দিতে জানে।
কাল বাংলাদেশ দলের ছয়জন যখন ঐচ্ছিক অনুশীলন করতে এলেন, তার ঘণ্টা দুয়েক আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে ফিরে গেছেন জিম্বাবুয়ের সাত ক্রিকেটার। ওঁরাও এসেছিলেন ঐচ্ছিক অনুশীলনে। সিরিজে ঘুরে দাঁড়ানোর কী আকুলতা তাঁদের শরীরী ভাষায়! কথা বলার কথাই ছিল না কারোর। কিন্তু সাংবাদিকদের আহ্বান উপেক্ষা করতে পারেননি ম্যালকম ওয়ালার। তাঁর মুখেই ভাষা পেল জয়ের আর্তি, ‘সিরিজে টিকে থাকতে হলে আমাদের এ ম্যাচে জিততেই হবে। আগের ম্যাচটিতে আমরা ডুবেছি ব্যাটিংয়ের কারণে। এ ম্যাচে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।’
সেটাই যে খেলতে দিতে চান না মাশরাফিরা! সাকিব নেই, অন্যরা তো আছেন। আজ হয়তো মুস্তাফিজ বের করবেন তাঁর দুর্বোধ্য কাটার, ব্যাটিংয়েও আলো ছড়াবেন প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকা ব্যাটসম্যানরা। সুতরাং বাংলাদেশ আজই আরেকটা সিরিজ জিতছে। আসলে মনে-প্রাণে চাইছে আর কী! মনে-প্রাণে চাইলে এই বাংলাদেশ সেটি পায়।